মধুপুরে কফি চাষের উজ্জ্বল সম্ভাবনা
টাঙ্গাইলের মধুপুরে শুরু হয়েছে কফি চাষ। গড় এলাকার উঁচু ও লাল মাটিতে এই ফসলের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এখানকার ঐতিহাসিক শালবন এলাকার উর্বর মাটিতে প্রচুর ফসল ফলে। এ মাটি আনারস, কলা, আদা, কচু, হলুদ, পেঁপে, লেবু, ড্রাগন, মাল্টা, পেয়ারা ইত্যাদির জন্য প্রসিদ্ধ। সম্প্রতি কাজু বাদাম এবং কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে স্থানীয় কৃষকরা কফির চাষ শুরু করেছেন।
ভূপ্রকৃতি, আবহাওয়া ও মাটির উর্বরতা অনুকূলে থাকায় এ অঞ্চলে কফি চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে বলে ধারণা কৃষি বিভাগের।
মধুপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর স্থানীয় কৃষকদের মাধ্যমে মধুপুরে ১১ হেক্টর জমিতে কফির চাষ শুরু হয়। এ পর্যন্ত ৫৩ জন কৃষকের মধ্যে সাড়ে ৭ হাজার কফির চারা বিতরণ করা হয়েছে। পৃথিবীতে ৬০ প্রজাতির কফি থাকলেও বাণিজ্যিকভাবে দুই ধরনের কফির চাষ হয়।
এই এলাকায় বাণিজ্যিকভাবে চাষের জন্য অ্যারাবিকা ও রোবাস্টা জাতের কফির চাষ শুরু হয়েছে। চাষোপযোগী আবহাওয়া ও জলবায়ু অনুকূল থাকায় উন্নত মান এবং মন মাতানো ঘ্রাণের কফির চাষ সম্প্রসারণের জন্য এ প্রকল্পের মাধ্যমে পাহাড়ি এলাকায় বিশেষ কার্যক্রম চলছে।
কৃষক ছানোয়ার হোসেন শিক্ষকতা ছেড়ে পাঁচ বছর আগে শখের বশে ব্যক্তিগত উদ্যোগে কফির চাষ শুরু করেন। রাঙ্গামাটি জেলার রায়খালী থেকে ২০০ চারা সংগ্রহ করেন। মহিষমারা গ্রামের পাহাড়ি অঞ্চলে গড়ে তোলেন স্বপ্নের কফি বাগান। প্রায় দুই বিঘা জমিতে কফি বাগান। রয়েছে প্রায় ৬০০ পরিপক্ব গাছ। প্রতিটি গাছেই থোকায় থোকায় কফি ঝুলছে। এ যেন এক খণ্ড কফির রাজ্য।
মার্চ থেকে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ের মধ্যে প্রতিটি পরিপক্ব গাছে ফুল ধরা শুরু করে। মে থেকে জুন মাসের মধ্যে ফুল গুটিতে পরিণত হয়। আগস্টের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মধ্যে গুটিগুলো পরিপক্ব হয়। পরে এই গুটিগুলো রোদে শুকিয়ে নিতে হয়। বাজারজাত ও পানের উপযোগী করতে মেশিনে গুড়া করে নিতে হয়। আবার কফির বীজ থেকে চারা উৎপাদন করা যায় বলেও জানান তিনি।
ফলন ভালো ও আবহাওয়া অনুকূলে থাকলে হেক্টর প্রতি ৭৫০ থেকে ১০০০ কেজি এবং প্রতিটি গাছ থেকে বছরে ১ কেজি কফি পাওয়া সম্ভব বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। স্থানীয়ভাবে কফির দাম নির্ধারিত না থাকলেও চাষি ছানোয়ার হোসেন গ্রিন কফি ১৫০০ ও প্রসেসিং করা কফি ২৫০০ টাকা কেজি দরে বিক্রি করেন।
মধুপুর অঞ্চলে কফি চাষ নিয়ে স্বপ্ন দেখছেন কৃষকরা। প্রত্যাশা-প্রাপ্তির হিসেব মিলবে প্রকল্পের সাফল্যের ভিত্তিতে। কাঙ্ক্ষিত ফলন ও বাণিজ্য সুগম হলে ভাগ্যের চাকা ঘুরে যাবে এ অঞ্চলের কৃষকদের। নতুন দিগন্ত আনবে কফি চাষ। এমনটাই আশা স্থানীয়দের।
মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল বলেন, বৃষ্টিপাত, মাটির গঠন বিন্যাস মিলে গড় এলাকার লাল মাটিতে কফি চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এ এলাকায় সহজে বন্যার পানি ওঠে না। তেমন খরা হয় না। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের আন্তরিক সহযোগিতায় এ এলাকায় কাজু বাদাম, কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত ৫৩ জন কৃষকের ১১ হেক্টর জমিতে কফির চাষ শুরু হয়েছে।
তিনি আরো বলেন, কৃষকরা যাতে চাষে সাফল্য পায় সেজন্য প্রশিক্ষণসহ প্রকল্প অনুযায়ী সহযোগিতা করা হচ্ছে।
এমএসএম / জামান
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক
গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন