ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

জননিরাপত্তার স্বার্থে খানজাহান আলী মাজারসংলগ্ন দিঘির একমাত্র কুমিরটি অপসারণ


শরণখোলা (বাগেরহাট) photo শরণখোলা (বাগেরহাট)
প্রকাশিত: ৩-৬-২০২৬ বিকাল ৫:২

​বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান আলী (রহ.)–এর মাজার সংলগ্ন দীঘি থেকে অবশেষে সেই একমাত্র কুমিরটিকে অপসারণ করা হয়েছে। দীঘির পাড় থেকে এক শিশুকে কুমিরে টেনে নিয়ে যাওয়ার মর্মান্তিক ঘটনার পর, জননিরাপত্তার স্বার্থে প্রশাসনের জরুরি সিদ্ধান্তে আজ বুধবার দুপুরে প্রাণীটিকে উদ্ধার করে খুলনা বন্য প্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।

​স্থানীয় প্রশাসন ও বন বিভাগ সূত্রে জানা গেছে, আজ বুধবার সকাল থেকেই সুন্দরবন পূর্ব বন বিভাগ এবং খুলনা বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের একটি বিশেষজ্ঞ দল মাজার এলাকায় অবস্থান নেয়। সকাল সাড়ে ১০টার দিকে দীঘির পূর্ব পাড়ে কুমিরটির দেখা মিললে শুরু হয় সেটিকে ধরার চূড়ান্ত অভিযান। পরে দুপুর ১২টার দিকে বিশেষ কৌশলে খাবার দিয়ে কুমিরটিকে আটকে ফেলা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে সেটিকে সুরক্ষিতভাবে গাড়িতে তুলে খুলনার উদ্দেশ্যে রওনা দেয় বন বিভাগের টিম।

​বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন বলেন, "জননিরাপত্তার স্বার্থেই মাজারের দীঘির কুমিরটি অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত এটি খুলনার পুনর্বাসন কেন্দ্রে থাকবে। পরবর্তীতে বন্য প্রাণী বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে এর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।"

​এর আগে গতকাল মঙ্গলবার (২ জুন) রাতে বাগেরহাটের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাজারের সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও মাজার পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম মো. বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বন বিভাগ, ফায়ার সার্ভিস, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, মাজারের খাদেম এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

​সভায় জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, "সাম্প্রতিক ঘটনায় জনমনে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে। আমরা মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কুমিরটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দীঘির চারপাশের প্রয়োজনীয় নিরাপত্তা ও অবকাঠামো নিশ্চিত না হওয়া পর্যন্ত এটি বন বিভাগের হেফাজতেই থাকবে।"

​উল্লেখ্য, গত সোমবার (১ জুন) রাতে মাজারের দীঘির পাড় থেকে ফাতেমা (৮) নামের এক শিশুকে টেনে নিয়ে যায় কুমিরটি। পরদিন মঙ্গলবার ভোরে দীঘিতে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এই মর্মান্তিক ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ​এর আগে গত এপ্রিল মাসেও এই কুমিরটি দীঘির পাড় থেকে একটি কুকুরকে টেনে নিয়েছিল, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত হয়। তখন থেকেই লোকালয়ের একটি উন্মুক্ত দীঘিতে এমন হিংস্র বন্য প্রাণী রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠে।

​জরুরি সভায় মাজারের খাদেমরা স্পষ্ট জানান, বর্তমানে দীঘিতে টিকে থাকা একমাত্র নারী কুমিরটি হযরত খানজাহান আলী (রহ.)-এর আমলের সেই আদি কুমিরের বংশধর নয়।

​সভায় মাজার কেন্দ্রিক কুমির বাণিজ্য, তাবিজ বিক্রি ও দর্শনার্থীদের সাধারণ আবেগ ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের বিভিন্ন অনিয়মের বিষয়ও ক্ষোভের সাথে তুলে ধরেন অনেকে। বন্য প্রাণীর অজুহাতে মাজার প্রাঙ্গণে যাতে কোনো ধরনের অনৈতিক ব্যবসা বা দর্শনার্থী হয়রানি না হয়, সে বিষয়েও প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

​সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, খুলনা থেকে আসা বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের একটি দল কুমিরটিকে স্থানান্তরের কাজ সম্পন্ন করেছে। পুনর্বাসন কেন্দ্রে প্রাণীটির আচরণ ও শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী কারিগরি বিষয়গুলো নির্ধারণ করা হবে।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা