ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

সুবর্ণচরে বর্ষাকালেও তরমুজের বাম্পার ফলন: কৃষিখাতে নতুন দিগন্তের উন্মোচন


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ৭-৭-২০২৫ বিকাল ৫:৫

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অসময়ে তরমুজ চাষ করে ব্যাপক সাফল্য অর্জন করেছেন কৃষক আবুল বাসার। বর্ষাকালের মতো প্রতিকূল মৌসুমে সফলভাবে তরমুজ উৎপাদন করে তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তুলনামূলক কম খরচ, বাম্পার ফলন এবং বাজারে ভালো চাহিদা থাকায় এই চাষাবাদ তাকে অর্থনৈতিক স্বচ্ছলতা এনে দিয়েছে, যা দেখে আশপাশের অনেক কৃষকও এখন এই পদ্ধতিতে চাষে আগ্রহী হয়ে উঠছেন।

মো. আবুল বাসার সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের স্থানীয় আবুল খায়েরের ছেলে। কৃষির প্রতি দীর্ঘদিনের আগ্রহ থাকলেও এবারই প্রথম তিনি পরীক্ষামূলকভাবে তরমুজ চাষ করেন। মাত্র ১৫ শতক জমিতে শশার পাশাপাশি মাচার ওপরে ‘বাংলালিংক’ জাতের তরমুজের চাষ করেন তিনি। একইসাথে মাচার নিচে মাছ চাষ করায় উৎপাদন খরচ অনেকটাই সাশ্রয় হয়েছে।

সরেজমিনে দেখা যায়, বাঁশ দিয়ে তৈরি করা মাচায় অসংখ্য ছোট-বড় তরমুজ ঝুলে আছে এবং পাশেই শশা গাছও রয়েছে।

কৃষক আবুল বাসার এই প্রতিবেদককে জানান, পুরো ব্যবস্থাপনায় তার খরচ হয়েছে মাত্র ২০ হাজার টাকা। মাত্র আড়াই মাসেই গাছে বাম্পার ফলন এসেছে। ইতোমধ্যে বিভিন্ন ব্যবসায়ীরা ভালো দাম দিচ্ছেন। ফলন ও দাম অনুকূলে থাকায় তিনি আশা করছেন অন্তত ১ লাখ টাকার বেশি লাভ হবে এবার। তিনি বলেন, "আমি কখনো বর্ষাকালে তরমুজ চাষ করিনি। তাই বর্ষাকালে তরমুজ চাষ একটি বড় চ্যালেঞ্জ ছিল। তবে সঠিক পরিকল্পনা, পরিচর্যা আর ভাগ্য অনুকূলে থাকায় এবার ভালো ফলন পেয়েছি। মাচায় চাষ করায় জলাবদ্ধতার প্রভাব পড়েনি। আমার ফলন দেখে অনেকেই এখন এই পদ্ধতিতে চাষে আগ্রহী।"

স্থানীয় ব্যবসায়ীরা জানান, অল্প জমিতে বাম্পার ফলন হওয়ায় কৃষক আবুল বাসারের আনন্দের শেষ নেই। তার সফলতা দেখে এলাকার অন্য কৃষকরাও উৎসাহিত হচ্ছেন। তারা আরও বলেন, "আমাদের সড়কগুলোর বেহাল দশা। শশা চাষ করলে নিয়মিত বাজারে পাঠাতে হয়, কিন্তু তরমুজ চাষ করলে ১৫ দিনে একবার বাজারে পাঠাতে হয়। এতে কৃষকের খরচ কমে আসে এবং ভালো দাম পায়।" আবুল বাসারের এমন সাফল্য শুধু তার পরিবারের মুখেই হাসি ফোটায়নি, আশেপাশের কৃষকদের মাঝেও এনে দিয়েছে নতুন সম্ভাবনার আলো।

সুবর্ণচর উপজেলা কৃষি অফিসার হারুন অর রশিদ বলেন, "আবুল বাসারের এ ধরনের উদ্যোগ আমাদের কৃষির নতুন সম্ভাবনার দিক দেখাচ্ছে। বর্ষাকালে মাচায় তরমুজ চাষ একটি উদ্ভাবনী পদ্ধতি। এতে করে অনাবাদি কিংবা জলাবদ্ধ এলাকার জমিও ব্যবহার করা সম্ভব। উপজেলায় মোট ১৫ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। স্থানীয় বাজারে এখন তরমুজের চাহিদা বেশি, কারণ এটি সাধারণত গ্রীষ্মকালীন ফল হলেও এখন বর্ষাকালে পাওয়া যাচ্ছে। ফলে এর দামও ভালো মিলছে।"

এমএসএম / এমএসএম

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি