ঢাকা সোমবার, ১১ মে, ২০২৬

লবণের ন্যায্য মূল্যে না পেয়ে চাষীদের ঘরে চলছে নিরব কান্না


মহেশখালী প্রতিনিধি photo মহেশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১১-৫-২০২৬ দুপুর ১:২০

তথ্য অনুযায়ী কক্সবাজারে প্রায় ৪২ হাজারের অধিক লবণচাষি প্রত্যক্ষভাবে লবণ উৎপাদনের সাথে জড়িত রয়েছেন। দেশের মোট চাহিদার ৯৫℅ কাঁচা লবণ উৎপাদিত হয় কক্সবাজারের প্রান্তিক লবণচাষিদের অক্লান্ত পরিশ্রমে।তবে উৎপাদন খরচ বৃদ্ধি ও হঠাৎ বৃষ্টির এবং ন্যায্য দাম না পাওয়ায় কক্সবাজারে লবণচাষিদের গুনতে হচ্ছে বিশাল লোকসান।ফলে নিরব কান্না চলছে লবণ চাষিদের ঘরে।

দেশের সাদা সোনা খ্যাত কাঁচা লবণ বর্তমানে মাঠ পর্যায়ে বিক্রি হচ্ছে প্রতি কেজি মাত্র ৪ টাকা দরে। অথচ একই লবণ খুচরা বাজার থেকে ক্রেতাদের কিনতে হয় কেজিপ্রতি ৪৫ টাকায়। মণ হিসেবে যার দাম দাঁড়ায় ১ হাজার ৬০০ টাকা। পক্ষান্তরে উৎপাদন খরচের চেয়ে অনেক কমে মাত্র ১৬০ টাকায় এক মণ লবণ বিক্রি করছেন চাষিরা।

শুধু দাম নিয়েই হতাশা নয়, চলতি মৌসুমের শেষভাগে এসে কালবৈশাখী ঝড়ের থাবায় নোনাজলে তৈরি লবণ নোনাজলেই মিশে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। দিনরাত অক্লান্ত পরিশ্রমের এই ফসল এখন তাদের জন্য হয়ে উঠেছে ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’। 

চাষিরা বলছেন, প্রতি মণ লবণ উৎপাদনে জমি বর্গা, প্লাস্টিক আর শ্রমিকের মজুরি মিলিয়ে খরচ ঠেকছে প্রায় ৩৮০ থেকে ৪০০ টাকায় (কেজিপ্রতি খরচ সাড়ে ৯ থেকে ১০ টাকা)। অথচ সেই লবণ মাঠ থেকে বিক্রি করতে হচ্ছে মাত্র ১৬০ টাকায়। যদিও মিলাররা সেই লবণ কিনছেন ৩৪০ টাকায় (কেজি সাড়ে ৮ টাকা), বাকি ১৮০ টাকা যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটে।

এদিকে চাষিদের কাছ থেকে সংগ্রহ করা কাঁচা লবণ পরিশোধনের পর মিলারদের উৎপাদন খরচ বেড়ে দাঁড়াচ্ছে প্রতি মণে ১ হাজার থেকে ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত (কেজি ২৫-৩৫ টাকা)। এরপর উৎপাদকেরা সে লবণ প্যাকেটজাত করে প্রতি মণ বাজারে ছাড়ে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৮০০ টাকা দরে (কেজি ৪০-৪৫ টাকা)।

কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়ার লবণ চাষি আব্দুল করিম বলেন, প্রতি মণ লবণে আমাদের ২২০ থেকে ২৪০ টাকা লোকসান গুনতে হয়। বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো প্রতি কেজি লবণ ৪ টাকা দরে কিনে প্যাকেটে ভরে বাজারে ছাড়ে ৪০ টাকায়। মাঝখানে ৩৬ টাকা তাহলে কার পকেটে যায়? গত তিন বছর ধরে লোকসানের একই গ্লানি টানছি আমরা। 

কুতুবজোম ইউনিয়নের লবণচাষি রাহমত উল্লাহ বলেন,প্রায় ১০লাখ টাকা ঋণ দেনা করে লবণচাষে নেমেছি। উৎপাদিত লবণ বিক্রি করে যা পেয়েছি তা দিয়ে কোনো মতে মাঠে কাজ করা লোকজনের খরচ বহণ করেছি। অনেক টাকা ঋণ থেকে গেছে। ছেলেদের মেয়েদের পড়ালেখার খরচ দুরে থাক। ঋণের টাকা কিভাবে শোধ করব সেই চিন্তায় চোখের ঘুম আসেনা।চিন্তায় দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছি।

