প্রবাসে বসে লীগের কমিটি বাণিজ্য ও বিতর্কিতদের পুনর্বাসন
সম্প্রতি আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা কমিটি ঘোষণা নিয়ে তুমুল বিতর্কের জন্ম দিয়েছে। অভিযোগ উঠেছে কলকাতা, ব্যাংকক এবং কানাডা থেকে চলছে আওয়ামী লীগের সহযোগী ও অংগসংগঠনের কমিটি বাণিজ্য, নিজেদের অপকর্মের দায় এড়াতে আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনাকে ঢাল হিসেবে ব্যবহারের অপচেষ্টাও চলছে বলে দাবী করেছেন তৃণমূলের নেতাকর্মীরা।
ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগে চলছে রমরমা কমিটি বাণিজ্য। এই বাণিজ্য থেকে বহিঃবিশ্বের ইউনিটগুলোও রেহাই পায়নি। অতি সম্প্রতি যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নতুন যে কমিটি ঘোষিত হয়েছে সাদ্দাম- ইনানের চাহিদামত ডলার দিতে না পারার অপরাধে ৫ আগস্টের পর আওয়ামী লীগের পক্ষে সবচেয়ে সরব এবং জনমত গঠন করা স্বপ্নীল খানকে কমিটিতেই রাখা হয়নি। ৫ আগস্টের পর মালয়েশিয়া চলে যাওয়া এবং সেখানে ১৪ মাস কাটিয়ে সদ্য দেশে ফেরা খন্দকার আমিরুল ইসলামকে বড় অংকের টাকার বিনিময়ে পাবনার সুজানগর উপজেলা ছাত্রলীগের সভাপতি বানানো হয়েছে। খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে জুলাই যোদ্ধাদের দেদারসে পদ দেওয়া হয়েছে। প্রতিবাদস্বরূপ জেলা কমিটির গুরুত্বপূর্ণ ২০ জনের অধিক ছাত্রনেতা পদত্যাগ করেছে। এখানেও উঠেছে বড় রকমের লেনদেনের অভিযোগ।
বাংলাদেশ ছাত্রলীগ খাগড়াছড়ি জেলা শাখার কমিটি ঘোষণার সাথে সাথেই শুরু হয় পদত্যাগের হিড়িক। পদত্যাগী নেতারা তাদের পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেন -আপনারা অবগত আছেন যে, ৫ আগস্টের বৈরী রাজনৈতিক পরিস্থিতির পর থেকে জীবনের ঝুঁকি নিয়ে খাগড়াছড়ির রাজপথে ছাত্রলীগের যে সমস্ত ভাই- বন্ধুরা সক্রিয় ছিলেন এবং ত্যাগ স্বীকার করেছেন, সদ্য ঘোষিত এই কমিটিতে তাদের অনেককেই মূল্যায়ন করা হয়নি। ঘোষিত এই কমিটিতে বিভিন্ন অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় আমার পক্ষে এই কমিটির পদ গ্রহণ সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় আমি স্বেচ্ছায় এবং সজ্ঞানে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের নবঘোষিত কমিটির পদ থেকে পদত্যাগ করলাম।
পদত্যাগকারী নেতাদের মধ্যে রয়েছেনঃ সাকিব আল হাসান, সহ- সভাপতি, শাহাদাৎ আরিফ, সহ -সভাপতি, তেপান্তর চাকমা, সহ- সভাপতি, রেজাউল আলম শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক, সাইমন চৌধুরী, মেহেদী আলম, শুভ দেব নাথ, রয়েল ত্রিপুরা, ক্যজাইরী মারমা, আরাফাত হোসেন, মো: মেহেদী হাসান, মো: আরিফুল ইসলাম সজীব, মো: ওমর ফারুক, রাজেন্দ্র ত্রিপুরা, তমাল বিকাশ ত্রিপুরা, মো: নুরুল আমিন (সুমন), বাবলু বড়ুয়া, অভি দে প্র: অভি কিষাণ।
অতি সম্প্রতি কুষ্টিয়া জেলায় যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ৩ টি কমিটিতেই বিতর্কিতদের ছড়াছড়ি। গেজেটভূক্ত জুলাইযোদ্ধা, ছাত্র অধিকার পরিষদের রানিং সহ-সভাপতি, কিশোর গ্যাং এর প্রতিষ্ঠাতা, বিবাহিত- সন্তানের জনক( ছাত্রলীগে পোস্ট পেয়েছে) , বিএনপি নেতার ছেলে, যুবদল নেতার ছোট ভাই, চুরির ঘটনায় গণপিটুনির শিকার এবং ঐ মামলার ৩ নাম্বার আসামিকে করা হয়েছে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। বিষাক্ত মাদক সেবনকালে ঈদের পরের দিন অসুস্থ হয়ে বন্ধুর মৃত্যু এবং নিজে গুরুতর অসুস্থ হওয়া কিশোর গ্যাং এর সেই নেতাটিই বর্তমান জেলা ছাত্রলীগের সভাপতি। এখানে বর্ণিত প্রতিটি ঘটনার সত্যতা যাচাই করে নিউজ কাটিং, গেজেট এবং দলীয় প্যাড সংরক্ষিত আছে।
