ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে সমিতির নামে কোটি কোটি টাকা আত্মসাৎ আওয়ামী লীগ নেতার


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৯-৯-২০২৪ দুপুর ৩:৫৩

অটো টেম্পো মালিক সমিতির নামে শতাধিক মালিকের জমানো কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন ভোলার লালমোহন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের চাচা দিদারুল ইসলাম অরুণ পঞ্চায়েত। এমন অভিযোগ করেছেন লালমোহন পৌর শহরের থানার মোড়ের অটো টেম্পো মালিক সমিতির সদস্যরা।

খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৯৩-৯৪ সালে ২৮টি টেম্রপো মালিক নিয়ে গঠিত হয়েছিল লালমোহন অটো টেম্পো মালিক সমিতি। তখন থেকে প্রায় ৫ বছর এ সমিতির সভাপতি ছিলেন ডা. মো. জাহাঙ্গীর আলম, সম্পাদক ছিলেন পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা আবদুল জলিল মিয়া।

ডা. মো. জাহাঙ্গীর আলম জানান, আমার সময়ে মালিক সমিতির কর্মচারী ও অফিস খরচ নির্ণয় করে পরিমাণমতো টাকা নেয়া হয়েছিল। ফলে তখন কোনো মালিকের টাকা জমানো থাকেনি। পরে ২০০৮ সাল পর্যন্ত এ সমিতির সভাপতি ছিলেন পৌরসভার ততকালীন ৩নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির, সম্পাদক ছিলেন আবদুল জলিল। 

আবদুল জলিল মিয়া জানান, ২০০৬ সালে বিএনপি ক্ষমতা ছাড়ার পরপরই জোরপূর্বক ও ক্ষমতার প্রভাব খাটিয়ে অটো টেম্পো মালিক সমিতির স্বঘোষিত সভাপতি হন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুণ। তখন সমিতিতে শতাধিক মালিকের জমানো নগদ সাড়ে ৩ লাখ টাকা এবং আমার দুটি গাড়ি আটক রেখে ৪ লাখ টাকা মুক্তিপণ নেয় সে। পরে আমাকে আওয়ামী লীগে যোগদান করিয়ে প্রায় ৫ মাস পর গাড়িগুলো ছেড়ে দেয়। অবশেষে দীর্ঘদিন অকেজো অবস্থায় পড়ে থাকা গাড়ি কেজির ওজনে বিক্রি করতে বাধ্য হই।

আবদুল জলিল মিয়া আরো বলেন, সভাপতির আসনে বসে বিএনপিপন্থী ও নিরীহ মালিকদের গাড়ি আটক করে এভাবেই অর্থ হাতিয়ে নেন অরুণ পঞ্চায়েত। পাশাপাশি প্রতিটি গাড়ি ভর্তির জন্য ৫০-৬০ হাজার টাকা, নাম পরিবর্তনের নামে ৩০-৪০ হাজার টাকা, কাগজপত্র না থাকলে থানা-পুলিশের মাধ্যমে আটক দেখিয়ে ৫০-৬০ হাজার টাকা করে হাতিয়ে নিতেন অরুণ।

লালমোহন অটো টেম্পো মালিক সমিতির সদস্য মো. ওলিউল্লাহ, আবুল কালাম বেপারি, মো. আলমগীর, আবদুর রহমান, নুরুজ্জামান, আলী হোসেনসহ আরো কয়েকজনের সাথে আলাপকালে তারা জানান, দিদারুল ইসলাম অরুণ সভাপতির আসনে বসেই পূর্বের ভর্তিকৃত গাড়িগুলো থেকে নতুন করে ৫ থেকে ১০ হাজার টাকা নিয়েছেন। আবার এসব গাড়ি কেউ ক্রয় করলে নতুনভাবে নতুন ভর্তি ৩০ থেকে ৫০ হাজার টাকা, নাম পরিবর্তনে ১৫-২০ হাজার টাকা করে নিতেন। কোনো গাড়ির বডি বড় কিংবা রং করলেও টাকা দিতে হতো তাকে। তবে কোনোদিনই এসব টাকার হিসাব চাইতে পারিনি আমরা। কেউ প্রতিবাদ করতে চাইলে তার ওপর চালানো হতো নির্মম নির্যাতন।

মালিকরা অভিযোগ করে বলেন, অরুণ পঞ্চায়েতের খামখেয়ালির কারণে তাকে বাদ দিতে ৭০-৮০ জন মালিক স্বাক্ষরিত অনাস্থাপত্র নিয়ে তৎকালীন এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের কাছে গেলে চাচার পক্ষ নিয়ে এ বিষয়ে বাড়াবাড়ি করতে বারণ করেন তিনি।

এদিকে, নাম প্রকাশ না করার শর্তে একটি গাড়ির মালিক ও লালমোহন বাজারের এক ইলেক্ট্রনিকস ব্যবসায়ী জানান, অরুণ পঞ্চায়েত নতুন ঘর করার সময় আমার গাড়ি ভর্তির বিষয়ে কথা বলতে তার বাসায় যাই। এ সময় গাড়ি ভর্তির ৩০ হাজার টাকা ও নতুন বাসার জন্য ৫টি ফ্যান দাবি করেন তিনি। পরে গাড়ি চালানোর স্বার্থে তার কথা মেনে নিতে বাধ্য হই।  এছাড়া দুই উপজেলার ৪টি রুটে প্রতিদিন চলাচল করা ৪০-৫০টি গাড়ি থেকে মালিক সমিতির নামে ১৮০ থেকে ২৫০ টাকা পর্যন্ত চাঁদা ওঠানো হতো। গড়ে দৈনিক ১০ হাজার টাকা হলে মাসে ৩ লাখ টাকা এবং বছরে ৩৬ লাখ টাকা চাঁদা উত্তোলন করা হয়েছে। ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৬ বছরে ৫ কোটি ৭৬ লক্ষ টাকা দাঁড়ায়। তবে এসব টাকার হিসেব আজও কোনো মালিক পায়নি।

এদিকে দিদারুল ইসলাম অরুণ পঞ্চায়েতের সময়ে অটো টেম্পো মালিক সমিতির কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা মো. জামাল উদ্দিন। তার বিরুদ্ধেও সমিতির টাকা লোপাটের অভিযোগ অটো টেম্পো মালিকদের। তবে এসব অভিযোগ অস্বীকার করে জামাল উদ্দিন বলেন, ওই স্ট্যান্ডের ইজারা বাবদ যে টাকা আসতো, শুধু সেটাই আমাকে দেয়া হতো। বাকি সব টাকা দিদারুল ইসলাম অরুণ পঞ্চায়েত নিয়ে যেতেন।

এসব অভিযোগের বিষয়ে জানতে লালমোহন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও অটো টেম্পো মালিক সমিতির সভাপতি দিদারুল ইসলাম অরুণ পঞ্চায়েতের মুঠোফোনে একাধিকবার কল করলেও তা বন্ধ পাওয়া যায়।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, এ সংক্রান্ত কোনো অভিযোগ পাইনি।

T.A.S / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত