হাতিয়ায় প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা, অংশ নিল ১,৭৭০ শিক্ষার্থী
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১ হাজার ৭৭০ জন শিক্ষার্থী অংশ নেয়।
শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। আয়োজকদের তথ্যমতে, পরীক্ষায় মাধ্যমিক বিদ্যালয়ের ১ হাজার ১৭০ জন এবং মাদ্রাসার ৫৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকাল থেকেই নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে থাকে শিক্ষার্থীরা। তাদের উপস্থিতিতে কেন্দ্রগুলোতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। পাশাপাশি সন্তানদের উৎসাহ দিতে অভিভাবকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, এ ধরনের বৃত্তি পরীক্ষা তাদের মেধা যাচাইয়ের পাশাপাশি পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ায়। অন্য শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ তৈরি হয়। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকলে শিক্ষার্থীরা আরও উৎসাহিত হবে।
পরীক্ষা চলাকালে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দিদার হোসেন, প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্টের প্রতিষ্ঠাতা প্রকৌশলী দিদারুল ইসলাম, হাতিয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আ.ন.ম. মো. হাসান, সাধারণ সম্পাদক আবু সোলাইমান, হাতিয়া শহর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোহেল, হাতিয়া ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরেফিন আলী, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সমন তালুকদারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ সময় ট্রাস্টের প্রতিষ্ঠাতা প্রকৌশলী দিদারুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ, পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি এবং তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যেই এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। প্রত্যন্ত দ্বীপাঞ্চলের শিক্ষার্থীদের মেধা বিকাশের সুযোগ তৈরি এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে তাদের উৎসাহিত করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আরও মনোযোগী ও আত্মবিশ্বাসী করে তুলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, হাতিয়ার মতো দ্বীপাঞ্চলে ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ধরনের আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি হওয়ার পাশাপাশি মেধাবীদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে। শিক্ষাবিদ ও অভিভাবকরাও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
বিজিবির পৃথক অভিযানে ২ লাখ ১০ হাজার ইয়াবা ও ৬ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩
ভোট ও ঐকমত্যের ভিত্তিতে রায়গঞ্জে স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন
কাউনিয়ায় পুলিশের অভিযানে আটক আওয়ামী লীগ নেতা, আদালতে প্রেরণ
৫৫ বছর পর সেই রণাঙ্গনে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, আসছেন কানাইঘাট-জকিগঞ্জে
মাসে ১৫দিন অনুপস্থিত! তবুও হাজিরা খাতায় রাজ্জাকের হাজিরার সাক্ষর
কুমিল্লা কনকস্তূপ বৌদ্ধ বিহারে কঠিন চীবর ও বৌদ্ধ ধর্মীয় মহা সম্মেলন অনুষ্ঠিত
কাতার বিশ্ববিদ্যালয়ে স্বর্ণপদক পেলেন বড়লেখার আফরোজা, আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল হয়েছে দেশের নাম
ফসলের ন্যায্য মূল্য ও কৃষি উপকরণের দাম কমানোর দাবিতে নেত্রকোণায় মানববন্ধন
বাগেরহাটের রামপালে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
সুবর্ণচরে রফিকুন-নবী স্মৃতি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নালিতাবাড়ীতে ৪ হাজার ৮০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা: ৫০ জন পেলেন ঢেউটিন ও নগদ অর্থ
হাতিয়ায় প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা, অংশ নিল ১,৭৭০ শিক্ষার্থী