ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতাই মুখ্য : চসিক মেয়র


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-১০-২০২৬ বিকাল ৭:২৮

চট্টগ্রামকে ‘ব্রেস্ট ক্যানসার অ্যাওয়ার সিটি’ হিসেবে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন। তিনি বলেছেন, স্তন ক্যানসার প্রাণঘাতী রোগ হলেও সচেতনতা, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা ও সময়মতো চিকিৎসার মাধ্যমে এর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার সম্ভাবনাও বেশি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষের কার্যালয় প্রাঙ্গণ থেকে স্তন ক্যানসার সচেতনতামূলক শোভাযাত্রার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

‘পিংক অক্টোবর ২০২৬’ উপলক্ষ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক), বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান সিএসসিআর এবং স্নাতকোত্তর সার্জিকাল শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান পিজিএস অ্যাকাডেমিয়ার যৌথ উদ্যোগে মাসব্যাপী কর্মসূচির শুরুতে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন মেয়র শাহাদাত হোসেন। পরে তিনি বলেন, একটি ‘ক্লিন, হেলদি, সেফ অ্যান্ড স্মার্ট’ চট্টগ্রাম গড়ে তোলার প্রত্যয়ের অংশ হিসেবে গত বছর অক্টোবর মাসকে ব্রেস্ট ক্যানসার অ্যাওয়ারনেস মাস হিসেবে পালনের উদ্যোগ নেওয়া হয়েছিল। এর ধারাবাহিকতায় এবারও ‘ব্রেস্ট ক্যানসার অ্যাওয়ারনেস প্রোগ্রাম-২০২৬’ আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে।

মেয়র বলেন, গত বছর সিএসসিআর যেভাবে ব্রেস্ট ক্যানসার সম্পর্কে সচেতনতা সৃষ্টি, রোগ নির্ণয় ও চিকিৎসার ক্ষেত্রে এগিয়ে এসেছিল, এ বছরও তারা একইভাবে এগিয়ে এসেছে। এজন্য তাদের ধন্যবাদ জানাই। পাশাপাশি চট্টগ্রামের অন্যান্য হাসপাতাল ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানকেও ব্রেস্ট ক্যানসার সচেতনতা, রোগ নির্ণয় ও চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

নারীদের মধ্যে স্তন ক্যানসার শনাক্তকরণে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, সামাজিক ও পারিবারিক কারণে অনেক নারী নিজেদের শারীরিক সমস্যার কথা প্রকাশ করতে সংকোচবোধ করেন। ফলে অনেক ক্ষেত্রে রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত হয় না। রোগ জটিল পর্যায়ে পৌঁছে গেলে চিকিৎসা কঠিন হয়ে পড়ে। তাই প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, নারীদের স্বাস্থ্য সুরক্ষায় পরিবার, চিকিৎসক, হাসপাতাল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। চট্টগ্রামকে ‘ব্রেস্ট ক্যানসার অ্যাওয়ার সিটি’ হিসেবে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই।

পিংক অক্টোবর উপলক্ষে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে মেয়র নিজ নিজ বাসাবাড়ি ও ব্যাবসাপ্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে একটি গোলাপি আলো জ্বালানোর অনুরোধ জানান। তিনি বলেন, এই ছোট্ট আলো মা, বোন, স্ত্রী ও কন্যাসহ প্রতিটি নারীর সুস্বাস্থ্য এবং স্তন ক্যানসার সচেতনতার প্রতি সংহতির প্রতীক হয়ে দাঁড়াবে।

তিনি বলেন, স্তন ক্যানসারের ক্ষেত্রে রোগ নির্ণয়ে দেরি হলে চিকিৎসা জটিল হয়ে যেতে পারে এবং মৃত্যুঝুঁকিও বেড়ে যায়। তাই কোনো ধরনের অস্বাভাবিকতা বা উপসর্গ দেখা দিলে সংকোচ না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় পরীক্ষা করানো জরুরি।

মেয়র আরও বলেন, স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরিতে চিকিৎসক, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। একটি সুস্থ ও সচেতন সমাজ গড়ে তুলতে প্রতিটি পরিবার থেকেই স্বাস্থ্যসচেতনতার চর্চা শুরু করতে হবে।

শোভাযাত্রায় চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ, সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. অজয় দেব, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন, চট্টগ্রাম মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আনিসুল হোসেন, চট্টগ্রাম বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি, চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান, সিএসসিআরের চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরসেদুল করিম চৌধুরীসহ চিকিৎসক, সাংবাদিক, নার্স এবং চসিক ও সিএসসিআরের সদস্যরা অংশ নেন।

শোভাযাত্রার শেষ প্রান্তে বিআরটিএর একটি দ্বিতল গোলাপি বাস অংশগ্রহণকারীদের দৃষ্টি আকর্ষণ করে। এ বাসের মাধ্যমে অক্টোবর মাসের প্রতি শনিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং কার্যক্রম পরিচালিত হবে। সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসকদের নেতৃত্বে এ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন এলাকার নারীদের স্তন ক্যানসার বিষয়ে সচেতন করা এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণে সহায়তা করা হবে।

আয়োজকরা জানান, পুরো অক্টোবরজুড়ে সচেতনতামূলক কর্মসূচি, স্ক্রিনিং, চিকিৎসা ও রোগ নির্ণয়সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে চট্টগ্রাম নগরে স্তন ক্যানসার বিষয়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

শোভাযাত্রাটি চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী, নার্স, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন বার্তাসংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন।

aliul / aliul

স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতাই মুখ্য : চসিক মেয়র

৪ হাজার ৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিটের

১৫ বছরের জন্য এনসিটি ইজারার সিদ্ধান্তে বন্দর রক্ষা কমিটির তীব্র ক্ষোভ

‘মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি বাল্যবিয়েকে উৎসাহিত করবে’

সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে সেপা চুক্তি সই হ‌বে

বাংলাদেশ-চীনের বন্ধুত্ব ভবিষ্যতে আরও গভীর হবে, আশা রাষ্ট্রপতির

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার

শি জিনপিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধ করে সমঝোতার পরিবেশ সৃষ্টি করতে হবে

ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু

ফেরদৌসী আহমেদের পদত্যাগ, সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির জামিন মেলেনি