ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষ, ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের


এম ফেরদৌস,কক্সবাজার   photo এম ফেরদৌস,কক্সবাজার
প্রকাশিত: ১৬-১১-২০২৬ দুপুর ১২:৫৫

একই এলাকার বাসিন্দা। প্রতিদিন দেখা-সাক্ষাৎ, একসঙ্গে আড্ডা, চলাফেরা-সম্পর্কও ছিল পরিচিতির। উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমের কয়েকটি পাড়ার কিশোর-যুবক থেকে শুরু করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়মিত মিলনস্থল উখিয়ার রত্নাপালং ইউনিয়নের আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠসংলগ্ন চারমোড়। অথচ সেই পরিচিত মুখগুলোর মধ্যকার সামান্য মনোমালিন্যই শেষ পর্যন্ত কেড়ে নিল ২৮ বছর বয়সী এক তরুণের প্রাণ।ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস, অভিভাবকের কাছে অভিযোগ এবং তা নিয়ে কথা-কাটাকাটি-একের পর এক ঘটনার পরিণতিতে ঘটে হাতাহাতি ও মারামারি। একপর্যায়ে মোটরসাইকেলের চাবি দিয়ে শফিকের মাথায় আঘাত করার অভিযোগ ওঠে। গুরুতর আহত অবস্থায় প্রায় ১১ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে চলে গেলেন শফিক। অনার্স-মাস্টার্স শেষ করে মা-বাবার স্বপ্ন পূরণের অপেক্ষায় থাকা তরুণের জীবন থেমে গেল মাঝপথেই।

সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত শফিক রত্নাপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বয়স হয়েছিল ২৮ বছর।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার সূত্রপাত স্থানীয় দোকানমালিক কফিল ও মুসলিম নামের দুই ব্যক্তির মধ্যকার মনোমালিন্যকে কেন্দ্র করে। এ বিরোধের জেরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্নজনের পাল্টাপাল্টি স্ট্যাটাস দেওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে বিষয়টি নিয়ে মুসলিম অভিভাবকদের কাছে অভিযোগ জানান। তাঁর অভিযোগে শফিউল ইসলামের নামও উঠে আসে। পরে মুসলিম বিষয়টি শফিকের বাবা মোহাম্মদ ইসলাম ওরফে বড় মনোকে অবহিত করেন।বাবার কাছে বিষয়টি জানানো হয়েছে-এমন খবর পেয়ে শফিক মুসলিমের কাছে গিয়ে এর কারণ জানতে চান। এ নিয়ে দুজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি, পরে হাতাহাতি শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে মুসলিম তাঁর হাতে থাকা মোটরসাইকেলের চাবি দিয়ে শফিকের মাথায় আঘাত করেন। পরে শফিকের সঙ্গে থাকা আরও কয়েকজন মুসলিমকে মারধর করেন। তাঁকে কিল-ঘুষি ও লাথি মারার অভিযোগও রয়েছে। গত ৬ নভেম্বর শুক্রবার আসরের সময় রত্নাপালং ইউনিয়নের আমতলী এলাকায় এ ঘটনা ঘটে।

মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর শফিককে প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে টানা প্রায় ১১ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে তাঁর মৃত্যু হয়। নিহত পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এদিকে শফিকের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিচিতজন ও স্বজনদের কাছে তাঁর এমন মৃত্যু যেন এখনো অবিশ্বাস্য। পড়াশোনা শেষ করে পরিবারকে ঘিরে ছিল তাঁর নানা স্বপ্ন। কিন্তু একটি বিরোধ ও সংঘর্ষে সেই স্বপ্নের পরিসমাপ্তি ঘটল মর্মান্তিকভাবে।

পরিবারের পক্ষে স্থানীয় মোস্তাক আহমেদ জানান, শফিকের মরদেহ এখনো চট্টগ্রামে রয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের কথা রয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে মরদেহ হস্তান্তর হতে পারে বলে তাঁদের জানানো হয়েছে। এরপর গ্রামে পৌঁছাতে রাত হয়ে যেতে পারে।

পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কয়েক দিন আগেই উখিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল বলেও জানা গেছে।

এ বিষয়ে স্থানীয় এক জনপ্রতিনিধি বলেন, সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করেই এ সংঘর্ষের সূত্রপাত। বিষয়টি প্রাণহানির মতো ভয়াবহ পরিণতিতে গড়াবে, তা কেউ ভাবেননি। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি তাঁদের ধৈর্য ধারণের শক্তি কামনা করেন।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, এ ঘটনায় প্রকৃত অপরাধ উদ্ঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

একটি ফেসবুক স্ট্যাটাসের বিরোধ, অভিভাবকের কাছে অভিযোগ, এরপর কথা-কাটাকাটি থেকে সংঘর্ষ-সবশেষে একটি তরতাজা প্রাণের মৃত্যু। আমতলীর এই ঘটনা আবারও প্রশ্ন তুলেছে, সামাজিক যোগাযোগমাধ্যমের বিরোধ ও সামান্য মনোমালিন্য নিয়ন্ত্রণের বাইরে গেলে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে।

এমএসএম / এমএসএম

লাকসাম ফেয়ার হেলথ্ হসপিটালের ২০ বছরে পদার্পণ দেবব্রত পাল বাপ্পী, লাকসাম

এসআরবি ও মাদক ব্যবসায়ির মাঝে বন্দুক যুদ্ধ, অস্ত্র গুলি উদ্ধার

ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা ও অমর জ্যোতি চাকমা সম্পাদক

উল্লাপাড়ায় পাকা রোপা আমন ধান কাটা শুরু, বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় হ্যাপি গোল্ড মদ এবং গাঁজা জব্দ,,

তেঁতুলিয়ায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে ডিউটি ডক্টর ও প্রফেশনাল নার্স না থাকায় তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ভ্রাম্যমান আদালতের জরিমানা।

রায়গঞ্জে সকালে শিক্ষক, বিকেলে ফুল বিক্রেতা—আড়াই হাজার টাকায় স্বপ্ন বুনছেন তরুণ আয়ান

জকিগঞ্জ কেন্দ্রীয় মসজিদে ইমাম পরিচয় নিয়ে বিতর্ক, ৬৪ জনের অভিযোগ

ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষ, ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের

কুড়িগ্রাম এলজিইডিতে প্রেষণ নিয়ে বিতর্ক, মৌখিক নির্দেশে ৯ মাস কর্মস্থলের বাইরে হিসাবরক্ষক!

রেলের নোটিশ অগ্রাহ্য, গণির নেতৃত্বে মাছ লুট!

ঢাকঢোল আর উৎসবের আমেজে শালিখায় কাত্যায়নী পূজা শুরু