ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

৫৫ বছর পর সেই রণাঙ্গনে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, আসছেন কানাইঘাট-জকিগঞ্জে


শহিদুল ইসলাম সোহেল, সিলেট ব্যুরো photo শহিদুল ইসলাম সোহেল, সিলেট ব্যুরো
প্রকাশিত: ১৪-১১-২০২৬ দুপুর ৪:৩৪

মুফতি আবুল হাসান এমপির আমন্ত্রণে ১ ডিসেম্বর ঐতিহাসিক সফর, শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমানের কবর জিয়ারত ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শনের কর্মসূচি

সিলেট ব্যুরো: একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যে রণাঙ্গনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে অংশ নিয়েছিলেন, বিজয়ের ৫৫ বছর পর সেই স্মৃতিবিজড়িত জনপদে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। আগামী ১ ডিসেম্বর সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানের আমন্ত্রণে তাঁর কানাইঘাট ও জকিগঞ্জ সফরের কর্মসূচি রয়েছে।

সফরকালে তিনি কানাইঘাট উপজেলার সাতবাঁক পরগনার দিঘীরপার এলাকায় শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমান বীরউত্তমের কবর জিয়ারত করবেন। পাশাপাশি জকিগঞ্জ উপজেলার চারিগ্রামের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন এবং জকিগঞ্জ উপজেলা সদরে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে।

মুক্তিযুদ্ধের ইতিহাসে কানাইঘাট ও জকিগঞ্জের রয়েছে গুরুত্বপূর্ণ অবস্থান। ১৯৭১ সালে সিলেট অঞ্চলকে শত্রুমুক্ত করার অভিযানে এই দুই উপজেলার বিভিন্ন স্থানে একাধিক সম্মুখযুদ্ধ সংঘটিত হয়। এসব যুদ্ধে সরাসরি অংশ নিয়েছিলেন তৎকালীন মুক্তিযোদ্ধা মেজর হাফিজ উদ্দিন আহমদ। সম্মুখযুদ্ধে অসামান্য সাহসিকতার স্বীকৃতিস্বরূপ তিনি বীরবিক্রম খেতাবে ভূষিত হন।

বিশেষ তাৎপর্য বহন করছে শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমান বীরউত্তমের কবর জিয়ারতের কর্মসূচি। ১৯৭১ সালের ২৬ নভেম্বর কানাইঘাটের দিঘীরপার এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে এক রক্তক্ষয়ী সম্মুখযুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করে শহীদ হন ক্যাপ্টেন মাহবুবুর রহমান। যুদ্ধের পর তাঁকে সাতবাঁক ঈদগাহ মাদ্রাসার কবরস্থানে সমাহিত করা হয়। ওই যুদ্ধে মেজর হাফিজও অংশগ্রহণ করেছিলেন। ফলে শহীদ এই বীর মুক্তিযোদ্ধার কবর জিয়ারত তাঁর জন্য হবে এক আবেগঘন স্মৃতিচারণের মুহূর্ত।

স্পিকারের এই সফরের পেছনে রয়েছে জাতীয় সংসদে উঠে আসা মুক্তিযুদ্ধের স্মৃতি। চলতি বছরের ৭ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান কানাইঘাট ও জকিগঞ্জের বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণের দাবি তুলে ধরেন। বক্তব্যে তিনি এই অঞ্চলে সংঘটিত ঐতিহাসিক সম্মুখযুদ্ধ এবং মুক্তিযুদ্ধে শহীদ ও বীরত্বপূর্ণ ভূমিকা পালনকারী ব্যক্তিদের অবদানের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন।

এ সময় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ একাত্তরের রণাঙ্গনের স্মৃতিচারণ করেন এবং কানাইঘাট ও জকিগঞ্জের বিভিন্ন স্থানে তাঁর যুদ্ধকালীন অভিজ্ঞতার কথা তুলে ধরেন। পরে সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান তাঁর সঙ্গে সাক্ষাৎ করলে স্পিকার এই জনপদ সফরের আগ্রহ প্রকাশ করেন। সেই আগ্রহের ধারাবাহিকতায় এবার তাঁর এই ঐতিহাসিক সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কানাইঘাট ও জকিগঞ্জের মুক্তিযুদ্ধের ইতিহাসে বহু বীর মুক্তিযোদ্ধার অবদান জড়িয়ে রয়েছে। এই অঞ্চলের বিভিন্ন রণাঙ্গনে অসামান্য সাহসিকতার স্বীকৃতিস্বরূপ একাধিক মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় খেতাবে ভূষিত হন। তাঁদের মধ্যে বীরউত্তম, বীরবিক্রম ও বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা রয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ একাত্তরের একাধিক সামরিক কর্মকর্তা ও মুক্তিযোদ্ধার যুদ্ধকালীন স্মৃতিও এই জনপদের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত।

সংশ্লিষ্টদের মতে, স্পিকারের এই সফর শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়; বরং মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ ইতিহাস ও স্মৃতিবিজড়িত স্থানগুলোকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। একই সঙ্গে শহীদ ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের স্মৃতিচিহ্ন সংরক্ষণ, ঐতিহাসিক স্থানগুলোর যথাযথ মর্যাদা নিশ্চিত এবং কানাইঘাট-জকিগঞ্জের উন্নয়ন সম্ভাবনা জাতীয় পর্যায়ে তুলে ধরতেও সফরটি ভূমিকা রাখতে পারে।

মুক্তিযুদ্ধের বিজয়ের মাসে ৫৫ বছর পর নিজের যুদ্ধকালীন স্মৃতিবিজড়িত জনপদে ফিরে আসছেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। তাঁর এই সফরকে ঘিরে কানাইঘাট ও জকিগঞ্জের মানুষের মধ্যে ঐতিহাসিক স্মৃতি ও আবেগের নতুন সঞ্চার হবে বলে প্রত্যাশা স্থানীয়দের।

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ৪ শতাধিক রোগী

কুষ্টিয়ায় এমপির বাড়িতে অগ্নিসংযোগ ও শ্রীমঙ্গলে ছাত্রনেতার উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে এনসিপির বিক্ষোভ ও মানববন্ধন

বিশ্ব ডায়াবেটিস দিবসে অভয়নগরে রোটারী ক্লাবের র‌্যালি ও আলোচনা সভা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি

ধুনটে বিএনপির কার্যালয়ে হামলার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

সিংড়া পৌর জামায়াতের পুনরায় আমির নির্বাচিত হলেন মাওলানা সাদরুল উলা

ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত

চট্টগ্রামে রেলের জমিতে গণির জমিদারি!

বিজিবির পৃথক অভিযানে ২ লাখ ১০ হাজার ইয়াবা ও ৬ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩

ভোট ও ঐকমত্যের ভিত্তিতে রায়গঞ্জে স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

কাউনিয়ায় পুলিশের অভিযানে আটক আওয়ামী লীগ নেতা, আদালতে প্রেরণ

৫৫ বছর পর সেই রণাঙ্গনে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, আসছেন কানাইঘাট-জকিগঞ্জে

মাসে ১৫দিন অনুপস্থিত! তবুও হাজিরা খাতায় রাজ্জাকের হাজিরার সাক্ষর