ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

অর্ধশতাধিক মামলার ভার নিয়েও থামেননি মৌলভীবাজার-৪-এর এমপি হাজী মুজিব


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ১৬-২-২০২৬ দুপুর ২:৪০

অর্ধশতাধিক রাজনৈতিক মামলার ভার মাথায় নিয়েও রাজপথ ছাড়েননি মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী। তাঁর ভাষায়, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর ত্যাগের তুলনায় তাঁর ত্যাগ কিছুই নয়।
দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে ছিলেন হাজী মুজিব। গত ১৭ বছরে তাঁর বিরুদ্ধে ৭৫টিরও বেশি রাজনৈতিক মামলা হয়েছে। একই সময়ে দলের অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধেও দায়ের হয় একাধিক মামলা। এ দীর্ঘ সময়ে মামলা পরিচালনা, আইনি সহায়তা ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি।
নেতাকর্মীদের দুঃসময়ে একদিনের জন্যও পিছু না হটার কথা জানিয়ে হাজী মুজিব বলেন, “আমি চার বছরেরও বেশি সময় কারাবন্দি ছিলাম। এ সময় আমার ভাই অসুস্থ হয়ে মারা যান, তাঁর পাশে থাকতে পারিনি। জেল-জুলুম ও ফেরারি জীবনের কারণে ব্যবসায় ধস নেমেছে, ব্যাংক ঋণ বেড়েছে, পরিবার চরম দুর্দশায় পড়েছে। জেল থেকে বের হওয়ার পর আমাকে রাজনীতি ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকেও নানা চাপ ছিল। কিন্তু যখন দেখলাম আমার নেত্রী কারাগারে, আমার নেতা নির্বাসনে—তখন আর চুপ থাকতে পারিনি।”
তিনি আরও বলেন, “যেখানে সভা করেছি, সেখানেই মামলা হয়েছে। অধিকাংশ মামলায় এক নম্বর আসামি ছিলাম আমি। বহুবার ঈদের নামাজ বাড়িতে আদায় করতে পারিনি। একবার ঈদের দিন সেমাই খাওয়ার প্রস্তুতির মধ্যেই পুলিশ বাড়িতে আসে; পেছনের দরজা দিয়ে বেরিয়ে যেতে হয়েছে। শ্রীমঙ্গল পূর্বাশায় আমার প্রতিষ্ঠিত হাজী মুজিব ফাউন্ডেশনে ইফতার অনুষ্ঠানে ভাঙচুর হয়েছে, অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। ব্যবসায়িক ক্ষতি সামাল দিতে শখের বাড়িটিও বিক্রি করতে বাধ্য হয়েছি।”
তবে এসব কষ্ট এখন আর মনে রাখেন না বলে জানান তিনি। তাঁর কথায়, “নেত্রী ও নেতার ত্যাগের কথা মনে হলে নিজের ত্যাগ তুচ্ছ মনে হয়। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি—দল ও এলাকার মানুষ আমাকে মূল্যায়ন করেছেন। সিলেট বিভাগের মধ্যে সর্বাধিক ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতীকে বিজয়ী হওয়া আমার বড় প্রাপ্তি। এখন আমার ব্রত—মানুষের পাশে থাকা ও দেশের উন্নয়নে কাজ করা।”
দলের নেতাকর্মীরাও তাঁকে ‘কর্মীবান্ধব’ নেতা হিসেবে উল্লেখ করেছেন। শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী বলেন, “শতাধিক নেতাকর্মীর মামলার দেখভাল তিনি নিজে করেছেন। দুঃসময়ে পাশে থেকেছেন।” কমলগঞ্জ উপজেলা বিএনপির প্রাক্তন সভাপতি দুরুদ আহমদ বলেন, “সংসদে যেতে না পারলেও অতীতে দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতির অনেকটাই তিনি ব্যক্তিগত উদ্যোগে বাস্তবায়ন করেছেন।”
হাজী মুজিবের উদ্যোগে প্রতিষ্ঠিত ও বাস্তবায়িত বিভিন্ন কাজের মধ্যে রয়েছে—কুশালপুরে উম্মেরুন্নেছা দাতব্য চিকিৎসালয়, আলেপুরে আব্দুল গফুর মহিলা কলেজ, হাজী মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়, শামীম আহমদ চৌধুরী প্রাথমিক বিদ্যালয়, জহির উদ্দিন চৌধুরী হাফিজিয়া মাদ্রাসা, চিশতী ডায়াবেটিক সেন্টার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সীমানা প্রাচীর নির্মাণ ও মাঠ ভরাট, বেঞ্চ-ডেস্ক প্রদান, শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, কাঁচা রাস্তা ইটসোলিং ও নতুন রাস্তা নির্মাণ, ধলাই নদীর বিভিন্ন স্থানে বাঁধ নির্মাণ, চা-বাগান এলাকায় নাটমন্দির ও দেবালয় নির্মাণ, সাংস্কৃতিক সংগঠনে অনুদান এবং কন্যাদায়গ্রস্ত পরিবারের বিয়েতে সহায়তাসহ নানা জনকল্যাণমূলক কার্যক্রম।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতা পরেশ কালিন্দী বলেন, “চা-বাগান এলাকার মানুষ বিপুল ভোটে তাঁকে জয়ী করেছেন। আমরা আশা করি, তাঁর হাতে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব এলে চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।”
শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মনে করেন, দীর্ঘ জেল-জুলুম ও রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও যেভাবে হাজী মুজিব এলাকায় উন্নয়ন ও জনসংযোগ অব্যাহত রেখেছেন, তা তাঁকে সাধারণ মানুষের কাছে আলাদা গ্রহণযোগ্যতা দিয়েছে। তাঁদের প্রত্যাশা, দলীয় ও জাতীয় পর্যায়ে তাঁর এই অভিজ্ঞতা ও ত্যাগের যথাযথ মূল্যায়ন হবে।

এমএসএম / এমএসএম

সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প

আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার

নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই

‎কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু

যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড

কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী

গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত