ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

লাল শাপলার মায়াবী হাতছানি খাগড়াছড়ির হাজাছড়া বিলে


আল-মামুন,খাগড়াছড়ি photo আল-মামুন,খাগড়াছড়ি
প্রকাশিত: ১৫-১১-২০২৬ দুপুর ৪:২৩

পাহাড়ের বুকজুড়ে সবুজের সমারোহ, আর তার মাঝেই বিস্তীর্ণ জলরাশিতে ফুটে থাকা হাজারো লাল শাপলা যেন প্রকৃতির মায়াবী ক্যানভাস। ভোরের আলোয় শিশিরভেজা শাপলার পাপড়ি, শান্ত জলরাশি আর জলজ প্রাণীর বিচরণে এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়েছে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার হাজাছড়া বিলে। প্রাকৃতিক এই নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমী ও পর্যটকেরা।

দীঘিনালা উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে মেরুং বাজার। সেখান থেকে পূর্ব দিকে মাইনী নদী পেরিয়ে প্রায় আধা কিলোমিটার এগোলেই দেখা মেলে স্থানীয়ভাবে ‘ছোট হাজাছড়া ডেবা’ নামে পরিচিত এই জলাভূমির। প্রায় ২০ একর আয়তনের বিলটির পাঁচ থেকে সাত একর এলাকাজুড়ে বিস্তৃত লাল শাপলার সমারোহ। প্রতি বছর সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বিলে শাপলা ফোটে। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে গত দুই বছরে এখানে পর্যটকের সমাগম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ভোরের নরম আলোয় লাল শাপলার পাপড়িতে জমে থাকা শিশিরবিন্দু মুক্তার মতো ঝলমল করে। এ সময় কেউ নৌকায় চড়ে বিলের সৌন্দর্য উপভোগ করেন, আবার কেউ ব্যস্ত থাকেন ছবি তোলা ও ভিডিও ধারণে। দর্শনার্থী জাকির হোসেন, আলোকচিত্রী সোহেল এবং মাইসছড়ি থেকে ঘুরতে আসা হালিম জানান, পাহাড়ের বুকে এমন শাপলা বিল সত্যিই অনন্য। তবে শাপলার প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই ভোরে আসতে হবে।

সৌন্দর্যের পাশাপাশি হাজাছড়া বিল স্থানীয় মানুষের জীবন-জীবিকারও অন্যতম উৎস। এখান থেকে শাপলা সংগ্রহ ও মাছ ধরে অনেকেই সংসার চালান। এ ছাড়া শুষ্ক মৌসুমে পানি কমে গেলে বিলের কিনারায় ধান চাষ করেন স্থানীয় কৃষকেরা। বিলটির মালিক জাহাঙ্গীর আলম দুলাল জানান, দর্শনার্থীদের সুবিধার্থে ইতিমধ্যে নৌকার ব্যবস্থা রাখা হয়েছে এবং ভবিষ্যতে ভাসমান রেস্তোরাঁ, ওয়াচ টাওয়ার ও প্যাডেল বোট চালুর পরিকল্পনা রয়েছে।

দীঘিনালা হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ মো. আবুল খায়ের জানান, লাল শাপলার বৈজ্ঞানিক নাম ‘নিমফিয়া রুব্রা’ (Nymphaea rubra), যা সাধারণত রাতে ফোটে এবং রোদের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে পাপড়ি বন্ধ হতে থাকে। সিএইচটি বায়োডাইভারসিটি কনজারভেশন ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা নির্বাহী সবুজ চাকমা পর্যটন বিকাশের পাশাপাশি জলাশয়ের স্বাভাবিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা ও সদস্য মোশাররফ হোসেন জানান, মেরুং-হাজাছড়া-মারিশ্যা সড়কের উন্নয়নকাজ শেষ হলে অংশীজনদের সঙ্গে আলোচনা করে এখানে পরিবেশবান্ধব পর্যটন অবকাঠামো গড়ে তোলা হবে। দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, বিষয়টি বিস্তারিত জেনে বিলের উন্নয়নে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

লাল শাপলার মায়াবী হাতছানি খাগড়াছড়ির হাজাছড়া বিলে

পাবনায় পাঁচ ইটভাটায় যৌথ অভিযান ১৯.৫০ লক্ষ টাকা জরিমানা আদায়

প্রশাসনের অভিযান সত্বেও সিংড়ায় ১১ বিঘা ফসলি জমিতে পুকুর খনন চলছে

রপ্তানি বহুমুখীকরণে গুরুত্ব দিতে হবে: সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

লাকসামে মানবতার ব্লাড ব্যাংক স্বেচ্ছোসেবা সংগঠনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তারাগঞ্জে চলন্ত নৈশকোচ থেকে ফেলে ০২ যাত্রীর মৃত্যু-আহত-০১

সুপেয় পানি ব্যবস্থা নিশ্চিতকরাসহ জলবায়ু সংকট নিরসনের দাবীত বাগেরহাটে মানব বন্ধন কর্মসুচী

সিলেটের কানাইঘাটে ১২ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করল বিজিবি

নন্দীগ্রামে সংখ্যালঘু পরিবারের প্রায় এক একর জমি জবর দখলের অভিযোগ

কালাইয়ে বোর্ড বই বিক্রির অভিযোগ, প্রধান শিক্ষককে শোকজ

মিয়ানমার থেকে প্রবেশের পথে নাফ নদীতে ৪ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