দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
পটুয়াখালীর দশমিনা উপজেলায় গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুদান না দেওয়ায় বাংলাদেশ কৃষি ব্যাংকের একটি শাখায় হামলা, ভাঙচুর ও ব্যবস্থাপককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আলীপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের সভাপতি মো. আসাদুল দফাদার ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে।
রোববার (১৫ নভেম্বর ২০২৬) দুপুর ১২টার দিকে উপজেলার আলীপুর ইউনিয়নের চাঁদপুর বাজারস্থ কৃষি ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সন্ধ্যায় চাঁদপুর বাজারে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।
ব্যাংক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২৭ অক্টোবর আলীপুর ইউনিয়ন সভাপতি মো. আসাদুল দফাদার কৃষি ব্যাংক চাঁদপুর শাখার ব্যবস্থাপক মো. সোহাগ হোসেনের কাছে একটি আমন্ত্রণপত্র দিয়ে আর্থিক সহযোগিতা চান। রোববার সকাল ১১টার দিকে আসাদুল দফাদারের পাঠানো পাঁচ-ছয়জন নেতা-কর্মী ব্যাংকে গিয়ে অনুদানের টাকা দাবি করেন। এ সময় দাপ্তরিক কোনো বরাদ্দ না থাকার বিষয়টি বুঝিয়ে ব্যবস্থাপক তাঁদের চা আপ্যায়ন করে বিদায় দেন।
প্রত্যক্ষদর্শী ও ব্যাংকের নিরাপত্তাপ্রহরী মো. লিটন জানান, এর প্রায় এক ঘণ্টা পর দুপুর ১২টার দিকে আসাদুল দফাদার ও রাকিবসহ সাত-আটজন নেতা-কর্মী ব্যাংকে প্রবেশ করে ব্যবস্থাপকের সঙ্গে অশ্লীল ভাষায় উচ্চবাচ্য শুরু করেন। ব্যবস্থাপক তাঁদের শান্ত করার চেষ্টা করলে আসাদুল দফাদার ক্ষিপ্ত হয়ে টেবিলে সজোরে থাপ্পড় দিয়ে ওপরের কাচ ভেঙে ফেলেন। যাওয়ার সময় তাঁরা ব্যবস্থাপককে ব্যাংকের বাইরে দেখে নেওয়ার হুমকি দেন।
কৃষি ব্যাংক চাঁদপুর শাখার ব্যবস্থাপক মো. সোহাগ হোসেন জানান, সরকারি প্রতিষ্ঠানে এ ধরনের অনুদানের কোনো খাত না থাকায় তিনি তাঁদের বুঝিয়ে বলেছিলেন। কিন্তু পরবর্তীতে লোকজন নিয়ে এসে কার্যালয়ের টেবিলের কাচ ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য ফখরুল ইসলাম ও স্থানীয় বাসিন্দা সাইদ আলী খান মোহন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, একটি সরকারি ব্যাংকে ঢুকে চাঁদা বা অনুদানের দাবিতে ভাঙচুর চালানো অত্যন্ত ঘৃণিত কাজ। তাঁরা দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
অভিযোগের বিষয়ে জানতে আলীপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের সভাপতি আসাদুল দফাদারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন, ব্যাংক ব্যবস্থাপক তাঁকে বিষয়টি জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে বিকেলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা