ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়

অভিযোগের পাহাড় অধ্যক্ষের বিরুদ্ধে


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১৭-৯-২০২৩ দুপুর ১:৩৫
রাজশাহী কোর্ট মহাবিদ্যালয় অভিযোগের পাহাড় অধ্যক্ষের বিরুদ্ধে।কলেজের সাবেক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা অধ্যক্ষ কামরুজ্জামানের অনিয়ম-দুর্নীতির বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর আবেদন করেছেন। এছাড়াও এ বিষয়ে ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বেসরকারি কলেজ শাখায় অভিযোগ দিয়েছেন বাদশা। অভিযোগের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষা পরিদর্শক প্রলয় দাস তদন্ত শুরু করেন। তবে এ তদন্তে অধ্যক্ষ সহযোগিতা করেননি বলে সংশ্লিষ্ট কর্মকর্তা লিখিতভাবে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। আদালতে করা দুটি মামলার এজাহার এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর করা আবেদনে অধ্যক্ষ কামরুজ্জামানের বিরুদ্ধে ২৩টি অভিযোগ আনা হয়েছে। এজাহার ও অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের আগস্টে ২৪ জন শিক্ষক নিয়োগে নজিরবিহীন দুর্নীতি করেন অধ্যক্ষ কামরুজ্জামান। নিয়োগকৃত শিক্ষকদের কাছ থেকে কলেজের উন্নয়নের জন্য অনুদান হিসাবে ৫৪ লাখ ৯৫ হাজার টাকা আদায় করেন। কিন্তু তিনি অগ্রণী ব্যাংক, রাজশাহী মহানগরীর কোর্ট বাজার শাখায় কলেজের অ্যাকাউন্টে জমা দেন ৩৮ লাখ ১৫ হাজার টাকা। বাকি ১৬ লাখ ৮০ হাজার টাকা আত্মসাৎ করেন তিনি।
 
বেসরকারি কলেজের প্রতিষ্ঠান পরিচালনা নীতিমালা অনুযায়ী একজন অধ্যক্ষ মাসের শেষে পাঁচ হাজারের বেশি টাকা জমা রাখতে পারবেন না। কিন্তু অধ্যক্ষ কামরুজ্জামান ক্ষমতার অপব্যবহার করে ২০১৮-১৯ অর্থবছরে এক লাখ ৩৩ হাজার ৪৫২ টাকা, ২০১৯-২০ অর্থবছরে ৯ লাখ ৮৩ হাজার ৭৫২ টাকা এবং ২০২০-২১ সালে সাড়ে ৩ লাখ টাকা নিজের কাছে রাখেন। পরবর্তীতে এ টাকা আর কলেজের অ্যাকাউন্টে জমা দেননি। এভাবে তিনি ১৪ লাখ ৬৭ হাজার ২০৪ টাকা হাতিয়ে নেন। ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান শ্রেণির প্রথমবর্ষের ফরম পূরণে শিক্ষার্থী প্রতি রসিদের মাধ্যমে চার হাজার ৫০০ টাকা আদায় করা হয়। পরে রসিদ পালটে দুই হাজার ৫০০ টাকা করে কলেজের অ্যাকাউন্টে জমা দেন। এভাবে শিক্ষার্থী প্রতি দুই হাজার টাকা করে মোট ১০ লাখ ২৫ হাজার টাকা হাতিয়ে নেন তিনি। এছাড়া একই বর্ষের শিক্ষার্থীদের টিউশন ফি বাবদ সাত লাখ ৪৩ হাজার টাকা আদায় করা হয়। কিন্তু কলেজের অ্যাকাউন্টে জমা দেওয়া হয় চার লাখ ৯০ হাজার ৫০০ টাকা।
 
২৩ অভিযোগ বিশ্লেষণ করে দেখা গেছে, অভ্যন্তরীণ পরীক্ষার ফি; বিএ, বিএসসি ও বিকম পাশ কোর্সের শিক্ষার্থীদের ফরম পূরণ, কলেজের উন্নয়ন ফি, সেমিনার ফিসহ বিভিন্ন খাত থেকে মোট দুই কোটি টাকা হাতিয়ে নিয়েছেন অধ্যক্ষ কামরুজ্জামান।
 
জানা গেছে, কামরুজ্জামান ২০১৬ সালের ৯ ডিসেম্বর অধ্যক্ষ পদে যোগ দেন। ২১ সেপ্টেম্বর অধ্যক্ষের চাকরির মেয়াদ শেষ হচ্ছে। মেয়াদ বৃদ্ধির জন্য ইতোমধ্যে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর আবেদন করেছেন।
 
মামলার বাদী কলেজের সাবেক হিসাবরক্ষক মোয়াজ্জেম হোসেন বলেন, অধ্যক্ষ কামরুজ্জামান কোনো নিয়মনীতির তোয়াক্কা করেন না। তিনি দৃশ্যমান দুর্নীতির মাধ্যমে কলেজের দুই কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। আর অদৃশ্যমান দুর্নীতি করে কত টাকা আত্মসাৎ করেছেন, সেটি বলতে পারব না।
 
সাবেক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বলেন, তিনি (কামরুজ্জামান) আবারও চাকরির মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করেছেন। আশা করছি, এরকম দুর্নীতিবাজ একজন ব্যক্তির চাকরির মেয়াদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাড়াবে না।
 
সব অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ কামরুজ্জামান বলেন, আর্থিক লেনদেন ও বিভিন্ন খাতে আয়-ব্যয়ের বিষয়টি কলেজের হিসাবরক্ষক দেখেন। অনিয়ম বা দুর্নীতির বিষয়টি তিনিই বলতে পারবেন। আমার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সঠিক নয়। শিক্ষক নিয়োগ দিয়ে টাকা আত্মসাতের অভিযোগও ভিত্তিহীন। আর আমার বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগটিও বানোয়াট।
 
এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান যুগান্তরকে বলেন, যিনি (অধ্যক্ষ) টাকা নিয়ে চাকরি দিয়েছেন, তিনি অন্যায় করেছেন। আর যিনি চাকরির বিনিময়ে টাকা দিয়েছেন, সেটিও অন্যায় করেছেন। যেসব অভিযোগগুলো অধ্যক্ষের বিরুদ্ধে উঠেছে, সেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত করবে।

এমএসএম / এমএসএম

পটুয়াখালীর গলাচিপার ১১ জেলে নিয়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, উদ্ধার ৫, নিখোঁজ ৬

টানা বর্ষণে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বৃদ্ধি, ৪ ইউনিটে উৎপাদন হচ্ছে ১২৫ মেগাওয়াট

শিক্ষাপ্রতিষ্ঠানের একমাত্র মাঠে জলাবদ্ধতা: খেলাধুলা ও শিক্ষা কার্যক্রম ব্যাহত

টিসিবি ডিলারদের চুক্তি পুনঃনবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আল হায়াত হসপিটাল: আবু জাফর কূটচালে, হুমকির মুখে শতাধিক মানুষের বিনিয়োগ

​নাটোরের বড়াইগ্রামে ১৮৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড় ধ্বসে ১ জনের মৃত্যু, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে প্রশাসনের মাইকিং

মনপুরায় অবৈধভাবে খাল দখল: পানি নিষ্কাশনের একমাত্র পথ বন্ধ, জলাবদ্ধতায় দুর্ভোগে ৪ হাজার পরিবার

মোহনগঞ্জে মাদক সেবনে কারাদণ্ড ও গ্রেফতার ৩

কুড়িগ্রামে স্কুল ফিডিংয়ে মেয়াদউত্তীর্ণ পচা ও ছএাক ধরা পাউরুটি বিতরণ

রায়গঞ্জে ধান সংগ্রহে স্থবিরতার অভিযোগ তদন্তে কমিটি

খালিয়াজুরীর ধনু নদে ফের অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

মিরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া হেফজ ও এতিমখানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উম্মেচন