আমার সমর্থন দুই প্যানেলেই: শাবনূর
আর মাত্র কয়েক ঘণ্টা পর আগামীকাল শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় শুরু হতে যাচ্ছে সময়ের বহুল আলোচিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে এখন শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় ব্যস্ত দুই প্যানেল কাঞ্চন-নিপুণ ও মিশা-জায়েদ।
কদিন আগেই মিশা-জায়েদ পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছিল অস্ট্রেলিয়া থেকেই তাদের সমর্থন জানিয়েছেন সেখানে প্রবাসী এক সময়কার জনপ্রিয় নায়িকা শাবনূর। তবে নির্বাচনের ঠিক আগের দিন অবশ্য দুই পক্ষের প্রতিই সমর্থন ও শুভ কামনার কথা জানিয়েছেন ঢালিউডের একসময়ের দাপুটে এই নায়িকা।
গণমাধ্যমকে শাবনূর বলেন, ‘দুই প্যানেলেই আছেন আমার শিল্পীরা। তাই আমার সমর্থন দুই প্যানেলেই।’
এই নায়িকার ভাষায়, ‘দুই প্যানেলে আমার আর্টিস্টরাই আছেন। মৌসুমী আপা আমার বড় বোনের মতো। তার সঙ্গে আমার অনেক সুন্দর স্মৃতি। রিয়াজ আর ফেরদৌস তো আমার খুবই অসাধারণ দুজন সহকর্মী। তাদের সঙ্গেও আমার অনেক সিনেমায় কাজ হয়েছে। তাই আমি বলতে চাই, সবাইকে আমি ভালোবাসি। দিন শেষে সবাই মিলেমিশে থাকুক।’
মিশা–জায়েদ প্যানেলকে সমর্থন দেওয়ার প্রশ্নে শাবনূর বলেন, ‘বিষয়টা আসলে মোটেও তেমন না। জয় আমাকে ফোন করেছিল, তখন তাদের প্যানেলের জন্য শুভকামনা জানিয়েছি। আমাকে অনেকেই ফোন করেন। সবার প্রতি আমার তো শুভকামনা–দোয়া থাকছে। আমি চাই, শিল্পীরা মিলেমিশে থাকুক। এখানে কাদা ছোড়াছুড়ির তো কিছুই নাই। যেমন ভাইয়াও (ইলিয়াস কাঞ্চন) আমার ভীষণ প্রিয়। তার মতো মানুষের জন্য তো মন থেকে শুভকামনা থাকবে। মিশা ভাইয়ের সঙ্গে আমার সিনেমায় কাজ হয়েছে।’
এই নায়িকার কথায়, ‘এখানে তো কেউ আসলে যুদ্ধে নামেননি। শিল্পীদের মনমানসিকতা উদার থাকতে হবে। এবার আরেকটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগছে, রিয়াজ ও ফেরদৌস একসঙ্গে আছে। সুন্দর সব কথাবার্তাও বলছে। দুই প্যানেলের জন্যই আমার আন্তরিক শুভকামনা রইল।’
উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন এটি। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল কাঞ্চন-নিপুণ ও মিশা-জায়েদ পরিষদ। এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। দুজন সদস্য হলেন বি এইচ নিশান ও জাহিদ হোসেন। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। আপিল বোর্ডের সদস্য মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন।
শাফিন / শাফিন
তারকাবহুল রাজা শিবাজি’র শুরুতেই বাজিমাত
জেল থেকে যেভাবে ‘আলোর পথ’ পেলেন অভিনেতা সিদ্দিক
একটা গল্প, যা বদলে দেবে সবকিছু : শাকিব খান
লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত
আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’
বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির
যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত
ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে
মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার
দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’