ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

মানিকগঞ্জ পাসপোর্ট অফিস : দিনে আবেদন ৬০, ডেলিভারি ৫৫


জ্যেষ্ঠ প্রতিবেদক  photo জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৬-২০২২ দুপুর ১:১১

মানিকগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবাপ্রার্থীদের ভিড় বাড়ছে। দিনে গড়ে ৬০টি পাসপোর্টের আবেদন জমা পড়ছে আর ডেলিভারি হচ্ছে ৫৫টির মতো পাসপোর্ট। বিভিন্ন ত্রুটির কারণে কিছু পাসপোর্ট বাতিল করা হচ্ছে। আইনি জটিলতা ও প্রয়োজনীয় কাগজপত্রের কারণে কিছু পাসপোর্ট ডেলিভারিতে সময় লাগছে।

মানিকগঞ্জ পাসপোর্ট অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

সেবাপ্রার্থীরা জানান, মানিকগঞ্জ পাসপোর্ট অফিসে সেবা নিয়ে সন্তুষ্ট তারা। পাসপোর্ট সংক্রান্ত যে কোনো বিষয়ে সমস্যা হলে সরাসরি দপ্তরের সহকারী পরিচালকের সঙ্গে কথা বলেন সেবাপ্রার্থীরা। এতে সহজেই তাদের সমস্যা সমাধান হয়ে যায়।

ঘিওর উপজেলার নবীন মিয়া নামে এক সেবাপ্রার্থী জানান, আমি পাসপোর্ট করতে দালালের মাধ্যমে টাকা জমা দিয়েছিলাম। কিন্তু  দীর্ঘ দুই মাসেও পাসপোর্ট পাচ্ছিলাম না। পরে এ বিষয়ে সহকারী পরিচালক নাহিদ নেওয়াজের সঙ্গে সরাসরি কথা বলি। এর তিন দিন পরই আমি পাসপোর্ট পেয়ে যাই।

একই কথা বলেন কামাল হোসেন নামের এক সেবাপ্রার্থী। তার পূর্বের পাসপোর্টটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় তা নবায়ন করার প্রয়োজন পড়ে। কিন্তু নবায়ন করতে গিয়ে দেখেন তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সঙ্গে পাসপোর্টে দেয়া বয়সের মিল নেই। এতে বিপাকে পড়েন কামাল। দারস্থ হন দালালের। দালাল তার কাছে ৩০ হাজার টাকা দাবি করেন। পরে নিরুপায় হয়ে কামাল দেখা করেন সহকারী পরিচালক নাহিদ নেওয়াজের সঙ্গে। ফলে কোনো হয়রানি ছাড়াই ব্যাংকে সরকারি ফি জমা দিয়ে পাসপোর্ট পেয়ে যান কামাল।

আরিফুল ইসলাম নামে এক সেবাপ্রার্থী জানান, পাঁচ বছর আগে জন্মনিবন্ধন সনদ দিয়ে পাসপোর্ট করেছিলেন তিনি। সেটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় নবায়ন করার প্রয়োজন পড়ে। কিন্তু সমস্যা হয় আবেদন করতে গিয়ে। এনআইডি ও পাসপোর্টে দেয়া তথ্যে সম্পূর্ণ গড়মিল দেখতে পান আরিফুল। এরপর দেখা করেন সহকারী পরিচালকের সঙ্গে। তার পরামর্শ অনুযায়ী এফিডেভিট করে কাগজপত্র জমা দেন। এরপর কোনো ঝামেলা ছাড়াই পাসপোর্ট পেয়ে যান আরিফুল।

তবে হয়রানির অভিযোগও কম নয়। পাসপোর্ট করতে আসা সেবাপ্রার্থীদের অনেকেই হর-হামেশা হয়রানির শিকার হন আনসার সদস্যদের কাছে। পাসপোর্ট অফিসে দায়িত্বরত আনসার সদস্যরা সেবাপ্রার্থীদের ভেতরে প্রবেশে বাধা দেন অনেক সময়। কাজেই সহকারী পরিচালকের কক্ষে পৌঁছতে সেবাপ্রার্থীকে অনেক কাঠখড় পোড়াতে হয়। এই আনসার সদস্যদের সঙ্গে সম্পর্ক রয়েছে দালালদের। তারা সেবাপ্রার্থীদের দালালের কাছে যাওয়ার পরামর্শ দেন। ফলে সময়মতো পাসপোর্ট না পাওয়ার অভিযোগ থেকেই যায়।

মানিকগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ২১ জানুয়ারি থেকে মানিকগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্টের কার্যক্রম শুরু হয়। সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী গত ১৬ মাসে ই-পাসপোর্টের জন্য আবেদন জমা পড়ে ৩১ হাজার ৩৭৮টি। ডেলিভারি দেয়া হয় ২৮ হাজার ৩৭০টি পাসপোর্ট। বিভিন্ন ভুলের কারণে বাতিল করা হয় ৬৮৩টি আবেদন। আর ডেলিভারির অপেক্ষায় রয়েছে ৪ হাজার আবেদন। সে হিসাবে প্রতিদিন গড়ে ৬০টি আবেদন জমা পড়ে আর ডেলিভারি দেয়া হয় ৫৫টি পাসপোর্ট।

মানিকগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক নাহিদ নেওয়াজ বলেন, বিভিন্ন প্রয়োজনে বিদেশে যাওয়ার জন্য মানুষ পাসপোর্ট করতে আসেন। আমরাও তাদের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ের মধ্যে সেবা দেয়ার চেষ্টা করি। আবেদনে ত্রুটি থাকায় কারো কারো হয়তো পাসপোর্ট পেতে বিলম্ব হতে পারে। তবে সঠিকভাবে আবেদন করলে ও প্রয়োজনীয় কাগজপত্র দিলে আমরা নির্ধারিত সময়ে পাসপোর্ট ডেলিভারি দিয়ে থাকি।

তিনি বলেন, অনেকে মিথ্যা ও ভুল তথ্য দিয়ে আবেদন করে। আবার পুরাতন পাসপোর্ট নবায়ন করার ক্ষেত্রে তথ্য গোপন করে। এ কারণে সহজেই হয়রানির শিকার হয়।

নাহিদ নেওয়াজ জানান, যদি কেউ প্রথমবারের মতো অর্থাৎ নতুন পাসপোর্ট করতে চান তাহলে তাকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা জন্মনিবন্ধনের (বিআরসি) কপি দিতে হবে। যাদের বয়স ২০ বছরের অধিক তাদের এনআইডি দিতে হবে আর যাদের বয়স ২০ বছরের কম তাদের বিআরসির সঙ্গে বাবা-মায়ের এনআইডির কপি দিতে হবে।

তিনি জানান, পাসপোর্টের তথ্য সংশোধনের জন্য আবেদনের সঙ্গে যেসব কাগজপত্র জমা দিতে হবে তা হলো-  জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন সনদ, নন-জুডিসিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা, সাদা কাগজে স্বহস্তে দরখাস্ত বা রি-ইস্যু ফরম, প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের হলফনামা, বিস্তারিত পুলিশ প্রতিবেদন (প্রযোজ্য ক্ষেত্রে), পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে) ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।

পাসপোর্ট পেতে কারো কোনো সমস্যা হলে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন নাহিদ নেওয়াজ। এছাড়া দায়িত্বরত আনসার সদস্য ও দালালের খপ্পরে পড়ে তাদের সঙ্গে আর্থিক লেনদেন না করারও পরামর্শ দেন তিনি।

এমএসএম / জামান

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি