ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

এসপির নাম ভাঙিয়ে প্রবাসীর ২ লাখ টাকা ঘুষ নিলেন পিবিআই কর্মকর্তা রুহুল!


বেলাল উদ্দিন photo বেলাল উদ্দিন
প্রকাশিত: ১৫-১১-২০২৬ দুপুর ৩:৩৫

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম জেলার সাবেক এবং বর্তমানে নৌ পুলিশে কর্মরত ইন্সপেক্টর রুহুল আমিনের বিরুদ্ধে ক্ষমতার চরম অপব্যবহার, ভয়ভীতি প্রদর্শন, সুকৌশলে জালিয়াতি এবং দুই লাখ টাকা ঘুষ আদায়ের এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। আদালতের একটি গুরুত্বপূর্ণ মামলার তদন্তের নামে প্রবাসীর কষ্টার্জিত অর্থ হাতিয়ে নেওয়ার পর সেই মামলারই প্রতিবেদন বাদীর বিপক্ষে দাখিল করেছেন এই পুলিশ কর্মকর্তা। ভুক্তভোগী প্রবাসী শহিদুল ইসলামের পক্ষে পুলিশ হেডকোয়ার্টার্সের ‘আইজিপি কমপ্লেইন সেল’-এ দাখিল করা একটি আনুষ্ঠানিক লিখিত অভিযোগ থেকে এসব চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, পুলিশ কর্মকর্তা ইন্সপেক্টর রুহুল আমিন বর্তমানে নৌ পুলিশে কর্মরত রয়েছেন (বিপি-৭৫৯৫০৫৬১৫৭)। অন্যদিকে, ন্যায়বিচার বঞ্চিত হয়ে দ্বারে দ্বারে ঘুরছেন চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার কুলাল পাড়ার বাসিন্দা, প্রবাসী শহিদুল ইসলাম।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, লোহাগাড়ার একটি ভূমি বিরোধ সংক্রান্ত ঘটনায় বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চট্টগ্রাম থেকে প্রেরিত সি.আর. মামলা নং-২৮৫/২০২৪ (লোহাগাড়া)-এর তদন্তের দায়িত্ব অর্পিত হয়েছিল পিবিআই চট্টগ্রাম জেলার তৎকালীন ইন্সপেক্টর রুহুল আমিনের ওপর। তদন্তভার গ্রহণের পর থেকেই মামলাটি আইনানুগভাবে নিষ্পত্তি করার পরিবর্তে নিজের ব্যক্তিস্বার্থ হাসিল এবং অবৈধ অর্থ উপার্জনের হাতিয়ারে পরিণত করেন এই তদন্ত কর্মকর্তা। অনুসন্ধানের নামে তিনি বাদী ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন অজুহাতে দফায় দফায় হয়রানি করেন এবং একাধিকবার সরেজমিন তদন্তের কথা বলে যাতায়াত ও আপ্যায়ন খরচের নাম করে পকেট থেকে টাকা বের করে নেন। কিন্তু মামলার পরিস্থিতি যখন চূড়ান্ত রূপ ধারণ করে, তখন তদন্ত কর্মকর্তা রুহুল আমিন তার আসল রূপ ধারণ করেন। তিনি বাদীর নিকট দাবি করেন, এই মামলার বিবাদীপক্ষের ব্যক্তিরা অত্যন্ত প্রভাবশালী এবং সরকারি চাকরিজীবী, যাদের মধ্যে একজন খোদ পুলিশ সদস্য এবং অন্যজন ডাক বিভাগের উচ্চপদস্থ বিসিএস কর্মকর্তা। এই প্রভাবশালী বিবাদীপক্ষ পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ সুপারকে নানাভাবে প্রভাবিত করার অপচেষ্টা চালাচ্ছেন বলে বাদীকে ভয়ভীতি দেখানো হয়। মামলার মোড় ঘুরিয়ে দিতে এবং পুলিশ সুপারকে ম্যানেজ করার কথা বলে তদন্ত কর্মকর্তা অত্যন্ত সুকৌশলে বাদীর নিকট থেকে মোটা অঙ্কের ঘুষ দাবি করেন। তদন্ত প্রতিবেদন বাদীর অনুকূলে দেওয়ার লোভ দেখিয়ে তিনি দুই লাখ টাকা উৎকোচ দাবি করে বসেন।

