ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মানবপাচার : হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের ভাই আটক


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪-১১-২০২৬ দুপুর ১১:৫৮

মানবপাচারের অভিযোগে হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের ভাই অ্যারন অরবানকে এক মাসের জন্য প্রাথমিক বিচারিক আটক রাখার নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। বুধবার (১১ নভেম্বর) হাঙ্গেরির বিচার বিভাগ এ নির্দেশ দেন।

একই মামলায় আরও একজন নারী সন্দেহভাজনকেও বিচারপূর্ব আটক রাখার আদেশ দেওয়া হয়েছে। বুদাপেস্টের আদালত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় তদন্ত ব্যুরো (এনএনআই) এবং জাতীয় সম্পদ পুনরুদ্ধার ও সুরক্ষা সংস্থার (এনভিভিএইচ) যৌথ অভিযানে অ্যারন অরবানসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। দুর্নীতিবিরোধী এই সংস্থাটি গত মে মাসে ক্ষমতায় আসা পিটার মাজারের সরকার প্রতিষ্ঠা করেছে।

জাতীয় তদন্ত ব্যুরোর (এনএনআই) তথ্য অনুযায়ী, একটি অপরাধী চক্রের অংশ হিসেবে মানবপাচারের সঙ্গে জড়িত থাকা এবং ২০২৪ সালে শতাধিক ভিয়েতনামি নাগরিককে ভিসা পেতে সহায়তা করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

এ জন্য তারা সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে ‘নিয়োগ কমিশন’ বা ফি আদায় করেছিলেন বলেও অভিযোগ রয়েছে। আদায় করা অর্থ তারা নিজেদের কাছে রেখে দিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে শুক্রবার এ ঘটনায় ক্ষোভ জানিয়ে সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবান অভিযোগ করেন, সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করার চেষ্টা করছে।

ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “তাদের লক্ষ্য আমি, আমার ভাই কেবল একটি হাতিয়ার।” এ ঘটনাকে ‘নোংরা আঘাত’ বলেও উল্লেখ করেছেন তিনি।

আদালত জানিয়েছে, গ্রেপ্তার হওয়া চারজনের বিরুদ্ধে আনা সন্দেহের পক্ষে যথেষ্ট ভিত্তি রয়েছে। তাদের মধ্যে একজনকে চার মাসের জন্য বিচারিক নজরদারিতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং একজন ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে।

সরকারি কৌঁসুলিরা অবশ্য চারজনকেই বিচারপূর্ব আটক রাখার আবেদন করেছিলেন। তাদের যুক্তি ছিল, অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যেতে পারেন, প্রমাণ গোপন করতে পারেন অথবা তদন্তের কাজে বাধা সৃষ্টি করতে পারেন।

বিচারকরা তিনজন সন্দেহভাজনের ক্ষেত্রে পালিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে বলে মনে করেছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

অ্যারন অরবান এবং আটক থাকা অপর নারী সন্দেহভাজনের ক্ষেত্রে আদালত আরও মনে করেছেন, তারা তদন্তে বাধা সৃষ্টি করতে পারেন।

বিশেষ করে ভবিষ্যতে সাক্ষ্য দিতে পারেন, এমন ব্যক্তিদের প্রভাবিত করার আশঙ্কা রয়েছে তাদের ঘিরে। আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে অভিযুক্তদের।

সূত্র : ইউরো নিউজ

aliul / aliul

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

মানবপাচার : হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের ভাই আটক

আসামে ট্রাক-মিনিবাস মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ২৬ জন

৪ ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক হলো যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে

হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান

কোরআনে হাত রেখে শপথ নেবেন আব্দুল এল-সায়েদ

মসজিদে নববিতে যে কারণে সারা বছর চলে ইফতারির আয়োজন

ভারতে রসগোল্লা ভেবে মুখে দেওয়ার পর বোমা বিস্ফোরণ, ১ জনের মৃত্যু

তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ সেনা নিহত

বিশ্বজুড়ে মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ

সৌদিসহ ‍উপসাগরীয় দেশগুলো অনুরোধে ইরানে হামলা চালাচ্ছি না: ট্রাম্প

এনভিডিয়া কেলেঙ্কারি : অপসারণের ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক

বাহরাইনে মার্কিন ঘাঁটির রাডার সিস্টেমে ইরানের হামলা