ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

১৮ মাস পর রাকুল প্রীত


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯-৭-২০২৬ দুপুর ২:৪২

ভারতীয় অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের কাছে শরীরচর্চা ও ফিটনেস জীবনের গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘ ১৮ মাসের ইনজুরি বদলে দিয়েছে তার দৃষ্টিভঙ্গি। প্রায় দেড় বছর চিকিৎসা ও পুনর্বাসনের পর আবারও জিমে ফিরেছেন তিনি। তবে এ প্রত্যাবর্তন শুধুই শরীরচর্চায় ফেরা নয়, বরং জীবনের নতুন অধ্যায়ের শুরু হিসেবে দেখছেন রাকুল। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা জানিয়ে ৩৫ বছর বয়সী এই তারকা বলেন, ‘প্রতিটি যাত্রায় এমন একটি অধ্যায় থাকে, যে পরিকল্পনা কেউ করে না। ইনজুরির মাধ্যমে সেই অধ্যায় এসেছিল আমার জীবনে।’
ফিটনেসের দিক দিয়ে প্রতিদিন নিজেকে আরও সমৃদ্ধ করার দিকে মনোযোগ দেওয়ার সময়ই হঠাৎ পুরোপুরি থেমে যেতে হয়েছিল রাকুলকে। তার ভাষায়, ‘সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় তাড়াহুড়ো করা যায় না। এ সময় ধৈর্য শব্দটির মানে বুঝেছি। কখনো হতাশা, কখনো সন্দেহ— এমনকি কতটা পিছিয়ে পড়ব, সেসব শঙ্কা তৈরি হয়েছিল। তবে ধীরে ধীরে বুঝেছি, কখনো কখনো আরও দৃঢ়ভাবে ফিরে আসার জন্য জীবন আপনাকে থামিয়ে দিতে পারে।’
ইনজুরির আগে ফিটনেসের লক্ষ্য ছিল ভারী ওজন তোলা এবং প্রতিদিন নিজেকে আরও শক্তিশালী করা। কিন্তু সুস্থতার সময়ে তার লক্ষ্য বদলে যায়। রাকুল বললেন, ‘আগে কী হারিয়েছি, সেসব নিয়ে না ভেবে যা আছে তার মূল্য দিতে শিখেছি। প্রতিটি ছোট উন্নতিকে অর্জন হিসেবে দেখছি।’
জিমে ফেরার অনুভূতি জানিয়ে রাকুল বললেন, ‘দীর্ঘ দেড় বছর পর সেখানে ফিরে আসা বাড়ি ফিরে আসার মতো। তবে আমি আগের সেই মানুষটি আর নেই। নতুন অভিজ্ঞতা ও শিক্ষা নিয়ে আরও শক্ত মানসিকতা নিয়ে ফিরে এসেছি।’
এদিকে নীতেশ তিওয়ারি পরিচালিত বহুল আলোচিত ‘রামায়ণ’ সিনেমায় শূর্পণখার চরিত্রে দেখা যাবে রাকুলকে। এ ছাড়া তার হাতে আছে ‘গাবরু’, ‘সাইড হিরো’ ও ‘ইন্ডিয়ানা ৩’।

 

Aminur / Aminur