তদন্তকারী কর্মকর্তার ক্ষমতার প্রভাব এবং তার আশ্বাসের ওপর ভিত্তি করে চরম মানসিক চাপে পড়েন ভুক্তভোগী প্রবাসী শহিদুল ইসলাম। শেষ পর্যন্ত নিজের জীবনের কষ্টার্জিত সঞ্চয় ও প্রবাসের ঘামঝরানো কামাই থেকে অভিযুক্ত কর্মকর্তার চাহিদা মেটাতে বাধ্য হন তিনি। অভিযোগে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ইন্সপেক্টর রুহুল আমিন বিভিন্ন অজুহাতে ও সুনির্দিষ্ট তারিখগুলোতে সরাসরি নগদ অর্থের মাধ্যমে মোট দুই লাখ টাকা হাতিয়ে নেন। চলতি বছরের ১৩ জানুয়ারি  প্রথম দফায় ২০ হাজার টাকা নেওয়ার মাধ্যমে এই ঘুষ লেনদের সূচনা হয়। পরবর্তীতে ২৬ ফেব্রুয়ারি আরও ২০ হাজার টাকা, ৮ মার্চ ৬০ হাজার টাকা, ১৫ এপ্রিল ৫৫ হাজার টাকা এবং সর্বশেষ ১৯ মে ৪৫ হাজার টাকা নগদ প্রদান করা হয়। এভাবে বিভিন্ন কিস্তিতে সর্বমোট দুই লাখ টাকা পুরোপুরি বুঝে নেন ইন্সপেক্টর রুহুল আমিন।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, কাঙ্ক্ষিত পুরো দুই লাখ টাকা বুঝে নেওয়ার পরই ইন্সপেক্টর রুহুল আমিনের আসল চরিত্র ও পেশাগত দেউলিয়াপনা প্রকাশ পায়। তিনি বাদীর সাথে চরম বিশ্বাসঘাতকতা করেন এবং বিন্দুমাত্র অনুকম্পা না দেখিয়ে গোপনে আদালতের নিকট বাদীর প্রতিকূলে একটি একপাক্ষিক তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এই বিষয়ে বাদী বা তার পরিবারের কাউকেই কোনো ধরনের তথ্য দেওয়া হয়নি। পরবর্তীতে মামলার নির্ধারিত তারিখে আদালতের কার্যক্রমের খোঁজখবর নিতে গিয়ে নিয়োজিত আইনজীবীর মাধ্যমে বাদী জানতে পারেন, তার বিরুদ্ধে পিবিআই থেকে চূড়ান্ত প্রতিবেদন বা নেতিবাচক প্রতিবেদন দাখিল করা হয়েছে। পায়ের তলার মাটি সরে যাওয়ার অবস্থা হলে ভুক্তভোগী দ্রুত সেই কর্মকর্তার সাথে যোগাযোগের প্রাণপণ চেষ্টা চালান। কিন্তু ইন্সপেক্টর রুহুল আমিন তার ফোন নম্বরটি ব্লক করে দেন এবং কোনোভাবেই যোগাযোগ রাখেননি। পরবর্তীতে ভুক্তভোগী সরাসরি পিবিআই চট্টগ্রাম জেলা কার্যালয়ে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারেন, দুর্নীতি ও নানা গুঞ্জনের মধ্য দিয়ে তিনি নৌ পুলিশে বদলি হয়ে গেছেন। এরপর বহুবার বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করা হলেও তিনি আত্মসাৎকৃত একটি পয়সাও ফেরত দেননি এবং বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন।

