ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট


হারুন অর র‌শিদ রাজু, দামুড়হুদা photo হারুন অর র‌শিদ রাজু, দামুড়হুদা
প্রকাশিত: ১৪-১১-২০২৬ বিকাল ৫:১৩

চুয়াডাঙ্গার দামুড়হুদা, দর্শনা ও জীবননগর সীমান্ত এলাকায় নিয়মিত অভিযানে কোটি কোটি টাকার স্বর্ণ ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং বাহক আটক হলেও থামছে না চোরাচালান। এপার থেকে ভারতে পাচার হচ্ছে স্বর্ণ, আর ওপার থেকে দেশে ঢুকছে ফেনসিডিল, গাঁজা, ইয়াবাসহ ট্যাপেন্টাডল, বুপ্রেনরফাইন ইনজেকশন ও বিভিন্ন নেশাজাতীয় সিরাপ। স্থানীয়দের অভিযোগ, পাচারের কৌশল ও বাহক বদলালেও নেপথ্যে থেকে দীর্ঘদিনের পুরোনো সিন্ডিকেট ও হুন্ডি কারবারিরাই এই অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণ করছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত দক্ষিণ-পশ্চিম রিজিয়নের প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় বিভিন্ন অভিযানে ১৫২ জনকে আটক করা হয়েছে। এ সময় ৫২ কোটি ৯ লাখ টাকার চোরাচালানি পণ্য এবং ৩০ কোটি ২৬ লাখ টাকার মাদকদ্রব্যসহ মোট ৮২ কোটি ৩৫ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ৯ কেজি স্বর্ণ, পাঁচটি আগ্নেয়াস্ত্র, ছয়টি গুলি, ২ হাজার ৯৪৬ বোতল মদ, ১ হাজার ১৬ বোতল ফেনসিডিল, ৭ কেজি ক্রিস্টাল মেথ, ১৮৯ কেজি গাঁজা, ৬১ হাজার ২৬০টি ইয়াবা এবং ৩ লাখ ২ হাজার ২২৮টি অন্যান্য নেশাজাতীয় ট্যাবলেট।

এ ছাড়া গত ১ আগস্ট দর্শনার পারকৃষ্ণপুর সীমান্তে ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের ৩৯টি স্বর্ণের বার (৬ কেজি ৯৬৮ গ্রাম) এবং ১৭ অক্টোবর দামুড়হুদার মুন্সিপুর সীমান্তে ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের ছয়টি স্বর্ণের বারসহ (৭০০ গ্রাম) দুজনকে আটক করে বিজিবি। পাশাপাশি গত অক্টোবর ও নভেম্বর মাসে জীবননগর ও দর্শনার বিভিন্ন এলাকায় পুলিশ ও বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ উইনকোরেক্স, এসকফ সিরাপ, গাঁজা ও ইয়াবাসহ একাধিক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

সংশ্লিষ্ট ও স্থানীয় সূত্রে জানা গেছে, দর্শনা, নাস্তিপুর, ঝাঁঝাডাঙ্গা ও কামারপাড়া সীমান্তে স্বর্ণ চোরাচালান ও চালান গায়েবকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অপহরণ, নির্যাতন ও হত্যাকাণ্ডের মতো ঘটনাও ঘটে চলেছে। ২০০৭ সালে লোকনাথপুরে প্রায় ১৩ কেজি স্বর্ণের চালান আটকের জেরে সিঅ্যান্ডএফ এজেন্ট সাইফুল ইসলামকে গুলি করে হত্যা করা হয়। ২০২১ সালের ২৮ ডিসেম্বর দামুড়হুদার নাস্তিপুরে বিজিবির সোর্স সন্দেহে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যা করা হয় হযরত আলী বিশ্বাসকে। ২০২৩ সালের ৮ অক্টোবর নাস্তিপুরের মাথাভাঙ্গা নদী থেকে মিরাজ হোসেন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়, যার শরীরে ৬৮টি স্বর্ণের বার (১০ কেজি ২৬৩ গ্রাম) বাঁধা ছিল।

সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে ২০২৫ সালের অক্টোবরে। জীবননগরের গোয়ালপাড়া ও বগার মাঠ এলাকায় প্রায় ৫ কেজি ওজনের ৫০টি স্বর্ণের বার গায়েব হওয়ার জেরে শফিকুল ইসলাম, আনারুল ইসলাম, হাসান মিয়া, আবুল হোসেন ও স্বপন ইসলাম নামে পাঁচজনকে অপহরণ করা হয়। যশোরের ঝিকরগাছার একটি খামারবাড়িতে আটকে রেখে নির্যাতনের একপর্যায়ে শফিকুল ইসলামের চারটি আঙুল কেটে দেয় অপহরণকারীরা। পরে ৫ নভেম্বর চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিশেষ অভিযানে তাঁদের উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের অভিযোগ, দর্শনা, জয়নগর, শ্যামপুর ও কামারপাড়া এলাকার একাধিক প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে স্বর্ণ, মাদক ও হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত। এর মধ্যে কামারপাড়া গ্রামের আব্দুস সামাদ ও আলীহীমের নাম স্থানীয়ভাবে বেশ আলোচিত। চলতি বছরের ২০ জুন আব্দুস সামাদের কণ্ঠে স্বর্ণ পাচার ও চালান-সংক্রান্ত একাধিক অডিও-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও তিনি এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।

সচেতন মহলের মতে, সীমান্তে কেবল বাহকদের গ্রেপ্তার করলেই চলবে না; স্বর্ণ ও মাদকের মূল অর্থদাতা, মজুতদার এবং হুন্ডি নেটওয়ার্কের হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। স্বর্ণ ও মাদক চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসারের সমন্বয়ে যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা

২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা

পাঁচবিবির খাসবাগুড়ী ফকিপাড়া মাহফিলে মেয়র প্রার্থী শামীম হোসেনের ৩০ হাজার টাকার সহায়তা প্রদান