ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

মাসে ১৫দিন অনুপস্থিত! তবুও হাজিরা খাতায় রাজ্জাকের হাজিরার সাক্ষর


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১৪-১১-২০২৬ দুপুর ৪:৩৩

চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় অবস্থিত বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কার্যালয়ে সঠিক তদারকির অভাবে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। কর্মস্থলে টানা অনুপস্থিত থেকেও পুরো মাসের বেতন ও ওভারটাইম বিল উত্তোলন, পদবহির্ভূতভাবে ক্যাশিয়ারের দায়িত্ব পালন, অবৈধ বিদ্যুৎ সংযোগের জরিমানার অর্থ আত্মসাৎ এবং জব্দকৃত বৈদ্যুতিক তার গোপনে বিক্রির মতো গুরুতর অভিযোগ পাওয়া গেছে অফিসটির একাধিক কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে।

সংশ্লিষ্ট সূত্র ও অনুসন্ধানে জানা গেছে, সাতকানিয়া পিডিবি অফিসের নিম্নমান সহকারী (এলডিএ) আব্দুর রাজ্জাক প্রায় তিন বছর ধরে কর্মরত রয়েছেন। তাঁর মূল দায়িত্ব দাপ্তরিক চিঠিপত্র ও গ্রাহকদের অভিযোগ গ্রহণ করা হলেও আবাসিক প্রকৌশলী শোভন ভৌমিকের আস্থাভাজন হওয়ায় তিনি ক্যাশিয়ারের কক্ষে বসে প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনা করছেন।

অভিযোগ রয়েছে, আব্দুর রাজ্জাক মাসে প্রায় অর্ধেক সময় কর্মস্থলে অনুপস্থিত থাকেন এবং চলতি মাসে মাত্র চার দিন অফিস করেও হাজিরা খাতায় প্রতিদিনের স্বাক্ষর দেখিয়েছেন। এমনকি তিনি হাজিরা খাতা নিজের বাসায় নিয়ে যাওয়ায় মাসের ১৯ তারিখের আগে অন্য কর্মচারীরা খাতায় স্বাক্ষর করতে পারেন না বলে ভুক্তভোগী কর্মীরা জানিয়েছেন। পরবর্তীতে নিজেই বেতনশিট তৈরি করে আবাসিক প্রকৌশলীর স্বাক্ষরে পুরো মাসের বেতন-ভাতা উত্তোলন করেন তিনি।

অন্যদিকে, অফিসটির সাহায্যকারী (হেলপার) হোসনে মোবারক বাশার ও ফয়সালের বিরুদ্ধে পুরো সাতকানিয়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগ তদারকির নামে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। সূত্র জানায়, তাঁরা প্রতি মাসে ২০ থেকে ২৫টি অবৈধ সংযোগ শনাক্ত করলেও মাত্র চার-পাঁচটিতে সরকারিভাবে জরিমানা করেন এবং বাকিগুলোর ক্ষেত্রে গ্রাহকদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নিয়ে মাঠপর্যায়েই দফারফা করেন।

এ ছাড়া অভিযানে জব্দ করা বৈদ্যুতিক তার অফিসের লেজার বা ভাউচারে নথিভুক্ত না করে একটি গোপন কক্ষে মজুত রাখা হয় এবং পরবর্তীতে নিলাম ছাড়াই বাইরের দোকানে বিক্রি করে অর্থ ভাগ-বাঁটোয়ারা করা হয় বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি হোসনে মোবারক বাশার ছুটিতে থেকেও হাজিরা খাতায় উপস্থিতি দেখিয়ে ওভারটাইম বিল উত্তোলন করেছেন এবং অফিসের একটি দাপ্তরিক কক্ষ তাঁদের ব্যক্তিগত মোটরসাইকেল রাখার গ্যারেজ হিসেবে ব্যবহার করছেন বলেও জানা গেছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাহায্যকারী হোসনে মোবারক বাশার উত্তেজিত হয়ে বলেন, ‘অনিয়মের বিষয়ে সাংবাদিককে তথ্য দিতে আমি বাধ্য নই। আমাকে ও ফয়সালকে কেন চোরা লাইন তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে, তা আবাসিক প্রকৌশলী শোভন ভৌমিকের সঙ্গে অফিসে এসে কথা বলেন। পিডিবি অফিসে একটু-আধটু অনিয়ম হয়, সেটার জবাব আমি আপনাকে দেব না।’

এলডিএ পদে থেকেও ক্যাশিয়ারের দায়িত্ব পালনের বিষয়টি স্বীকার করে আব্দুর রাজ্জাক বলেন, ‘আমি বেশির ভাগ সময় অফিসের কাজে চট্টগ্রাম শহরে থাকি, ব্যক্তিগত কাজে নয়।’ তবে হাজিরা খাতা বাসায় নিয়ে যাওয়ার অভিযোগ অস্বীকার করলেও এ বিষয়ে অন্য কর্মীদের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডার বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।

এ বিষয়ে সাতকানিয়া পিডিবির আবাসিক প্রকৌশলী শোভন ভৌমিকের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি। স্থানীয় গ্রাহক ও সচেতন মহল সরকারি এই সেবাপ্রতিষ্ঠানে চলমান অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ৪ শতাধিক রোগী

কুষ্টিয়ায় এমপির বাড়িতে অগ্নিসংযোগ ও শ্রীমঙ্গলে ছাত্রনেতার উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে এনসিপির বিক্ষোভ ও মানববন্ধন

বিশ্ব ডায়াবেটিস দিবসে অভয়নগরে রোটারী ক্লাবের র‌্যালি ও আলোচনা সভা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি

ধুনটে বিএনপির কার্যালয়ে হামলার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

সিংড়া পৌর জামায়াতের পুনরায় আমির নির্বাচিত হলেন মাওলানা সাদরুল উলা

ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত

চট্টগ্রামে রেলের জমিতে গণির জমিদারি!

বিজিবির পৃথক অভিযানে ২ লাখ ১০ হাজার ইয়াবা ও ৬ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩

ভোট ও ঐকমত্যের ভিত্তিতে রায়গঞ্জে স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

কাউনিয়ায় পুলিশের অভিযানে আটক আওয়ামী লীগ নেতা, আদালতে প্রেরণ

৫৫ বছর পর সেই রণাঙ্গনে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, আসছেন কানাইঘাট-জকিগঞ্জে

মাসে ১৫দিন অনুপস্থিত! তবুও হাজিরা খাতায় রাজ্জাকের হাজিরার সাক্ষর