এই বিষয়ে ভুক্তভোগী প্রবাসী শহিদুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন,"আমি একজন প্রবাসী মানুষ, মাথার ঘাম পায়ে ফেলে জমানো টাকাগুলো এই পুলিশ কর্মকর্তার হাতে তুলে দিয়েছিলাম এই ভরসায় যে তিনি ন্যায়বিচার করবেন। কিন্তু তিনি আমারো সাথে চরম প্রতারণা করে টাকাগুলো পকেটস্থ করেছেন এবং আদালতে মিথ্যা প্রতিবেদন দিয়েছেন। আমি আইজিপি মহোদয়ের কাছে এর সঠিক বিচার চাই এবং আমার কষ্টের টাকা ফেরত চাই।"

ভুক্তভোগী শহিদুল ইসলাম জানিয়েছেন, তিনি জীবিকার তাগিদে এবং কর্মসংস্থানের দায়ে যেকোনো মুহূর্তে পুনরায় দেশের বাইরে অর্থাৎ প্রবাসে ফিরে যাবেন। তবে প্রবাসে চলে গেলেও তিনি এই দুর্নীতির বিরুদ্ধে এবং নিজের কষ্টার্জিত অর্থ উদ্ধারের লড়াই থামাবেন না। নিজের অনুপস্থিতিতে এই অভিযোগ সংক্রান্ত সার্বিক তদারকি, দাপ্তরিক যোগাযোগ, যেকোনো আইনগত কার্যক্রম পরিচালনা করার জন্য তিনি তার এক খালাতো ভাইকে মনোনীত প্রতিনিধি হিসেবে নিযুক্ত করেছেন।

এদিকে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ইন্সপেক্টর রুহুল আমিনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ হেডকোয়ার্টার্সের দায়িত্বশীল একটি সূত্র নাম প্রকাশ না করার অনুরোধে জানিয়েছে, আইজিপি কমপ্লেইন সেলে এ ধরনের একটি সুনির্দিষ্ট লিখিত অভিযোগ জমা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে পুলিশের সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, "আইজিপি কমপ্লেইন সেলে প্রাপ্ত অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক অনুসন্ধানে সত্যতা প্রমাণিত হলে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

অভিযোগের বিষয়ে জানতে পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এম. কে. এইচ. মো. জাহাঙ্গীর হোসেনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। পাশাপাশি হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়ে তাঁর বক্তব্য জানতে চাওয়া হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

সংবাদ পরিবেশনে সাংবাদিকদের নিরপেক্ষ ও দায়িত্বশীল থাকার আহ্বান এমপি নুরুল আমিনের

ধনু নদে ৪৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় কফি পাউডার জব্দ, আটক ২

ঘিওর এলিভেন ব্রাদার্সের ৫০ বছর পূর্তিতে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ঘোড়াঘাটে নিজ বাড়ির গেটের সামনে থেকে প্রবাসীর মরদেহ উদ্ধার

এসপির নাম ভাঙিয়ে প্রবাসীর ২ লাখ টাকা ঘুষ নিলেন পিবিআই কর্মকর্তা রুহুল!

ভূরুঙ্গামারীতে নারী কর্মী নিয়োগ দিচ্ছে এলজিইডি

নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন, ডিলারশিপ বাতিল ও গ্রেপ্তারের দাবি

পত্নীতলায় প্রতিপক্ষের রাসায়নিক প্রয়োগে পুড়লো দেড় বিঘা জমির ধান

ককটেল-পেট্রোল বোমাসহ ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

বিশ্বের ৬ দেশের ক্কারীদের অংশগ্রহনে পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত

রায় বাস্তবায়ন ও বকেয়া বেতনের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেউতান বিল দখল হস্তান্তরের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

বাঘায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে ১লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করলেন এসিল্যান্ড নুসরাত জাহান