রাজবাড়ীতে থামানো যাচ্ছে না ইলিশ ধরা
রাজবাড়ীর পদ্মা নদীতে শত শত জেলে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে রাত-দিন সমানতালে ইলিশ শিকার করে চলেছেন। পুলিশি তৎপরতা খুবই সীমিত। প্রশাসনের অভিযান পরিচালনা করা লোকজনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নদীতে শিকার করা ইলিশ পদ্মার বাঁকে বাঁকে হাট বসিয়ে বিক্রি করা হচ্ছে।
সরেজমিন ঘুরে পদ্মার রাজবাড়ীর, ধাওয়াপাড়া ফেরিঘাট, গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের অন্তার মোড় থেকে দৌলতদিয়া ইউনিয়নের কলাবাগান ও উজানচর ইউনিয়নের চর করনেশন পর্যন্ত নদীর সব জায়গায় শত শত মৌসুমি জেলেকে ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে অবৈধ কারেন্ট জাল দিয়ে ইলিশ শিকার করতে দেখা যায়। তবে এ সময় বেশকিছু প্রকৃত জেলেকে নদীর পাড়ে তাঁবু টাঙিয়ে জাল মেরামত করতে করতে অলস সময় কাটাতে দেখা যায়।
এ সময় অন্তার মোড়ে জাল মেরামতকালে এরশাদ বিশ্বাস, করম আলী বিশ্বাস, মো. সবুর শেখসহ একাধিক জেলে আক্ষেপ করে বলেন, আমরা জাল, দড়ি ও নৌকা নিয়ে বসে আছি। অথচ মৌসুমি জেলেরা রাত-দিন ইলিশ ধরে হাজার হাজার টাকা বিক্রি করছে। পুলিশ তাদের কখনো আটক করতে আসে না।
দৌলতদিয়া ঘাট নৌ ফাঁড়ির পুলিশ ও গোয়ালন্দ উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, প্রয়োজনীয় নৌযান ও পর্যাপ্ত অর্থনৈতিক বাজেট না থাকায় ইলিশ রক্ষা অভিযান পুরাপুরি সফল করা সম্ভব হচ্ছে না। জেলেদের শক্তিশালী ইঞ্জিনচালিত ট্রলারের সাথে প্রশাসনের দুর্বল বোট কুলিয়ে উঠতে না পারায় তাদের আটক করা সম্ভব হয় না।
অনুসন্ধানে দেখা যায়, ছোট ভাকলার অন্তার মোড়, দেবগ্রামের কাওলজানি, মুন্সীপাড়া, দৌলতদিয়ার বেপারীপাড়া, বাহেরচর, দৌলতদিয়া, কলাবাগান, করনেশনসহ পদ্মার পাড়ে প্রতিনিয়ত ইলিশ বেচা-কেনা হচ্ছে। প্রতি কেজি ইলিশ ৩০০ থেকে ১৫০০ টাকায় বিক্রি হয়। দৌলতদিয়া ঘাটের কয়েক কিলোমিটার পূর্বে পদ্মাপাড়ের দুর্গম চরে জেলেদের ইলিশ বেচা-কেনার অভয় কেন্দ্র হিসেবে পরিচিত আড়ত রয়েছে। ওই আড়তে সব সময় শত শত কেজি ইলিশ হাজার হাজার টাকায় অবাদে বিক্রি হয়ে থাকে। এখান থেকে বেপারীরা পাইকারি দরে কিনে বিভিন্ন হাট-বাজারে নিয়ে যায়। তবে এদের প্রতিরোধে থানা পুলিশ বা প্রশাসনের কোনো তৎপরতা নেই বললেই চলে।
নৌ পুলিশ নদীতে অভিযান চালালেও প্রয়োজনের তুলনায় তা খুবই কম। দৈনিক রাজবাড়ী সদর ও উপজেলা মৎস্য কর্মকর্তারা নদীতে অভিযানে গেলে জেলেরা তাদের ওপর আক্রমণ করার চেষ্টা করে। তাদের মারমুখী ভূমিকায় মৎস্য কর্মকর্তারা পিছু হটতে বাধ্য হন। এদিন দৌলতদিয়া ঘাট নৌ পুলিশ চার জেলেকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে এলে তাদের জেল-জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, সেনাবাহিনীর সদস্যদের সাথে নিয়ে মাঝে মাঝে অভিযান পরিচালনা করা হচ্ছে। নদীতে মা ইলিশ রক্ষার অভিযান অব্যাহত রয়েছে। তবে নৌযান সংকটে অভিযান পুরাপুরি সফল করা সম্ভব হচ্ছে না।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান