ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ১৪-১১-২০২৬ বিকাল ৫:৪৪

মৌসুমের প্রথম কুয়াশা আর হিমেল হাওয়া ছোঁয়া না পেতেই রাজশাহীর গ্রামীণ জনপদে শুরু হয়ে গেছে শীতের আমেজ। এরসঙ্গেই ঐতিহ্যবাহী খেজুর রস সংগ্রহের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন জেলার গাছিরা। ইতোমধ্যে অনেক এলাকার গাছ পরিচর্যা, ডালপালা ছাঁটাই এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ করেছেন তাঁরা। আর মাত্র কয়েক দিন বাদেই গাছ থেকে ফোঁটায় ফোঁটায় ঝরবে সুস্বাদু মিষ্টি খেজুরের রস, যা দিয়ে তৈরি হবে খাঁটি গুড় ও পাটালি।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, রাজশাহী জেলায় বর্তমানে ১১ লাখেরও বেশি খেজুর গাছ রয়েছে। প্রতিটি পূর্ণাঙ্গ গাছ থেকে মৌসুমে গড়ে ২০ থেকে ২৫ লিটার রস পাওয়া যায়, যা থেকে প্রায় ৮ থেকে ১০ কেজি গুড় উৎপাদিত হয়। জেলার বাঘা, চারঘাট, পুঠিয়া, বানেশ্বর ও ঝলমলিয়া হাটকে কেন্দ্র করে জমে ওঠে গুড়ের বেচাকেনা। স্থানীয় চাহিদা মিটিয়ে এই সুস্বাদু গুড় এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে।

বিশেষ করে বাঘা উপজেলা দীর্ঘকাল ধরে খাঁটি খেজুরের গুড়ের জন্য দেশজুড়ে বিশেষ সুনাম অর্জন করেছে। শীতের সময়ে এখানকার রস ও গুড়কে কেন্দ্র করে পুরো এলাকায় এক উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়।

পাকুড়িয়া গ্রামের স্থানীয় গাছি আব্দুল করিম জানান, তাঁর নিজস্ব ১৫০টি খেজুর গাছ রয়েছে। প্রতি বছর শীতকালে গুড় বিক্রি করে ভালো লাভ পান তিনি। বিগত কয়েক বছর ধরে বাজারে গুড়ের দাম ভালো থাকায় বেশ লাভবান হচ্ছেন গাছিরা।

গাছিদের ভাষ্যমতে, রস সংগ্রহের জন্য প্রথমে গাছের শুকনো ডালপালা কেটে পরিষ্কার করা হয়। এরপর গাছের মাথা বা নির্দিষ্ট অংশ সুনিপুণভাবে চেঁছে রস ঝরার উপযোগী করা হয়। নির্দিষ্ট প্রক্রিয়া শেষে গাছে মাটির হাঁড়ি বা পাত্র ঝুলিয়ে দেওয়া হয়। সাধারণত বিকেলে হাঁড়ি বাঁধার পর ভোরে তা নামিয়ে সংগ্রহ করা হয় কাঙ্ক্ষিত মিষ্টি রস। সংগৃহীত এই রস বড় কড়াইয়ে দীর্ঘ সময় জ্বাল দিয়ে তৈরি হয় খাঁটি খেজুরের গুড় ও নানা আকারের পাটালি। শীতের পিঠাপুলি, পায়েসসহ হরেক রকমের মুখরোচক খাবার তৈরিতে এই গুড়ের জুড়ি মেলা ভার।

বাঘা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে গত বছরের তুলনায় ৪ হাজার গাছ বেড়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজারে। বরেন্দ্র অঞ্চলের উর্বর মাটি এবং কৃষকদের কৌশলগত চাষাবাদের কারণে এখানে ফসলের পাশাপাশি খেজুর গাছের ঐতিহ্যও টিকে রয়েছে।

তবে ঐতিহ্য বজায় রাখার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জও রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে পেশাদার গাছির সংখ্যা এবং অনেক এলাকায় খেজুর গাছের পরিমাণ কমে যাওয়ায় স্থানীয়দের মধ্যে কিছুটা উদ্বেগ রয়েছে। তাঁদের মতে, এই ঐতিহ্য টিকিয়ে রাখতে নতুন করে খেজুর গাছ রোপণ এবং গাছিদের প্রয়োজনীয় প্রণোদনা দেওয়া জরুরি।

এদিকে, রস সংগ্রহ পুরোপুরি শুরুর আগেই কিছু অসাধু ব্যবসায়ী কারখানায় ভেজাল গুড় তৈরি করে খাঁটি গুড়ের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি আমলে নিয়ে ইতোমধ্যে বাঘা উপজেলার বিভিন্ন গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন।

বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, বরেন্দ্র অঞ্চলের উর্বর ভূমির কারণে বাঘায় সব ধরনের ফসল ভালো হয় এবং কৃষকরা অত্যন্ত কৌশলগতভাবে চাষাবাদ করেন। বাঘার খেজুরের গুড়ের দেশজোড়া যে সুনাম রয়েছে, তা রক্ষায় উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে গাছিদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

এমএসএম / এমএসএম

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা

২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা