রায়গঞ্জে সকালে শিক্ষক, বিকেলে ফুল বিক্রেতা—আড়াই হাজার টাকায় স্বপ্ন বুনছেন তরুণ আয়ান
শখের বসে বাসার ছাদে গড়ে তুলেছিলেন ফুলের বাগান। সেই শখ থেকেই শুরু, এরপর মাত্র ২ হাজার ৫০০ টাকা পুঁজি নিয়ে নেমে পড়েন ফুলের গাছ বিক্রির ব্যবসায়। পড়াশোনা ও শিক্ষকতার পাশাপাশি নিজের ছোট্ট উদ্যোগকে এগিয়ে নিচ্ছেন সিরাজগঞ্জের রায়গঞ্জের তরুণ আয়ান মানিক।
২৩ বছর বয়সী আয়ান রায়গঞ্জ পৌরসভার বুলাকীপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবা শফিকুল ইসলাম। তিনি বেগম নূরুন্নাহার তর্কবাগীশ অনার্স কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি একটি বেসরকারি কিন্ডারগার্টেন মাদ্রাসায় বাংলা ও ইংরেজি বিষয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত ১৩ নভেম্বর শুক্রবার রায়গঞ্জের ধানগড়া উচ্চ বিদ্যালয়ের গেটসংলগ্ন আশিক মেডিকেলের সামনে সড়কের পাশে ফুলের গাছ বিক্রির দোকান চালু করেন আয়ান। মাত্র ২ হাজার ৫০০ টাকা পুঁজি নিয়ে শুরু করা এই উদ্যোগে বর্তমানে তাঁর সংগ্রহে রয়েছে আনুমানিক ১৫০ থেকে ২০০ প্রজাতির গাছ। ১০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে গাছ বিক্রি করছেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৬০০ টাকার গাছ বিক্রি হয়।
দোকানে রয়েছে বিভিন্ন রঙের হাইব্রিড গোলাপ, টগর, গাঁদা, হাসনাহেনা, রঙ্গন, কামিনী, গন্ধরাজ, জবা, শিউলি, বাগানবিলাসসহ নানা জাতের ফুলের গাছ। পাশাপাশি রয়েছে ব্যাম্বু, স্নেক প্ল্যান্ট, লাকি ব্যাম্বু, মানি প্ল্যান্ট ও জেড প্ল্যান্টসহ বিভিন্ন ইনডোর প্ল্যান্ট। শেরপুরের নার্সারি থেকে গাছ সংগ্রহ করেন তিনি। পাশাপাশি নিজের ছাদের বাগান থেকেও কিছু গাছ বিক্রি করেন।
ব্যবসার পাশাপাশি আয়ানের প্রতিদিনের জীবন কাটে বেশ ব্যস্ততায়। ভোর ৫টায় ঘুম থেকে উঠে নিজের পড়াশোনা করেন। এরপর মাদ্রাসায় শিক্ষকতা করেন দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত। বাসায় ফিরে খাবার খেয়ে বিকেল ৩টায় দোকান খোলেন। সন্ধ্যা ৬টায় আবার পড়তে বসেন। শুক্রবারেও গাছ সংগ্রহের জন্য নার্সারিতে যেতে হয় তাঁকে।
তবে এই পথচলায় সামাজিক প্রতিবন্ধকতাও ছিল। আয়ান জানান, অনার্সে পড়াশোনা করা একজন তরুণ স্কুলের গেটের সামনে ফুল বিক্রি করবেন—এটি নিয়ে আশপাশের অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন। কেউ কেউ ব্যবসার পরিবর্তে চাকরি খোঁজার পরামর্শ দিয়েছেন। এমনকি প্রথম দিকে ছাদে বাগান করার বিষয়টি নিয়েও পরিবারের সদস্যরা বিরক্ত হতেন। তবে তাঁর একাগ্রতা ও নিয়মিত প্রচেষ্টা দেখে এখন পরিবারের সদস্যরাও বিষয়টি স্বাভাবিকভাবে নিচ্ছেন।
নিজের ব্যস্ততা ও স্বপ্নের কথা বলতে গিয়ে আয়ান বলেন, ‘সারাদিন মাদ্রাসায় পড়ানো, নিজের পড়াশোনা ও দোকান পরিচালনা—সব মিলিয়ে অনেক দৌড়ঝাঁপ করতে হয়। মাঝে মাঝে কষ্ট হয়। শুক্রবারেও গাছ আনতে নার্সারিতে যেতে হয়। তবে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে চাই। কত দূর যেতে পারব জানি না, কিন্তু চেষ্টা চালিয়ে যাব।’
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, ফুলের গাছের ব্যবসাকে আরও বড় করার পাশাপাশি বাড়িতে একটি ছোট নার্সারি ও কৃষিভিত্তিক (অ্যাগ্রো) উদ্যোগ গড়ে তুলতে চান।
শখকে শুধু নিজের আনন্দের মধ্যে সীমাবদ্ধ না রেখে আয়ের উৎসে পরিণত করেছেন আয়ান। তাঁর এই উদ্যোগ প্রমাণ করে, ইচ্ছা ও পরিশ্রম থাকলে পড়াশোনা কিংবা চাকরির পাশাপাশি ছোট পরিসর থেকেও আত্মকর্মসংস্থানের যাত্রা শুরু করা সম্ভব।
এমএসএম / এমএসএম
লাকসাম ফেয়ার হেলথ্ হসপিটালের ২০ বছরে পদার্পণ দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
এসআরবি ও মাদক ব্যবসায়ির মাঝে বন্দুক যুদ্ধ, অস্ত্র গুলি উদ্ধার
ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা ও অমর জ্যোতি চাকমা সম্পাদক
উল্লাপাড়ায় পাকা রোপা আমন ধান কাটা শুরু, বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় হ্যাপি গোল্ড মদ এবং গাঁজা জব্দ,,
তেঁতুলিয়ায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে ডিউটি ডক্টর ও প্রফেশনাল নার্স না থাকায় তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ভ্রাম্যমান আদালতের জরিমানা।
রায়গঞ্জে সকালে শিক্ষক, বিকেলে ফুল বিক্রেতা—আড়াই হাজার টাকায় স্বপ্ন বুনছেন তরুণ আয়ান
জকিগঞ্জ কেন্দ্রীয় মসজিদে ইমাম পরিচয় নিয়ে বিতর্ক, ৬৪ জনের অভিযোগ
ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষ, ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের
কুড়িগ্রাম এলজিইডিতে প্রেষণ নিয়ে বিতর্ক, মৌখিক নির্দেশে ৯ মাস কর্মস্থলের বাইরে হিসাবরক্ষক!
রেলের নোটিশ অগ্রাহ্য, গণির নেতৃত্বে মাছ লুট!