দলীয়করণের ঊর্ধ্বে উঠে যোগ্যদের দায়িত্ব দিতে হবে : অ্যাডভোকেট জুবায়ের
দলীয়করণের ঊর্ধ্বে উঠে যোগ্যতা ও সততার ভিত্তিতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি বলেন, দলীয় মানসিকতার বাইরে গিয়ে অধিকাংশ যোগ্য মানুষকে দায়িত্ব দিতে হবে। আমি আমার দল থেকে সব দক্ষ, যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিকে দায়িত্ব দিলে একটি জাতি তার সঠিক গতি ও দিকনির্দেশনা বুঝতে পারবে। দলীয় পরিচয় যেন কারও কাজের ক্ষেত্রে বাধা না হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্রাব)-এর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জুবায়ের বলেন, সাংবাদিকতা একটি বিশেষায়িত পেশা। ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ৩১৮ সদস্যের এই পরিবার দীর্ঘ ৪৩ বছর ধরে সাংবাদিকতার অঙ্গনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। একটি সংবাদ একজন মানুষের কল্যাণের কারণ হতে পারে আবার একটি প্রতিষ্ঠান বা ব্যক্তির ক্ষতির কারণও হতে পারে। তাই সাংবাদিকদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও আমানতদারিতার পরিচয় দিতে হবে।
তিনি বলেন, আপনাদের একটি রিপোর্ট একজন মানুষের কল্যাণ করতে পারে, প্রতিষ্ঠানের জন্য ভালো হতে পারে। আবার আপনাদের একটি বক্তব্য বা রিপোর্ট একটি প্রতিষ্ঠানের ক্ষতির কারণ হতে পারে। এই দায়িত্বশীলতার জায়গা থেকেই প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করতে হবে।
সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, আইন ও অপরাধসংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের সর্বশেষ তথ্য জানা জরুরি। এসব বিষয়ে জ্ঞান না থাকলে সঠিকভাবে সংবাদ পরিবেশন করা সম্ভব হবে না।
দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, আয়তনে ছোট হলেও বাংলাদেশের জনসংখ্যা অনেক এবং দেশের সম্ভাবনার পাশাপাশি নানা সংকটও রয়েছে। এসব সংকট মোকাবিলায় সরকার, বিরোধী দল, প্রশাসন, সিভিল সোসাইটি ও বিভিন্ন পেশার মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আজকের বাংলাদেশ জুলাইয়ের আন্দোলনের শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে। যেখানে ১ হাজার ৪০০ মানুষ শহীদ হয়েছেন, ২০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। অসংখ্য মানুষ এখনো আহত অবস্থায় কাতরাচ্ছেন।
তিনি জুলাই আন্দোলনে আহত শিশু মুসার কথাও স্মরণ করেন। জুবায়ের বলেন, গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ সময় আইসিইউতে থাকা ওই শিশুর মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। মাথার খুলির একটি অংশ না থাকলেও সে এখনো বেঁচে আছে। এমন অসংখ্য আহত শিশু ও শহীদ পরিবারের প্রতি রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকা থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
সংস্কার প্রসঙ্গে জুবায়ের বলেন, দীর্ঘ সময় ধরে জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ৩৩টি দল দীর্ঘ সময় ধরে আলোচনায় অংশ নিয়ে সংস্কার প্রস্তাবের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে এবং গণভোটে জনগণও সংস্কারের পক্ষে রায় দিয়েছে।
তিনি বলেন, এই সংস্কার ছিল জুলাইয়ের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা, এই সংস্কার ছিল এই জাতির সবচেয়ে বড় প্রত্যাশা।
প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য প্রসঙ্গে জুবায়ের বলেন, প্রধানমন্ত্রীর হাতে যেন সীমাহীন ক্ষমতা কেন্দ্রীভূত না হয়, সে জন্য ক্ষমতার ভারসাম্য প্রয়োজন। গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে এককভাবে কোনো দলের প্রভাব না রাখার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।
নির্বাচন কমিশনের সাম্প্রতিক কিছু সিদ্ধান্তের প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন করেন, একটি সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সিদ্ধান্ত যদি কয়েক মিনিটের ব্যবধানে পরিবর্তন হয়ে যায়, তাহলে কীভাবে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন নিয়ে মানুষের আস্থা তৈরি হবে।
সংসদে সংস্কার বাস্তবায়নের বিষয়ে জুবায়ের বলেন, ১১ দলীয় ঐক্যজোট সংসদে বিষয়গুলো সমাধানের কথা বলেছে। সংসদে সমাধান না হলে রাজপথে কর্মসূচি দেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না বলেও তিনি জানান।
তিনি বলেন, আমরা ধারাবাহিকভাবে লং মার্চ শুরু করেছি। ৫ তারিখ ছিল ঢাকা-চট্টগ্রাম, আগামী ১৯ তারিখ ঢাকা। আমরা একের পর এক কর্মসূচি শান্তিপূর্ণ গণতান্ত্রিক পন্থায় পালন করব।
দেশের অর্থনৈতিক ও সামাজিক সংকটের কথা তুলে ধরে সরকারকে এসব বিষয়ে গভীরভাবে পর্যালোচনা করে দায়িত্ব পালনের আহ্বান জানান জুবায়ের। সময় চলে গেলে সবার ক্ষতি হবে বলেও মন্তব্য করেন তিনি।
একই সঙ্গে ভবিষ্যতে দলীয়করণের পুনরাবৃত্তি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো দল ক্ষমতায় গেলে যেন সবকিছু নিজেদের লোক দিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা না করে। দেশের যোগ্য, দক্ষ ও সৎ মানুষদের দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রীয় দায়িত্বে আনার প্রয়োজন রয়েছে।
বিদেশে থাকা বাংলাদেশি মেধাবীদের দেশের কাজে যুক্ত করার আহ্বান জানিয়ে জুবায়ের বলেন, বিশ্বের বিভিন্ন দেশে হাজার হাজার বাংলাদেশি পিএইচডি ও পোস্টডক্টরেটধারী রয়েছেন। দেশের উন্নয়নে বিদেশি পরামর্শকের ওপর অতিরিক্ত নির্ভরতার পরিবর্তে দেশের মেধাবীদের কাজে লাগানো উচিত।
তিনি বলেন, আমরা আমাদের দেশের ছেলেকে দেব না কেন? হাজারের ওপর বাংলাদেশের এ ধরনের পিএইচডি, পোস্টডক্টরেট আমি চিনি, যারা দুনিয়ার বিভিন্ন জায়গায় আছে। আমরা সেই যোগ্যতাসম্পন্ন মেধাবী তরুণ নেতৃত্বের হাতে বাংলাদেশটাকে তুলে দিতে চাই।
শিক্ষা, অর্থনীতি ও পররাষ্ট্রনীতির মতো মৌলিক বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐকমত্যের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। সরকার পরিবর্তন হলেও এসব মৌলিক বিষয়ে যেন বড় ধরনের পরিবর্তন না আসে, সে জন্য দীর্ঘমেয়াদি জাতীয় নীতির ওপর গুরুত্ব দেন জুবায়ের।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সাংবাদিকরা শুধু আমাদের বিবেক নয়, আমাদের পাহারাও। আপনারা আমাদের সমালোচনা করবেন, আমরা সেটাকে বরণ করে নেব।
ক্রাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান জামায়াতের এই নেতা। তিনি আগামীর বাংলাদেশকে দলীয়করণের ঊর্ধ্বে একটি দায়িত্বশীল ও মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
এদিকে, ক্রাইম রিপোর্টার্স ইউনিটির (ক্রাব) সাংবাদিকরা ঝুঁকি নিয়ে বড় বড় দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের তথ্য প্রকাশ করেন উল্লেখ করে তাদের সুরক্ষা দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড.শফিকুল ইসলাম মাসুদ।
তিনি বলেন, ক্রাইম রিপোর্টার্সের সম্পর্কে আমরা বলে থাকি, ছোট ছোট চুনোপুঁটি যেমন জাল থেকে বের হয়ে যায়, আর বড়গুলো আবার জাল ছিঁড়ে বের হয়ে যায়। ক্রাইম রিপোর্টার্স ইউনিটি মূলত এই ছোট মাছগুলো ধরার ক্ষেত্রে যেমন ভূমিকা পালন করে, তেমনি জাল ছিঁড়ে বের হয়ে যাওয়া বড় বড় দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত যাদের ধারে কাছে যাওয়ার কেউ সুযোগ পায় না, আমাদের এই ক্রাইম রিপোর্টার্সের সাংবাদিকরা তাদের তথ্য ফাঁস করার ক্ষেত্রে ঝুঁকি নিয়ে যে কাজ করেন।
তিনি বলেন, সেই ক্ষেত্রে অবশ্যই সরকার তাদের সুরক্ষা দেওয়া উচিত এবং সেই সুরক্ষা তারা দেবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি।
তিনি আরও বলেন, আমাদের ক্রাইম রিপোর্টার্স ইউনিটি যতটা শক্তিশালী থাকবে, বাংলাদেশের গণতন্ত্র তত বেশি শক্তিশালী হবে।
ক্রাবের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে সংগঠনটির সাংবাদিকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
aliul / aliul
স্থানীয় নির্বাচন নিরপেক্ষ হবে না : গোলাম পরওয়ার
মক্কা-মদিনার নিরাপত্তাকে সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে রাখতে হবে
দলীয়করণের ঊর্ধ্বে উঠে যোগ্যদের দায়িত্ব দিতে হবে : অ্যাডভোকেট জুবায়ের
হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে : রিজভী
স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দাবি, ইসিতে স্মারকলিপি
পবিত্র মক্কা নগরীতে হামলা চালানো হলে সোচ্চার হওয়া ঈমানি দায়িত্ব
গুম-হত্যার আসামিদের হস্তান্তর না করায় ভারতের সমালোচনা রিজভীর
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
আসিফ নজরুলকে গ্রেপ্তারের দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর
জনগণের ভোট আছে, অধিকার কতটা আছে– প্রশ্ন তাসনিম জারা
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে গাফিলতি ছিল কি না, তদন্তের দাবি জামায়াতের