চরম বিতর্ক এবং বাণিজ্যের অভিযোগ ওঠার পর নিজেদের পিঠ বাঁচাতে সাদ্দাম- ইনান, পরশ- নিখিল এবং সাচ্চু- আফজাল বাবু প্রত্যেকেই একই বয়ান হাজির করেছেন- ‘নেত্রী হুয়াটসআপে কমিটি পাঠিয়ে বারবার তাগাদা দিয়েছেন তাই নেত্রীর পাঠানো কমিটি হুবহু সাইন করে ফেসবুকে দিয়েছি’। এই বক্তব্যের সাথে আওয়ামী রাজনীতির সাথে যারা সম্পৃক্ত ও সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত প্রত্যেকেই দ্বিমত পোষণ করেছেন। দলের সর্বোচ্চ অভিভাবক সভানেত্রী শেখ হাসিনা কখনোই জুলাই যোদ্ধা, ছাত্র অধিকার পরিষদের নেতা, কিশোর গ্যাং এর নেতা, চুরির মামলার আসামী, মাদকসেবী, চাঁদাবাজ, বিএনপি নেতার ছেলে বা ভাইয়ের জন্য সুপারিশ করবেন না? সবচেয়ে বড় প্রশ্ন নেত্রী কেন হুয়াটসআপে একটি জেলার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের কমিটি করবেন ? এটি কি আদৌ বিশ্বাসযোগ্য ? নাকি নিজেদের কুকর্ম ঢাকতে শেখ হাসিনাকে বিতর্কিত করার চেষ্টা?
ফেসবুকে কুষ্টিয়া জেলা যুবলীগের কমিটি ঘোষণার পরপরই তীব্র ক্ষোভ এবং প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অনেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পদত্যাগ করেন। ০৪/০৪/২০২৬ ইং তারিখে এইচ এস এন তানভীর নবেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় : সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারলাম যে, গত ০২/০৪/২০২৬ ইং তারিখে কুষ্টিয়া জেলা যুবলীগের নতুন পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হয়েছে। উক্ত কমিটির বিষয়ে পূর্বে আমি অবগত ছিলাম না। আমার মতামত বা আমার অনুমতি ছাড়া কেন্দ্রীয় কমিটি আমাকে কুষ্টিয়া জেলা যুবলীগের সহ-সভাপতি পদ দিয়েছে। উক্ত সহ-সভাপতি পদ থেকে আমি স্বেচ্ছায় পদত্যাগ করলাম। এই লিখিত পদত্যাগ পত্রটি ইতিমধ্যে আমি কেন্দ্রীয় কমিটির কাছে প্রেরণ করেছি।
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক সাব্বির রহমান লুকাস ০৫/০৪/২০২৬ ইং তারিখে এবং সাংগঠনিক সম্পাদক ম: রেজাউল করিম রেজা ০৪/০৪/২০২৬ তারিখে এইভাবে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পদত্যাগ করেন।
পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আজমুল শেখ ০২/০৪/২০২৬ ইং তারিখে তার পদত্যাগ পত্রে লেখেন, আমি ৫ আগস্টের আগে থেকেই রাজনীতি থেকে দূরে চলে এসে চাকরি করে সংসার চালাই। আজ ফেসবুকের মাধ্যমে জানতে পারি কুষ্টিয়া জেলা যুবলীগের নবগঠিত কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক পদে আমার নাম। আমি সজ্ঞানে ও সুস্থ মস্তিষ্কে এই কমিটি থেকে পদত্যাগ করলাম।
সভাপতি মীর সাইফুল ইসলাম ‘ কানা সাইফুল’ নামে পরিচিত। ২০০১ সালে মাদক নিয়ন্ত্রণের আধিপত্য বিস্তারের সংঘর্ষে গোলাগুলিতে ডান চোখে গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই ‘কানা সাইফুল’ নামে গোটা এলাকায় পরিচিতি পায়। ২০০৩ সালে হিরোইন সেবনরত অবস্থায় বিপুল পরিমাণ অন্যান্য মাদকসহ নিজ বাসা থেকে গ্রেফতার হয়। সব লোকাল এবং জাতীয় গণমাধ্যমে এ সংক্রান্ত অসংখ্য নিউজ আছে। এছাড়াও ২০১৩ সালে অস্ত্রসহ কুষ্টিয়া সরকারী কলেজের হোস্টেল থেকে গ্রেফতার হয়। সাইফুলের আপন ছোট ভাই বাবু, কুষ্টিয়া শহর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
