ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ১৩-১১-২০২৬ দুপুর ২:২৫

পটুয়াখালীর দুমকিতে চলতি আমন মৌসুমে ধানের বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষকরা। উপজেলার পাঁচটি ইউনিয়নের বিস্তীর্ণ মাঠজুড়ে এখন গাঢ় সবুজের সমারোহ। হেমন্তের হিমেল হাওয়ায় দিগন্তজোড়া আমন ধানের ক্ষেত দোল খাচ্ছে। মাঠজুড়ে সবুজের এই অপরূপ দৃশ্য কৃষকের মনে জাগিয়েছে নতুন আশার সঞ্চার।

উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকরা এখন ধানখেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি পোকামাকড় ও রোগবালাই নিয়ন্ত্রণেও নিচ্ছেন প্রয়োজনীয় ব্যবস্থা। চলতি বছর আবহাওয়া অনেকটা অনুকূলে থাকায় কৃষকদের চোখেমুখে ফুটে উঠেছে সন্তুষ্টি ও আশার ঝিলিক।

দুমকি উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার শ্রীরামপুর, আংগারিয়া, মুরাদিয়া, লেবুখালী ও পাঙ্গাশিয়া—এই পাঁচটি ইউনিয়নে মোট ৬ হাজার ৬২০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে বাস্তবে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে আমন চাষ হয়েছে বলে জানা গেছে।

ইতোমধ্যে কিছু উঁচু জমিতে আগাম জাতের ধান পাকতে শুরু করেছে। অন্যদিকে অধিকাংশ জমিতে ধানের শীষ বের হয়েছে। কোথাও কোথাও ধানের শীষে দানা গজাতে শুরু করেছে। সব মিলিয়ে মাঠের বর্তমান অবস্থা দেখে ভালো ফলনের প্রত্যাশা করছেন কৃষকরা।

শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তালুকদার বাজার এলাকার কৃষক মোশারেফ হোসেন মৃধা বলেন, “এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় সময়মতো ধানের চারা রোপণ করেছি। নিয়মিত পরিচর্যার পাশাপাশি রোগবালাই প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। আশা করছি, গত বছরের তুলনায় এবার ভালো ফলন পাব।”

মুরাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কৃষক আবুল কালাম তালুকদার বলেন, “এ বছর প্রতিটি মাঠেই ধানের অবস্থা ভালো। কৃষকদের মুখে মুখে এখন ভালো ফলনের প্রত্যাশার কথা শোনা যাচ্ছে।”

আংগারিয়া ইউনিয়নের কৃষক মোতাহার শরীফ বলেন, “কিছু কিছু জমিতে পানি না থাকায় সামান্য সমস্যা দেখা দিয়েছে। তবে বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে আশা করছি, কাঙ্ক্ষিত ফলন ঘরে তুলতে পারব।”

এ বিষয়ে দুমকি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরান হোসেন বলেন, কৃষকদের আমন চাষে উদ্বুদ্ধ করতে বিভিন্ন সময় প্রশিক্ষণ ও সরকারি প্রণোদনা দেওয়া হয়েছে। এ এলাকার অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। নদী-নালা দ্বারা বেষ্টিত হওয়ায় এখানকার মাটি ধান চাষের জন্য বেশ উপযোগী।

তিনি আরও বলেন, কিছু কিছু এলাকায় পানির সংকট দেখা দিয়েছে। এ সমস্যা মোকাবিলায় কৃষকদের সাময়িকভাবে পানি সেচ দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। মাঠপর্যায়ে কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধানে নিয়মিত পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে। পোকামাকড়ের আক্রমণ প্রতিরোধে আলোক ফাঁদ ও পার্চিং পদ্ধতি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

সব মিলিয়ে আবহাওয়া অনুকূলে থাকলে চলতি আমন মৌসুমে দুমকিতে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেন এই কৃষি কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা

রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়

তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ

কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ

নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের

আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিঝুঁকি, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়