লিফট আমদানিতে ৪৬ শতাংশ শুল্ক প্রত্যাহার ও ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণার দাবি
দেশের পরিকল্পিত নগরায়ণ ও আবাসন খাতের উন্নয়ন সচল রাখতে লিফট ও এস্কেলেটর আমদানির ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করে এটিকে পুনরায় ‘ক্যাপিটাল মেশিনারিজ’ বা মূলধনী যন্ত্রপাতি হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ এলিভেটর এস্কেলেটর অ্যান্ড লিফট ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন (বেলিয়া)। আজ বুধবার (১৭ জুন) সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে এ দাবি উত্থাপন করেন বেলিয়ার সভাপতি মো. শফিউল আলম উজ্জ্বল।
সংবাদ সম্মেলনে বেলিয়ার সভাপতি বলেন, বর্তমান নগরায়ণ, বহুতল ভবন নির্মাণ, শিল্পায়ন এবং অন্তর্ভুক্তিমূলক অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে লিফট কোনো বিলাসদ্রব্য নয়, বরং এটি একটি অপরিহার্য মূলধনী যন্ত্রপাতি। কিন্তু ২০২৩ সালে লিফটকে ক্যাপিটাল মেশিনারিজ শ্রেণি থেকে সরিয়ে কমার্শিয়াল পণ্য হিসেবে শ্রেণিবদ্ধ করার পর ২০২৪ ও ২০২৫ অর্থবছরেও ধারাবাহিকভাবে শুল্ক বৃদ্ধি করা হয়েছে। ফলে বিগত দুই বছরে লিফট আমদানির ওপর মোট শুল্কহার প্রায় ১১ শতাংশ থেকে বেড়ে ৪৬ শতাংশে উন্নীত হয়েছে। এর ফলে আবাসন শিল্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে নির্মাণ ব্যয় অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে এবং অনেক লিফট কোম্পানি ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হওয়ায় বহু মানুষ কর্মসংস্থান হারিয়েছেন।
সংবাদ সম্মেলনে সরকারের কাছে বেলিয়ার পক্ষ থেকে ৫টি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তুলে ধরা হয়। এগুলো হলো—লিফট ও এস্কেলেটরকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ হিসেবে ঘোষণা করা; লোড ফ্যাক্টর প্রতি কেজি ৩ মার্কিন ডলার থেকে কমিয়ে ১.৫০ মার্কিন ডলার নির্ধারণ; স্থানীয় উৎপাদনের নামে আমদানিকৃত কাঁচামালের অপব্যবহার রোধে কার্যকর নজরদারি; বন্দর পর্যায়ে স্কেলিং, মূল্যায়ন ও ক্লিয়ারিং প্রক্রিয়া দ্রুত ও সহজীকরণ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন নিরাপদ লিফট আমদানির জন্য শুল্ক ও কর কাঠামোর যৌক্তিক সংস্কার। সংগঠনের নেতৃবৃন্দ সতর্ক করে বলেন, শুল্ক ও করের অতিরিক্ত চাপের কারণে বাজারে কম খরচে নিম্নমানের বা রিকন্ডিশনড (Reconditioned) লিফট ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, যা জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছে। শুল্ক যৌক্তিকীকরণ করা হলে সাশ্রয়ী মূল্যে আন্তর্জাতিক মানসম্পন্ন ও নিরাপদ লিফট আমদানি নিশ্চিত করা সম্ভব।
সংবাদ সম্মেলনে একাত্মতা প্রকাশ করে রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেন, বর্তমানে লিফট আমদানির ওপর উচ্চহারে শুল্ক ও ভ্যাট আরোপিত থাকায় এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে সাধারণ ভোক্তা ও আবাসন শিল্পের ওপর। স্থানীয় শিল্প সুরক্ষার যুক্তি দেখিয়ে অতিরিক্ত শুল্ক আরোপ করায় বহুতল ভবনে লিফট স্থাপনের ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর প্রভাব শেষ পর্যন্ত ফ্ল্যাটের প্রতি বর্গফুটের মূল্য বৃদ্ধির মাধ্যমে সাধারণ ক্রেতার ওপর বর্তাচ্ছে, যার ফলে মধ্যবিত্তের জন্য নিজস্ব আবাসনের স্বপ্ন ক্রমশ দূরবর্তী হয়ে যাচ্ছে। রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক দেশের পরিকল্পিত নগরায়ণ, স্মার্ট সিটি বিনির্মাণ এবং নিরাপদ অবকাঠামো উন্নয়নের স্বার্থে লিফট খাতের প্রতি সরকারের ইতিবাচক দৃষ্টি আকর্ষণ করেন।
উক্ত সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বেলিয়ার সাধারণ সম্পাদক মো. ইয়াদুল হক, উপদেষ্টা এমদাদ উর রহমান এবং বেলিয়ার চট্টগ্রাম প্রতিনিধি মো. ইউসুফ নবী। বক্তারা আশা প্রকাশ করেন, সরকার লিফট খাতের যৌক্তিক দাবিসমূহ বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে, যা দেশের আবাসন, শিল্প ও সামগ্রিক অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমএসএম / এমএসএম
রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী
উত্তরার ১১ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন নারী-পুরুষ ও শিশু
১৫ বছরের সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ: ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিচারের দাবি
নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে ইমাম সেলিম
কামরাঙ্গীরচরে ২৫ পরিবারের বসতবাড়ি উচ্ছেদ করে স্কুল গঠন
ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু
গুলশান এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাজউক ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত
মুসলিম উম্মাহর ঐক্য ও পেট্রো-ডলারের আধিপত্য ভাঙার নতুন বার্তা: ইনসাফ গার্ডের স্মরণসভা
জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত জবির কৃতী শিক্ষার্থী কাওছার
আটাব নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, ভোটার তালিকা বাতিল ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন
সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি
আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড এ পুরস্কৃত হলেন খন্দকার রুহুল আমিন সিআইপি