কুষ্টিয়া জেলা ছাত্রলীগ
সভাপতি মীর আহসানুল হাসান অভি, কুষ্টিয়ার কুখ্যাত কিশোর গ্যাং’ হাউজিং বয়েজ’ এর কর্ণধার। ২০২১ সালে অভির মাদক আড্ডায় ঈদের দুইদিন পর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব অতিরিক্ত মদ্যপানে মারা যায়, সেসময় গুরুতর অসুস্থ অবস্থায় অভিকে উদ্ধার করা হয়।
সাধারণ সম্পাদক পার্থ শাহরিয়ার অর্পন। পূর্বে কখনো তাকে কোনো মিছিল মিটিং এ দেখা যায়নি।
যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব বিশ্বাস, বাড়ি দৌলতপুর। ছাত্র গণ অধিকার পরিষদের বর্তমান কমিটির সহ-সভাপতি। পূর্বে কখনো ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল না। আরেক যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ হোসেন বিবাহিত এবং এক সন্তানের জনক।
মো: ফরহাদ হোসেন পাপ্পু ০২/০৪/২৬ তারিখে ঘোষিত কুষ্টিয়া জেলা যুবলীগের সহ- সম্পাদক পদ পায়। যুবলীগের রানিং সহ -সম্পাদক পদ থাকার পরও সদ্য ঘোষিত ছাত্রলীগের কমিটিতে তাকে ১নং সাংগঠনিক সম্পাদক পদ দেওয়া হয়েছে। আরেক সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন জমজমের পিতা আবুল কালাম আজাদ কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়ন যুবদলের নেতা।
নতুন কমিটির ৪৬ জনই পূর্বে ছাত্রলীগের কোনো দলীয় কর্মসূচি বা মিছিল মিটিং এ অংশ নেয়নি। এবং তাদের ছাত্রলীগের কোনো পর্যায়ের পদ-পদবী ছিল না।
কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগ
কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের ৯০ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে প্রেসরিলিজের মাধ্যমে ০৪/০৬/২০২৬ ইং তারিখে। ৯০ সদস্যবিশিষ্ট কমিটির মধ্যে ৭০ জনেরই জীবনের প্রথম রাজনৈতিক পদ-পদবী এটি। পুরো কমিটি নিয়েই বিতর্কের শেষ নেই। মানা হয়নি গঠনতন্ত্র। গঠনতন্ত্রে যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের তিনটি করে পোস্ট থাকলেও উক্ত কমিটিতে মোট নয়টি পদ দেওয়া হয়েছে।
চাঁদাবাজির মামলায় গ্রেফতার হওয়া খান মো: ওয়াহেদ রনি বর্তমানে ঘোষিত স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির সভাপতি। রনি পূর্বে কখনো ছাত্রলীগ বা স্বেচ্ছাসেবক লীগের রাজনীতি করেনি। তার বিরুদ্ধে রেলের জমি দখল, অবৈধভাবে বালু উত্তোলন, মেথরপট্টির জমি দখলসহ নানা অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে রনি ও তার পরিবার কুষ্টিয়ার বিখ্যাত মোহিনী মিল দখল করে রেখেছে। বর্তমানেও রনি পুরো পরিবার নিয়ে মোহিনী মিলের দখল করা একটি বাড়িতে বসবাস করে।
সাধারণ সম্পাদক আলিয়্যাল হাসান স্মরণ, যার প্রথম রাজনৈতিক পদপ্রাপ্তি এটি। পূর্বে তার কোনো রাজনৈতিক সম্পৃক্ততা বা পদ-পদবী কিছুই ছিল না। শহরজুড়ে প্রকাশ্যে গাজাসেবনের জন্য সে বেশ পরিচিত। ২৪ সালে জানুয়ারি মাসে চুরি এবং মারামারি অভিযোগের এলাকায় গনপিটুনি খেয়ে পুলিশ হেফাজতে থাকা স্বরন এখন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। এই বিষয়ে তখন মামলা হয়, স্মরণ সেই মামলার ৩ নাম্বার আসামী। ( মামলার কপি এবং গণপিটুনির ছবি সংযুক্ত আছে)
সহ- সভাপতি আবু মুছা, একজন গেজেটভূক্ত জুলাই যোদ্ধা। যার গেজেট নং- ৩৩২ এবং মেডিকেল কেস আইডি নং- ৩২৪৫১। বর্তমানে সে প্রতিমাসে গেজেটভূক্ত জুলাইযোদ্ধা হিসেবে ১০,০০০ টাকা করে ভাতা পায়। ২০২৪ সালের ৪ আগস্ট আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের উপর এই আবু মুছার নেতৃত্বে হামলা করা হয়।
