রায়গঞ্জে গরু চোরদের রুখতে বাঁশের গেট, পাহারায় গ্রামবাসীসহ থানা পুলিশ
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গরু চুরি প্রতিরোধে নেওয়া হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। চোরদের যাতায়াত ও পিকআপ ভ্যান প্রবেশ ঠেকাতে বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লার সংযোগ সড়কে বাঁশ বেঁধে তৈরি করা হয়েছে অস্থায়ী ব্যারিয়ার। পুলিশের উদ্যোগে স্থানীয় খামারি ও গ্রামবাসীর অংশগ্রহণে চলছে রাতভর পাহারাও।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, সন্ধ্যার পর থেকেই গুরুত্বপূর্ণ সড়ক ও গ্রামের প্রবেশপথে বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। কোথাও কোথাও স্থানীয় তরুণ ও কৃষকেরা দলবদ্ধ হয়ে লাঠি ও টর্চ হাতে পাহারা দিচ্ছেন। বিশেষ করে ধানগড়া, চান্দাইকোনা, ব্রহ্মগাছা ও ধামাইনগর ইউনিয়নসহ আশপাশের এলাকায় এ তৎপরতা বেশি দেখা গেছে।
ডুমরাই গ্রামের খামারি সবুজ হোসেন বলেন, অনেক কষ্ট করে গরু লালন-পালন করা হয়। কিন্তু সম্প্রতি সংঘবদ্ধ চোরচক্র ট্রাক বা পিকআপ নিয়ে গ্রামে ঢুকে দ্রুত গবাদিপশু চুরি করে নিয়ে যাচ্ছে। তাই নিজেদের নিরাপত্তার জন্য গ্রামবাসী একসঙ্গে কাজ করছেন।
শালিয়াগাড়ি গ্রামের বাসিন্দা মতিয়ার রহমান জানান, রায়গঞ্জ থানার নির্দেশনায় শালিয়াগাড়ি বাজারেও বাঁশের ব্যারিয়ার বসানো হয়েছে। পুলিশি টহলের পাশাপাশি স্থানীয়রা পাহারার ব্যবস্থা করেছেন। অপরিচিত কোনো যানবাহন গ্রামে প্রবেশ করলে তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু সামা সরকার বলেন, তাঁদের গ্রামের প্রবেশপথে শক্ত বাঁশ দিয়ে গেটের মতো ব্যারিয়ার তৈরি করা হয়েছে। রাত ১০টা থেকে ভোর পর্যন্ত খামারিরা পালাক্রমে পাহারা দিচ্ছেন। সন্দেহভাজন কাউকে দেখলে দ্রুত এলাকাবাসীকে সতর্ক করার ব্যবস্থাও রাখা হয়েছে। এ কাজে পুলিশের বিট কর্মকর্তা ও গ্রাম পুলিশ সদস্যরা সহযোগিতা করছেন।
চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান খান বলেন, জনবলের সীমাবদ্ধতার কারণে পুলিশের একার পক্ষে সব এলাকায় নজরদারি করা কঠিন। তাই খামারিদের এই সম্মিলিত উদ্যোগ চুরি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখছে। তবে কাউকে সন্দেহ হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশে খবর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, শুধু ঈদকে সামনে রেখে নয়, গত দুই মাস ধরেই উপজেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে বাঁশের ব্যারিয়ার বসানো হয়েছে। এ কাজে পুলিশের বিট কর্মকর্তা, গ্রাম পুলিশ ও স্থানীয় খামারিরা একসঙ্গে কাজ করছেন। তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগের ফলে উপজেলায় গরু চুরি অনেকাংশে কমে আসবে এবং খামারিরা নিরাপদে গবাদিপশু পালন করতে পারবেন।
এমএসএম / এমএসএম
জুড়ীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও অপরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অনুষ্ঠিত
বড়লেখায় নিসচা'র দোয়া মাহফিল ও কোরআন মাজিদ বিতরণ
কুতুবদিয়ায় বিসিকের লবণ মাঠের ফরম বিক্রিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
গলাচিপায় বন্দোবস্তকৃত জমি দখল নিয়ে সংঘর্ষ, হামলা ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম: এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী
রূপগঞ্জে আবাসন প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ
কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ২৭৫, আইনগত ব্যবস্থা ১৪২ জনের বিরুদ্ধে
মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা সেলিম বুরুচের মৃত্যুতে সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর শোক প্রকাশ
মনপুরায় মেঘনায় ১৯ জেলে আটক, ৯৫ হাজার টাকা জরিমানা
দেড়শ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন ক্ষেতলালের পশ্চিম দেওগ্রামের লাঠিয়ালরা
বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ঠেকানোর দায়িত্বে আনসার, নির্যাতনের শিকার ভ্যানচালক!