ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

১৮ বছর পর একসঙ্গে অপু-আজাদ!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭-১০-২০২৬ দুপুর ১১:৯

ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা অপু বিশ্বাস ও মডেল-অভিনেতা আদনান আজাদের নতুন ফটোশুট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। দীর্ঘ ১৮ বছর পর রোমান্টিক আবহে এই জুটিকে একসঙ্গে দেখে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। জানা গেছে, নতুন সিনেমায় একসঙ্গে কাজ করার পরিকল্পনা থেকেই তাদের এই ফটোশুট।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আদনান আজাদের সঙ্গে তোলা বেশ কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করেন অপু বিশ্বাস। ছবিগুলো প্রকাশের পর অনেকেই প্রথমে আদনানকে চিনতে পারেননি। পরে জানা যায়, প্রায় ১৮ বছর আগে অপুর সঙ্গেই চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিষেক হয়েছিল তার।

বিষয়টি নিয়ে অপু বিশ্বাস জানান, কাজের প্রয়োজনে সম্প্রতি কয়েকজনের সঙ্গে ফটোশুট করেছেন তিনি। তবে আদনানের সঙ্গে করা ছবিগুলো প্রকাশের পর তুলনামূলক বেশি সাড়া পাচ্ছেন। ছবি প্রকাশের ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন বলেও জানান এই অভিনেত্রী।

অপু আরও বলেন, আদনান আবারও চলচ্চিত্রে কাজ করতে আগ্রহী। বড় পরিসরে ভালো সিনেমা নির্মাণের পরিকল্পনা রয়েছে তার। এ জন্য দেশের বাইরে থেকে সেরা একটি দল নিয়ে কাজ করার চিন্তাভাবনাও করছেন আদনান। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে কথাবার্তা চলছে। শিগগিরই তাদের আবারও দেখা হওয়ার কথা রয়েছে। সেই আলোচনায় সিনেমার পরিকল্পনা আরও এগোতে পারে।

তবে সম্ভাব্য সিনেমার নাম, গল্প কিংবা নির্মাণের সময় নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

পরিচালক গাজী মাজহারুল আনোয়ারের ‘পাষাণের প্রেম’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন অপু ও আদনান। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত ওই সিনেমার মাধ্যমেই চলচ্চিত্রে অভিষেক হয় আদনানের। দুজনের বাড়িই বগুড়ায়। পরে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে জনপ্রিয়তা পান অপু। অন্যদিকে আদনান অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি বন্য প্রাণী ও প্রকৃতির আলোকচিত্রী হিসেবেও পরিচিতি পেয়েছেন।

ফেসবুকে ছবি প্রকাশ করে আদনান অপুর সঙ্গে নতুন করে পথচলাকে ‘সেকেন্ড ইনিংস’ হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে অপু লিখেছেন, টুকরো টুকরো মুহূর্ত মিলেই তৈরি হয়েছে তাদের সুন্দর গল্প। পোস্টগুলোতে ভক্তদের ব্যাপক সাড়া মিলেছে। এখন দেখার বিষয়, এই ফটোশুট সত্যিই নতুন সিনেমার সূচনা করে কি না।

aliul / aliul