ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

নায়িকা শিমু হত্যা মামলায় সাফাই সাক্ষী ১৯ নভেম্বর


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭-১০-২০২৬ সকাল ৭:৫২

চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু হত্যা মামলায় আসামিদের সাফাই সাক্ষ্যে প্রদানের জন্য আগামী ১৯ নভেম্বর দিন ঠিক করেছেন আদালত।

আসামিদের আত্মপক্ষ শুনানি শেষে আজ সোমবার ঢাকার চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুসরাত জাবীন নিম্মী এ তারিখ ঠিক করেন।

এদিন আত্মপক্ষ শুনানিতে আসামি নিহত শিমুর স্বামী সাখাওয়াত আলী নোবেল ও তার সহযোগী এস এম ফরহাদ নিজেদের নির্দোষ দাবি করেন।

শুনানিকালে এই মামলায় কারাগারে থাকা দুই আসামি নোবেল ও ফরহাদকে আদালতে হাজির করা হয়। বিচারক আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান। এরপর আসামিদের কাছে জানতে চান তারা দোষী না নির্দোষ। তারা নিজেদের নির্দোষ দাবি করেন। 

এর আগে গত ৬ অক্টোবর মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। আদালত ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে।

২০২২ সালের ১৭ জানুয়ারি সকাল ১০টার দিকে স্থানীয়ভাবে সংবাদ পেয়ে কলাতিয়া ফাঁড়ির পুলিশ এবং কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ও কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হযরতপুর ইউনিয়ন পরিষদের আলীপুর ব্রিজ থেকে ৩০০ গত উত্তর পাশে পাকা রাস্তা সংলগ্ন ঝোঁপের ভিতর থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাতনামা ৩২ বছর বয়সী এক নারীর মৃতদেহ উদ্ধার করে। 

মৃতদেহের পরিচয় শনাক্ত করার জন্য আঙ্গুলের ছাপ নেওয়া হয়। পোস্টমর্টেমের জন্য মৃতদেহটি মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সাহায্যে মৃতদেহের নাম পরিচয় শনাক্ত করা সম্ভব হয়। 

তদন্তকালে জানা যায়, মৃতদেহটি চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর। দাম্পত্য কলহের জেরে ১৬ জানুয়ারি সকাল আনুমানিক ৭-৮ টার মধ্যে যেকোনো সময় খুন হন শিমু। শিমুকে হত্যার ঘটনায় তার ভাই হারুনুর রশীদ কেরানীগঞ্জ মডেল থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত করে ওই বছরের ২৯ আগস্ট কেরানীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর শহিদুল ইসলাম দুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। একই বছরের ২৯ নভেম্বর দুই আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু হয়।

শান্তা / শান্তা