৪৯তম বিসিএসে বাদ ৫৭ জন, ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন এবি পার্টির
বিসিএসের গেজেট প্রকাশের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়কে কোনোভাবেই মানদণ্ড করা যাবে না বলে মন্তব্য করেছে এবি পার্টি। দলটির নেতারা জানান, কোনো প্রার্থী ব্যক্তিগতভাবে ফৌজদারি অপরাধ, রাষ্ট্রবিরোধী বা আইনত নিষিদ্ধ কর্মকাণ্ডে জড়িত না থাকলে শুধু তার রাজনৈতিক পরিচয়, মতাদর্শ কিংবা পরিবারের কোনো সদস্যের রাজনৈতিক সম্পৃক্ততার কারণে চাকরি আটকে দেওয়া গ্রহণযোগ্য নয়।
৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশের পর বৃহস্পতিবার (১ অক্টোবর) এক বিবৃতিতে এ দাবি জানান এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. ওহাব মিনার ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। চূড়ান্ত গেজেটে ৫৭ জনের নাম স্থান পায়নি।
দলটির নেতারা বলেন, বিসিএসের মতো কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পিএসসির সুপারিশ পাওয়ার পরও কারও নিয়োগ আটকে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। একটি চাকরি শুধু একজন তরুণের কর্মসংস্থান নয়, এর সঙ্গে একটি পরিবারের জীবিকা ও ভবিষ্যৎ নিরাপত্তাও জড়িত। তাই এ বিষয়ে সরকারের সর্বোচ্চ স্বচ্ছতা, ন্যায়সংগত আচরণ ও মানবিকতা নিশ্চিত করা উচিত।
তারা বলেন, রাষ্ট্রের চাকরি কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নয়। একজন প্রার্থীর মূল্যায়ন হতে হবে তার নিজের মেধা, যোগ্যতা, সততা ও ব্যক্তিগত রেকর্ডের ভিত্তিতে। তার বাবা, চাচা বা মামা কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত- সেটি চাকরি পাওয়ার ক্ষেত্রে বিবেচনার বিষয় হতে পারে না বলে মন্তব্য করেন তারা।
এবি পার্টির নেতারা আরও বলেন, অতীতে রাজনৈতিক পরিচয় ও পারিবারিক রাজনৈতিক সম্পৃক্ততাকে কেন্দ্র করে মেধাবীদের বঞ্চিত করার অভিযোগ উঠেছিল। যারা তখন এর প্রতিবাদ করেছিলেন, ক্ষমতায় এসে তাদের আমলেও একই ধরনের অভিযোগ তৈরি হলে তা প্রশ্নের জন্ম দেবে। তাদের ভাষ্য, ক্ষমতার পরিবর্তনের অর্থ শুধু সরকার পরিবর্তন নয়, বরং রাষ্ট্রের আচরণ ও বঞ্চনার সংস্কৃতিরও পরিবর্তন হওয়া উচিত।
তারা ৪৯তম বিসিএসের গেজেট থেকে বাদ পড়া ৫৭ জনকে ব্যক্তিগতভাবে ফৌজদারি অপরাধে জড়িত না থাকলে গেজেটে অন্তর্ভুক্ত করার দাবি জানান। একই সঙ্গে অস্বচ্ছ ও হয়রানিমূলক ভেরিফিকেশন প্রক্রিয়া থেকে চাকরিপ্রত্যাশীদের মুক্তি দেওয়ার আহ্বান জানান।
এবি পার্টির নেতারা বলেন, মজলুমের কাতার থেকে ক্ষমতায় এসে যদি একই বঞ্চনার সংস্কৃতি চালু করা হয়, জনগণ তা মেনে নেবে না। ক্ষমতার পরিবর্তনের পাশাপাশি রাষ্ট্রের আচরণেও পরিবর্তন আনা প্রয়োজন।
aliul / aliul
৪৯তম বিসিএসে বাদ ৫৭ জন, ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন এবি পার্টির
'সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে'
বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ
ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ৯ উপজেলায় কমিটি চট্টগ্রাম দক্ষিণ বিএনপির
ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থান নির্ধারণ করে ব্যবসার সুযোগ দিতে হবে
মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : গোলাম পরওয়ার
ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন : আসিফ মাহমুদ
বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে সেটার বিচার জনগণই করবে
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ কাজে মনোযোগ দিতে বললেন জামায়াত এমপি সাইফুল আলম
চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই
জনগণের নিরাপত্তা ও জানমাল রক্ষা করাই প্রশাসনের প্রধান দায়িত্ব : গয়েশ্বর