ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেউতান বিল দখল হস্তান্তরের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে


সুনামগঞ্জ প্রতিনিধি photo সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১১-২০২৬ দুপুর ২:৪৮

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের সরকারি জলমহাল ‘দেউতান বিল’-এর ইজারা ও দখল হস্তান্তর নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকা সত্ত্বেও বৈধ ইজারাদার একতা মৎস্যজীবী সমবায় সমিতির লোকজনকে সরিয়ে দিয়ে শাহপুর-গোলামীপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আব্দুল মালেকের কাছে জলমহালের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদকের বিরুদ্ধে।

ক্ষতিগ্রস্ত একতা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি পরান দাস অভিযোগ করেন, সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা অনুসরণ করে এবং নিয়ম অনুযায়ী রাজস্ব পরিশোধ করে তাঁরা দেউতান বিলের ইজারা পেয়েছেন। এ জলমহাল নিয়ে উচ্চ আদালতে রিট পিটিশন (নং-১২৭৪১/২০২৪) ও আপিল বিভাগে মামলা (নং-৪১৬১/২০২৫) বিচারাধীন রয়েছে এবং আদালতের নিষেধাজ্ঞা জারি আছে। কিন্তু কোনো লিখিত প্রশাসনিক আদেশ ছাড়াই ইউএনও শিল্পী রাণী মোদকের উপস্থিতিতে ও মৌখিক নির্দেশনায় তাঁদের পাহারাদারদের বের করে দিয়ে আব্দুল মালেকের হাতে বিলটির দায়িত্ব তুলে দেওয়া হয়।

পরান দাস আরও অভিযোগ করেন, আদালতের আদেশ অমান্য করে দখলদার আব্দুল মালেক ও ওয়াসিম মিয়া গং প্রতিনিয়ত অবৈধ কারেন্ট জাল, রিং জাল ও পোনা জাল ব্যবহার করে মৎস্য আহরণ করছেন। এ ছাড়া বিলে ছাড়া কয়েক লাখ টাকার মাছ লুটপাট এবং রক্ষণাবেক্ষণের বাঁশ-কাঁটা তুলে বিক্রি করে দেওয়ায় বৈধ ইজারাদারেরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এ ঘটনায় সাধারণ মৎস্যজীবীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

আইনজীবী ও স্থানীয় সচেতন মহলের মতে, কোনো জলমহাল নিয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকলে সংশ্লিষ্ট সব পক্ষেরই তা মেনে চলা বাধ্যতামূলক। প্রশাসনের কোনো পদক্ষেপ আদালতের আদেশের সঙ্গে সাংঘর্ষিক কি না, তা খতিয়ে দেখা জরুরি।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আব্দুল মালেক ও ওয়াসিম মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা কল রিসিভ করেননি।

এ বিষয়ে জানতে চাইলে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী বলেন, দেউতান বিলের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা ভূমি অফিসের নাজিরকে নির্দেশ দেওয়া হয়েছে।

ভুক্তভোগী মৎস্যজীবীরা দেউতান জলমহালের ইজারাসংক্রান্ত কাগজপত্র ও উচ্চ আদালতের আদেশের আলোকে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে বৈধ ইজারাদারের অধিকার নিশ্চিত করা এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এমএসএম / এমএসএম

ককটেল-পেট্রোল বোমাসহ ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

বিশ্বের ৬ দেশের ক্কারীদের অংশগ্রহনে পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত

রায় বাস্তবায়ন ও বকেয়া বেতনের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেউতান বিল দখল হস্তান্তরের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

বাঘায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে ১লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করলেন এসিল্যান্ড নুসরাত জাহান

রায়গঞ্জে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন নীতিমালা বিষয়ক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত

নন্দীগ্রামে সংখ্যালঘু পরিবারের প্রায় এক একর জমি জবর দখলের অভিযোগ

বরগুনায় প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরে নিহতদের স্মরণে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

গাজীপুরে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ‘কানা শামীম’ গ্রেপ্তার

নড়াইলে জোরপূর্বক জমি দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন

বারহাট্টায় শুকনো প্রায় জলাশয়ে মাছ ধরার ধুম

শেরপুরে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

জকিগঞ্জে বিজিবির বিশেষ অভিযান: ১২ লাখ টাকার বেশি ভারতীয় অবৈধ পণ্য জব্দ