সদ্য ঘোষিত কমিটি থেকে ঘোষণা দিয়ে পদত্যাগ করা যুবলীগের যুগ্ম আহবায়ক আশরাফুল আলম রুবেল বলেন, "বিতর্কিত ও ভিন্ন আদর্শের লোক এনে এই বিতর্কিত কমিটি দেয়া হয়েছে। এখানে যারা আছেন তারা কোনদিন আওয়ামী রাজনীতির সাথে যুক্ত ছিলেন না।"
পদত্যাগ করা যুবলীগের সহ-সভাপতি এস এম তানভীর নোবেল বলেন, " কুস্টিয়া জেলার বিতর্কিত আওয়ামী লীগ নেতা আনোয়ার আলী অর্থ বিনিময় করে এই কমিটি নিয়ে আসেছে। সেখানে আমি থাকতে পারি না।"
এইদিকে কুস্টিয়া সদর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আল- আমীন শেখ হিমেল বলেন, ' যে কমিটি জুলাই যোদ্ধা আর রাজনীতি না করা অনুপ্রবেশকারীদের দিয়ে করেছে, সেই কমিটি কুষ্টিয়ার মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।"
কুষ্টিয়া সরকারী কলেজের সাবেক সভাপতি ফেরদৌস খন্দকার বলেন, " বঙ্গবন্ধু কন্যা শেখা হাসিনার নাম ব্যবহার করে যারা সংগঠনকে দুর্বল ও বিতর্কিত করছে তাদের বিরুদ্ধে নেত্রীর জোরালো হস্তক্ষেপ কামনা করছি।"
সদ্য ঘোষিত কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি নিয়ে শহর কমিটির সহ-সভাপতি মহিবুল হাসান পরশ বলেন, "গেজেটেড জুলাই যোদ্ধা যাদেরকে বাংলাদেশের মানুষ দেশবিরোধী সন্ত্রাসী বলে জানে তাদেরকে দিয়ে এই নতুন কমিটি করা হয়েছে। আমরা এই কমিটিকে প্রত্যাখ্যান করছি।"
শহর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক সীমান্ত সাহা ও সাংস্কৃতিক সম্পাদক শোভন রয় বলেন, " ৫ আগস্ট পরবর্তী সকল নিপীড়ন ও নির্যাতন সহ্য করে যারা রাজপথে আছে তাদের জন্য এই পুরষ্কার দিল দল। আজ সংগঠনকে শেষ করতে একটি চক্র উঠে পড়ে লেগেছে। আমরা শেখ হাসিনার কাছে বিচার দাবী করছি।"
অন্যদিকে কমিটি বানিজ্যের সাথে জড়িত দেশের বাহিরে আত্মগোপনে থাকা সাদ্দাম- ইনান, পরশ- নিখিল এবং সাচ্চু- আফজাল বাবুর ফোনে বারবার যোগাযোগ করে তাদের পাওয়া যায়নি।
প্রবাসে বসে এই কমিটি বাণিজ্য ও বিতর্কিতদের জায়গা করে দেওয়া নিয়ে ত্যাগী, পরীক্ষিত ও আদর্শিক নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও হতাশা দেখা গেছে। সেইসাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক। জুলাই সন্ত্রাসীদের দিয়ে আওয়ামী লীগের কোনো কমিটি হতে পারে না। অনতিবিলম্বে এই সমস্ত কমিটি বাতিল এবং কমিটি বাণিজ্যর বিরুদ্ধে সভানেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মীরা।
এমএসএম / এমএসএম
ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট : জামায়াত
প্রবাসে বসে লীগের কমিটি বাণিজ্য ও বিতর্কিতদের পুনর্বাসন
বিএনপি সাইবার দলের কেন্দ্রীয় পদে সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে গণঅধিকার পরিষদের বার্তা
যুবদল ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ কমিটি ঘোষণা শিগগিরই, চলছে জোর আলোচনা
২৫ মে থেকে বিএনপির ৭ দিনের কর্মসূচি
কালীগঞ্জ উপজেলা নির্বাচনে এনসিপি’র চেয়ারম্যান প্রার্থী শাহ সুলতান নাহিদ
প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম
কংগ্রেসের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শামীম আহমদ
হামে আর একটি শিশুর মৃত্যুও দেখতে চাই না: নাহিদ ইসলাম
১০ মে উপজেলা চেয়ারম্যান ও মেয়র পদপ্রার্থী ঘোষণা করবে এনসিপি
নুসরাতকে এমপি নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