ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

ভারতে রসগোল্লা ভেবে মুখে দেওয়ার পর বোমা বিস্ফোরণ, ১ জনের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩-১১-২০২৬ দুপুর ৪:৯

ঐতিহ্যবাহী মিষ্টির আদলে তৈরি একটি দেশীয় বোমা মুখে বিস্ফোরিত হয়ে ভারতের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

শুক্রবার পুলিশ এ তথ্য জানিয়েছে।

ভারতের কিছু গ্রামীণ এলাকায় বন্য শূকর মারতে স্থানীয়ভাবে তৈরি এ ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়। 

ময়দা বা আটার খামিরের সঙ্গে বারুদ মিশিয়ে ছোট ছোট গোলাকার বস্তু তৈরি করা হয়। এসব বিস্ফোরকের বারুদ সাধারণত পটকা বা পাথর ভাঙার খনি থেকে সংগ্রহ করা হয়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

তবে দেখতে এগুলো ভারতের জনপ্রিয় মিষ্টি ‘রসগোল্লা’র মতো। রসগোল্লা নরম ও গোলাকার একধরনের মিষ্টি, যা চিনির শিরায় ডুবিয়ে তৈরি করা হয় এবং সাধারণত আস্ত অবস্থায় মুখে দিয়ে খাওয়া হয়।

নিহত ব্যক্তির নাম রাজেন্দ্র বারৌতিয়া। তার বয়স ৩৫ বছর।

মঙ্গলবার ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য মধ্যপ্রদেশের দিনদোরি জেলায় একটি আগুনের পাশে কয়েকজন গ্রামবাসীর সঙ্গে বসেছিলেন তিনি। এ সময় এক গ্রামবাসী ওই ‘মিষ্টি’ নিয়ে আসেন এবং আরেকজন সেটি রাজেন্দ্রকে দেন।

এএফপিকে পুলিশর নারী কর্মকর্তা রেখা সিং বলেন, ‘এলাকার কিছু আদিবাসী সম্প্রদায়ের মানুষ বন্য শূকর মারতে যে বোমা ব্যবহার করেন, সেটিই ওই ব্যক্তিকে খেতে দেওয়া হয়েছিল।’

পুলিশের এই নারী কর্মকর্তা আরও বলেন, বোমাটি তার মুখের ভেতরেই বিস্ফোরিত হয়।

গুরুতর আহত অবস্থায় রাজেন্দ্রকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্য ছাড়া প্রাণঘাতী অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে।

রেখা বলেন, ‘তাকে হত্যার উদ্দেশ্যেই এ কাজ করা হয়েছিল, নাকি নিছক দুষ্টুমি বা কৌতুকের ছলে ঘটনাটি ঘটানো হয়েছে— তা এখনো নিশ্চিত নয়। 

ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

সূত্র : বাসস

aliul / aliul

হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান

কোরআনে হাত রেখে শপথ নেবেন আব্দুল এল-সায়েদ

মসজিদে নববিতে যে কারণে সারা বছর চলে ইফতারির আয়োজন

ভারতে রসগোল্লা ভেবে মুখে দেওয়ার পর বোমা বিস্ফোরণ, ১ জনের মৃত্যু

তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ সেনা নিহত

বিশ্বজুড়ে মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ

সৌদিসহ ‍উপসাগরীয় দেশগুলো অনুরোধে ইরানে হামলা চালাচ্ছি না: ট্রাম্প

এনভিডিয়া কেলেঙ্কারি : অপসারণের ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক

বাহরাইনে মার্কিন ঘাঁটির রাডার সিস্টেমে ইরানের হামলা

রসগোল্লার কথা বলে খেতে দিলো ছোট বোমা, মুখে দিতেই বিস্ফোরণে মৃত্যু

দুই পরকীয়া ফাঁস : প্রধান নির্বাহী জেনসেনকে বহিষ্কার করছে এনভিডিয়া

মক্কায় ফের আছড়ে পড়ল হুথি-ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

এনডিভিয়া প্রধানের আরও এক প্রেমের সম্পর্ক ফাঁস