বিভিন্ন সূত্রে জানা যায়, কক্সবাজার ও চট্টগ্রামের লবণমাঠ থেকে উৎপাদিত পণ্য সরাসরি কারখানায় পৌঁছতে দেয় না একাধিক মধ্যস্বত্বভোগী। তারা বিভিন্ন এলাকা ঘুরে লবণ সংগ্রহ করে মিলমালিকদের কাছে সরবরাহ করে থাকে। অনেক সময় মিলমালিকদের নিজস্ব প্রতিনিধিরাও একই প্রক্রিয়ার সাথে জড়িত থাকেন।
এভাবেই একটি অদৃশ্য নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে বাজারে লবণের দাম ওঠানামা করে। অভিযোগ রয়েছে, মধ্যস্বত্বভোগীদের এই গোষ্ঠী পরস্পরের সঙ্গে সমন্বয় করে ইচ্ছামতো দাম নির্ধারণ করে।
আবার তাদের ওপর প্রভাব খাটায় বড় বড় লবণ প্রক্রিয়াজাত ও বাজারজাতকারী প্রতিষ্ঠানের মালিকরা। ফলে শেষ পর্যন্ত মাঠপর্যায়ে লবণের দাম নির্ভর করে এই দুই পক্ষের ইচ্ছা-অনিচ্ছার ওপর, আর এর বোঝা গিয়ে পড়ে সাধারণ চাষিদের কাঁধে যেখানে পরিশ্রম তাদের, কিন্তু লাভের বড় অংশ চলে যায় অন্যের ঘরে।

কক্সবাজার লবণ চাষি কল্যাণ সমিতির উপদেষ্টা আব্দুল শুক্কুর বলেন, শিল্প খাতে লবণ আমদানি করতে আদৌ কী ধরনের উদ্যোগ প্রয়োজন সে বিষয়ে গবেষণা করার মতো প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারের নেই। ফলে দ্রুত লবণ আমদানি বন্ধসহ চাষি পর্যায়ে লবণের দাম বাড়ানোর দাবি জানাচ্ছি আমরা। 

কক্সবাজার বিসিকের (লবণ শিল্প উন্নয়ন) উপ-মহাব্যবস্থাপক মো. জাফর ইকবাল ভূঁইয়ার তথ্য অনুযায়ী, চলতি বছরে কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া ও টেকনাফসহ আশপাশের এলাকাগুলোতে ৬৮ হাজার ৩৫৭ একর জমিতে লবণ চাষ হয়েছে। আর দেশে মোট ২৭ লাখ ১৫ হাজার মেট্রিক টন লবণের চাহিদা রয়েছে। ২০২৬ সালের এপ্রিল মাসের তথ্য অনুযায়ী দেশে লবণ উৎপাদন হয়ে ২৩ মেট্রিক টনের ও বেশি।

এমএসএম / এমএসএম

বারহাট্টায় শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন সহিংসতা বন্ধে নীতিমালা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

ঘিওর-বানিয়াজুরী আঞ্চলিক সড়কটি খানাখন্দে ভরা যানবাহন চলাচলে মারাত্মক হুমকি

কেশবপুরে অবৈধ ২ ক্লিনিক সিলগালা, কার্যক্রম বন্ধের নির্দেশ

ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে ইসলামের আলোকে ধর্মীয় নেতৃবৃন্দ ও ইমামগণের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

তালায় ফারিয়ার প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

জীবিকার তাগিদে মুন্সিগঞ্জের ৬০টি বেদে পরিবার বসবাস করছেন শিবচরে

ফতুল্লায় ফের বিস্ফোরণ, বাবা-তিন ছেলেসহ দগ্ধ ৪

বাগেরহাটের কচুয়ায় সরকারী রাস্তা বন্ধ করে ইমারত নির্মান, ইউএন’র নির্দেশে বন্ধ

রায়গঞ্জে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের অপমানের প্রতিবাদে মানববন্ধন

‎বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

একটি তিস্তা নদীর কারণে একটি জনপদ কীভাবে পশ্চাৎপদ হয়ে পড়েছে, রংপুর বিভাগ তার উদাহরণ

নোয়াখালীতে জায়গা দখল, চলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদ করায় মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

মধুখালীতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের সংগঠন ফারিয়ার মানববন্ধন