ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

পুষ্টির বদলে স্বাস্থ্যঝুঁকি,মিড-ডে মিল বন্টনে অনিয়ম


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ৭-৫-২০২৬ দুপুর ৩:২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘মিড-ডে মিল’ নামে পরিচিত স্কুল ফিডিং কর্মসূচির আওতায় নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাবার বিতরণের অভিযোগ উঠেছে। বিভিন্ন বিদ্যালয়ে পচা দুধ, কাঁচা কলা, নিম্নমানের বানরুটি, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও নষ্ট সেদ্ধ ডিম বিতরণের ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

অভিযোগ রয়েছে, খাবার সরবরাহের দায়িত্বে থাকা কুলাউড়ার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইসলাম ট্রেডার্স কর্মসূচির শুরু থেকেই খাবারের গুণগত মান বজায় না রেখে দায়সারাভাবে সরবরাহ কার্যক্রম পরিচালনা করছে। সম্প্রতি নানা অভিযোগের মধ্যেই প্রতিষ্ঠানটি গত এক সপ্তাহ ধরে খাবার সরবরাহও বন্ধ রেখেছে।

উপজেলার ফুলছড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ১৯২ জন হলেও নিয়মিত খাবার পাচ্ছে ১৬৫ জন। সরকার ঘোষিত রুটিন অনুযায়ী একাধিক খাদ্য উপকরণ দেওয়ার কথা থাকলেও অধিকাংশ সময় শিক্ষার্থীদের একটি মাত্র আইটেম দেওয়া হচ্ছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক জলি দেব বলেন, '১৬টি বানরুটি মেয়াদোত্তীর্ণ ও তারিখবিহীন পাওয়া যায়। সেগুলো আমরা শিক্ষার্থীদের খেতে দেইনি। গত শনি ও রোববার কোনো ধরনের খাবারও পাইনি। চাহিদা অনুযায়ী খাবার কম পাওয়ায় বাচ্চাদের মধ্যে বণ্টন করতে হিমশিম খেতে হয়।'

শিক্ষার্থীরাও জানায়, প্রথমদিকে দুধ, ডিম, কলা ও বানরুটি রুটিন অনুযায়ী দেওয়া হলেও এখন বেশিরভাগ সময় একটি মাত্র খাবার দেওয়া হচ্ছে। এতে অনেকেই খাবার খেতে অনীহা প্রকাশ করছে।

গত বৃহস্পতিবার উপজেলার ভাড়াউড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সেদিন শুধু বানরুটি বিতরণ করা হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদা শারমিন বলেন, 'সরকারের নির্ধারিত রুটিন অনুযায়ী আমরা খাবার পাচ্ছি না। দুধের সঙ্গে বিস্কুট, ডিমের সঙ্গে বানরুটি ও কলার সঙ্গে বানরুটি দেওয়ার কথা থাকলেও এখন সিঙ্গেল আইটেম দেওয়া হচ্ছে।'
তিনি আরও বলেন, 'যেদিন শুধু বানরুটি দেওয়া হয়, সেদিন শিক্ষার্থীদের খেতে কষ্ট হয়।'

খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ইসলাম ট্রেডার্সের ম্যানেজার সাইফুর রহমান বলেন, 'সব অভিযোগ সত্য নয়। তবে কিছু সমস্যা থাকতে পারে। আমরা সমাধানের চেষ্টা করছি। ফ্যাক্টরিজনিত সমস্যা, বিদ্যুৎ সংকট ও নতুন মেশিন স্থাপনের কারণে আপাতত এক সপ্তাহ খাদ্য সরবরাহ বন্ধ রয়েছে। আগামী শনিবার থেকে পুনরায় সরবরাহ চালুর চেষ্টা চলছে।'
শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, 'নিম্নমানের খাবার, মেয়াদোত্তীর্ণ বানরুটি ও অর্ধসিদ্ধ ডিম সরবরাহের বিষয়ে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা অভিযোগ করেছেন। আমি একাধিকবার ঠিকাদারি প্রতিষ্ঠানকে সতর্ক করেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। ইউএনও মহোদয়ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেছেন। শিক্ষার্থীদের খাবার নিয়ে কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না।'
তিনি জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে এক সপ্তাহ খাবার সরবরাহ বন্ধ রাখার বিষয়েও লিখিতভাবে জানানো হয়েছে।
এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন, 'এ বিষয়টি সরাসরি আমার বিভাগের না হলেও অভিযোগ জানার পর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ঠিকাদারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছি। এক সপ্তাহ ধরে খাবার সরবরাহ বন্ধ রয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুষ্টির বদলে কোমলমতি শিক্ষার্থীরা স্বাস্থ্যঝুঁকিতে থাকবে, এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সফিকুল আলম বলেন, 'খাবারের মান নিয়ে ওঠা অভিযোগ গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ভিডিও ও তথ্যপ্রমাণ পাঠাতে বলা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হবে।'
এদিকে, নিম্নমানের খাবার বিতরণে অভিভাবকদের মধ্যেও তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয় সচেতন মহল বলছে, শিশুদের পুষ্টি নিশ্চিত করার সরকারি প্রকল্পে এমন অব্যবস্থাপনা অত্যন্ত দুঃখজনক। দ্রুত মানসম্মত খাবার সরবরাহ নিশ্চিত না করা হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছেন তারা।

গত সপ্তাহে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং খাবারের মান ও বণ্টন ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

এমএসএম / এমএসএম

গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে শালিখায় কর্মশালা অনুষ্ঠিত

নড়াগাতীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের

চাঁদপুরে খাল দূষণ ও ভরাট করায় দুই রাইস মিল মালিকের জরিমানা

ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন উদ্যমে ঘর নির্মাণের কাজ শুরু

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই বংশের সংঘর্ষ, আহত ১৪

তারাগঞ্জে দায়সারা ভাবে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত,কৃষকদের ক্ষোভ

চট্টগ্রাম ​কাস্টমস হাউসে ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকির ধুম

মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামে জেলা টাউন ক্লাবে আধুনিক ডিজিটাল প্রজেক্টর উদ্বোধন

গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত

এসিল্যান্ডের ড্রাইভার থেকে কোটি টাকার সাম্রাজ্য

কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসুরেন্সের আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের উন্নয়ন সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে প্রথমবারের মতো চালু হলো রেডি টু কুক ফিস