ঢাকা রবিবার, ২৯ মার্চ, ২০২৬

করোনার টিকা নিতে শিক্ষার্থীদের গুনতে হলো ১০০ টাকা


হাবিবুর রহমান, নড়াইল photo হাবিবুর রহমান, নড়াইল
প্রকাশিত: ১৫-১-২০২২ বিকাল ৫:৩৫
নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ উঠেছে প্রধান  শিক্ষক আশরাফুল ইসলামের বিরুদ্ধে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
 
স্থানীয় সূত্রে জানা যায়, ১৪ জানুয়ারি পর্যন্ত উপজেলার প্রায় ১৯ হাজারের অধিক শিক্ষার্থীকে করোনার টিকা দেয়া হয়েছে। এতে প্রথম পর্যায়ে ৬ জানুয়ারি ষষ্ঠ থেকে এসএসসি-২০২১ পরীক্ষার্থীদের নড়াইল নার্সিং ইনস্টিটিউট টিকা কেন্দ্রে উপজেলার চাঁচুড়ী পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় সহস্রাধিক শিক্ষার্থীর টিকা নেয়ার নির্ধারিত তারিখ ছিল। এজন্য ৫ জানুয়ারি প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম ১২ থেকে ১৮ বছর বয়সী সকল শিক্ষার্থীকে তাদের জন্মনিবন্ধনের দুই কপি ফটোকপিসহ ১০০ টাকা করে নিয়ে বিদ্যালয়ে হাজির হওয়ার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করেন।
 
এরপর ওইসব শিক্ষার্থীদের মধ্যে বাদ পড়াদের ১২ জানুয়ারি টিকা প্রদান করা হয়। এজন্য ১১ জানুয়ারি তাদের কাছ থেকেও প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম জন্মনিবন্ধনের দুই কপি ফটোকপিসহ ১০০ টাকা করে রেজিস্ট্রেশন ও যাতায়াত খরচ বাবদ গ্রহণ করেন।
 
চাঁচুড়ী গ্রামের শিক্ষার্থী সাজিদ মোল্যা, রকিবুল ইসলাম রাতুল, খাদিজা, চাপুলিয়া গ্রামের শিক্ষার্থী লামিয়া, মিতুন জিরা, ববিতা, সাদিকুর নাহার তমা ও মারিয়াসহ একাধিক শিক্ষার্থী জানায়, ৫ জানুয়ারি প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম বিদ্যালয়ের অধ্যয়নরত প্রত্যেক শিক্ষার্থীকে ১০০ টাকা নিয়ে বিদ্যালয়ে হাজির হতে বলেন। করোনা টিকার রেজিস্ট্রেশনের জন্য এবং টিকাকেন্দ্রে যেতে যাতায়াত খরচ বাবদ ওই টাকা লাগবে বলে জানানো হয়। প্রধান শিক্ষকের নির্দেশনা অনুযায়ী সব শিক্ষার্থী রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত তারিখে টাকাসহ লাইনে দাঁড়ানোর পর শিক্ষকরা টাকা নেন।
 
ওই বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীর অভিযোগ, বিদ্যালয় কর্তৃপক্ষ অনেকের কাছ থেকে করোনার টিকার রেজিস্ট্রেশনের নামে ১০০ টাকা করে আদায় করেছে। ঘটনা আঁচ করতে পেরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম ১০০ টাকা করে শিক্ষার্থীর জন্য যাতায়াত খরচ বলে চালিয়ে দেন। অথচ শিক্ষার্থীদের জেলখানার কয়েদিদের মতো গাদাগাদি করে নিন্মমানের বাস ভাড়া করে টিকাকেন্দ্রে নিয়ে যান। এতে নামমাত্র টাকা ব্যয় করেছেন।
 
অভিযোগের বিষয়ে চাঁচুড়ী পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলামকে মুঠোফোনে ১০০ টাকা নেয়ার বিষয়ে জানতে চাইলে অভিযোগ স্বীকার করে বলেন, শিক্ষার্থীদের টিকাকেন্দ্র যাতায়াতের জন্য খরচ বাবদ মাথাপিছু ১০০ টাকা করে নেয়া হয়েছে। টিকা গ্রহণের জন্য টাকা নেয়ার নিয়ম আছে কি-না জানতে চাইলে এড়িয়ে যান তিনি।
 
কালিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাজান মিয়া বলেন, টিকাকেন্দ্রে যাতায়াত খরচ নেয়ার বিষয়ে সরকারিভাবে আমাদের কাছে কোনো নির্দেশনা আসেনি। আমরা এটা নেয়ার ব্যাপারে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানকেও কোনো নির্দেশনা দেইনি। প্রকৃতপক্ষে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাপনা কমিটি শিক্ষার্থীদের টিকা কেন্দ্রে যাতায়াতের ব্যবস্থা নিশ্চিত করবে। বিধায় টিকা রেজিস্ট্রেশন বা টিকাকেন্দ্রে যাতায়াত খরচ কিংবা ভিন্ন কোনো নামে টাকা আদায়ের নিয়ম নেই। সুতরাং টিকা দেয়ার অজুহাতে কেউ টাকা আদায় করতে পারেন না। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
 
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা  নেয়ার আশ্বাস দিয়ে বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে টিকা রেজিস্ট্রেশন বা টিকা নেয়ার জন্য যাতায়াত খরচ কিংবা ভিন্ন নামে কোনো টাকা আদায়ের নিয়ম নেই। লিখিত অভিযোগ পেলে অভিযুক্ত প্রধান শিক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা  গ্রহণ করা হবে।

শাফিন / জামান

ঈদের ছুটি শেষে ঢাকাগামী ট্রেনে প্রচণ্ড ভিড়, ছাদে বসেও ফিরছে মানুষ

হাটহাজারীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ধামইরহাটে উমার ইউনিয়নবাসীর খাদেম হতে চান চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর রহমান পিন্টু

নরসিংদীতে অনুমোদনহীন হাসপাতালে অভিযান, একটিকে সিলগালা, অপরটিকে জরিমানা

মাদারীপুরে গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালকের মরদেহ

নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

চৌগাছায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ

পাবনা থেকে কাজের সন্ধানে এসে মাগুরায় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

মনোহরদীতে গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড

অবৈধ তেল মজুদে গোপালগঞ্জে জরিমানা

দাউদকান্দিতে আগাম সরগরম ভাইস চেয়ারম্যান পদ: বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নিয়ে তৃণমূলে চুলচেরা বিশ্লেষণ

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ২৪ টি গরু-ছাগল পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা

শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার