আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শোকাবহ ১৫ আগস্ট আজ। ১৯৭৫ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। জাতির ইতিহাসের অন্যতম বেদনাবিধুর এ দিনটি এবারও এসেছে ভিন্ন রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায়। রাষ্ট্রীয়ভাবে কোনো আনুষ্ঠানিক কর্মসূচি না থাকলেও ইতিহাসের পাতায় ১৫ আগস্ট বাঙালির জন্য গভীর শোক ও স্মরণের দিন হয়ে আছে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বর সড়কের নিজ বাসভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। একই ঘটনায় শাহাদাতবরণ করেন তাঁর সহধর্মিণী শেখ ফজিলাতুন নেছা মুজিব, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেল এবং দুই পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামালসহ পরিবারের আরও কয়েকজন সদস্য। বিদেশে অবস্থান করায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা।
স্বাধীনতার পর দেশের রাজনৈতিক ইতিহাসে বঙ্গবন্ধুর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, স্বাধীনতার সংগ্রাম এবং একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাসের সঙ্গে তাঁর নাম গভীরভাবে জড়িয়ে আছে। তাই ১৫ আগস্টের হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে একটি গভীর ক্ষত হিসেবে বিবেচিত হয়ে আসছে।
রাষ্ট্রীয় কর্মসূচি নেই : আগের বছরগুলোতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলেও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দিবসটির রাষ্ট্রীয় মর্যাদা ও সরকারি ছুটি বাতিল করা হয়। ২০২৪ ও ২০২৫ সালের মতো এবারও রাষ্ট্রীয়ভাবে কোনো আনুষ্ঠানিক কর্মসূচি রাখা হয়নি।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে গঠিত বিএনপি সরকারও ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে। ফলে আজ সরকারি পর্যায়ে কোনো আনুষ্ঠানিক কর্মসূচি থাকছে না।
আওয়ামী লীগের আনুষ্ঠানিক কর্মসূচি নেই : সরকার পতনের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকেও এবার ১৫ আগস্ট উপলক্ষে কোনো আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করা হয়নি। তবে দলটির পক্ষ থেকে রাতে ভার্চুয়াল আলোচনা সভার কথা জানানো হয়েছে। এতে ভারতে অবস্থানরত দলীয় সভাপতি শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির নেতাকর্মীদের কেউ কেউ ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণ ও বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদনের ঘোষণা দিয়েছেন। তবে এসব কর্মসূচি বাস্তবায়ন হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
টুঙ্গিপাড়ায়ও নেই আনুষ্ঠানিক কর্মসূচি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধেও এবার আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো কর্মসূচি পালনের সুযোগ নেই। ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের মধ্যে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সে দলীয় নেতাকর্মীদের প্রবেশ সীমিত করা হয়।
সময় ও রাজনৈতিক বাস্তবতা বদলালেও ১৫ আগস্টের ঘটনা বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যাকাণ্ড নিয়ে রাজনৈতিক বিতর্ক থাকলেও ঘটনাটি দেশের ইতিহাসে গভীরভাবে প্রভাব ফেলেছে। প্রতি বছর ১৫ আগস্ট সেই ইতিহাস, রাষ্ট্রের জন্ম, রাজনৈতিক সংঘাত ও জাতির অতীত নিয়ে নতুন করে ভাবনার সুযোগ তৈরি করে।
শোকের এই দিনে ১৯৭৫ সালের নির্মম হত্যাকাণ্ডে নিহতদের স্মরণ করছেন ইতিহাসসচেতন মানুষ। একই সঙ্গে অতীতের ভুল, রাজনৈতিক সহিংসতা ও বিভাজন পেরিয়ে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশাও উচ্চারিত হচ্ছে।
এমএসএম / এমএসএম
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন
এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন
জুলাই স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার জায়গা না হয়: নাহিদ ইসলাম