ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ১৪-১১-২০২৬ বিকাল ৫:৩
 নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশকাকুনি ইউনিয়নের কলংকা গ্রামে ধলাই নদীর অব্যাহত ভাঙনে বিলীন হওয়ার শঙ্কায় রয়েছে ৭০ বছরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া দারুস সুন্নাহ শরীফপুর। নদীভাঙনে ইতোমধ্যে প্রতিষ্ঠানটির প্রায় এক একর জমি বিলীন হয়ে গেছে। বর্তমানে মূল ভবনটিও রয়েছে চরম ঝুঁকিতে। এতে অনিশ্চয়তায় পড়েছে প্রতিষ্ঠানটির ১৮৫ শিক্ষার্থীর শিক্ষাজীবন।
জানা যায়, ১৯৫৫ সালে উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা আব্দুল জব্বার (রহ.) মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। তিনি ভারতের আসামসহ পূর্বধলা বড় মসজিদ, যাত্রাবাড়ী ও গোয়াতলাসহ বিভিন্ন এলাকায় অসংখ্য মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। একসময় এই প্রতিষ্ঠানটিতে দাওরায়ে হাদিস (মাস্টার্স) পর্যন্ত পাঠদান করা হতো। ময়মনসিংহ অঞ্চলে হাদিস শিক্ষার অন্যতম প্রাণকেন্দ্র হিসেবেও পরিচিতি ছিল মাদ্রাসাটির।
তবে দীর্ঘদিন ধরে ধলাই নদীর ভাঙনে প্রতিষ্ঠানটির অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। এ পর্যন্ত তিন থেকে চার দফায় নদীভাঙনের কবলে পড়েছে মাদ্রাসাটি। প্রতিবারই এলাকাবাসী নিজেদের উদ্যোগে প্রতিষ্ঠানটি পেছনে সরিয়ে নিয়ে রক্ষা করার চেষ্টা করেছেন। কিন্তু ভাঙনের ক্ষয়ক্ষতি ও আর্থিক সংকটের কারণে একপর্যায়ে বন্ধ হয়ে যায় দাওরায়ে হাদিস বিভাগ।
বর্তমানে নানা প্রতিকূলতার মধ্যেও প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। এখানে মোট ১৮৫ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। এর মধ্যে পুরুষ শাখায় নূরানী, হিফজ ও হেদায়াতুন নাহু বিভাগে ৬৫ জন এবং মহিলা শাখায় মেশকাত বিভাগ পর্যন্ত ১২০ জন শিক্ষার্থী রয়েছে। প্রতিষ্ঠানটিতে শিক্ষক-কর্মচারী রয়েছেন ১২ জন।
সরেজমিনে দেখা যায়, ধলাই নদীর ভাঙন মাদ্রাসার মূল ভবনের একেবারে কাছাকাছি পৌঁছে গেছে। নদী থেকে ভবনটির দূরত্ব মাত্র ২০ থেকে ২৫ হাত। ভবনের নিচের মাটি সরে যাওয়ায় বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। যেকোনো সময় ভবনটি নদীগর্ভে ধসে পড়ার আশঙ্কা করছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।
মাদ্রাসার মুহতামিম মাওলানা সুজাউল্লাহ আল-গালিব বলেন, “আমি নিজ চোখে প্রতিদিন নদীভাঙন দেখছি। এটি শুধু একটি মাদ্রাসা নয়, এটি পূর্বধলার ইতিহাস ও ঐতিহ্যের অংশ। এখানে ১৮৫ জন এতিম ও অসহায় শিক্ষার্থীর শিক্ষাজীবন জড়িত। তাদের ভবিষ্যৎ নিয়ে আমরা চরম উদ্বেগের মধ্যে রয়েছি। দুঃখজনক বিষয়, এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড কিংবা প্রশাসনের পক্ষ থেকে কেউ এসে পরিস্থিতি সরেজমিনে দেখেননি।”
স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে নদীভাঙন রোধে বাঁধ নির্মাণ অথবা ব্লক স্থাপন করতে হবে। অন্যথায় শত বছরের কাছাকাছি সময় ধরে গড়ে ওঠা এই দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানটি একদিন ধলাই নদীর গর্ভে হারিয়ে যেতে পারে।
তাই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি রক্ষায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এমএসএম / এমএসএম

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা

২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা

পাঁচবিবির খাসবাগুড়ী ফকিপাড়া মাহফিলে মেয়র প্রার্থী শামীম হোসেনের ৩০ হাজার টাকার সহায়তা প্রদান

কালিয়ায় বিআরডিবির ঋণ আদায়ে দুর্ণীতি ও স্বেচ্ছাচারিতায় হয়রানির শিকার ভুক্তভোগীদের ইউএনও’র কাছে অভিযোগ