রেকর্ড ৫২৬৫ মিটারে থামল গভীর কূপের খনন
রেকর্ড ৫ হাজার ২৬৫ মিটারে (সোয়া ৫ কিলোমিটার) গিয়ে থামল গভীর কূপের (তিতাস-৩১) খনন কাজ। সম্ভাবনাময় ৭টি গ্যাস জোন চিহ্নিত করা হয়েছে, ডিসেম্বরে ডিএসটির (ড্রিল স্টেম টেস্ট) পর চূড়ান্ত ঘোষণা।
কূপটিতে ৫ হাজার ৫০০ মিটার খননের লক্ষ্যে কাজ শুরু হলেও, উচ্চচাপের কারণে ২৩৫ মিটার বাকি রেখেই খননকাজ সমাপ্ত করা হয়েছে।
এ প্রসঙ্গে তিতাস-৩১ গভীর কূপ খনন প্রকল্পের পরিচালক মো. মাহমুদুল নবাব বার্তা২৪.কমকে বলেছেন, কূপের অভ্যন্তরীণ চাপ ১৫ হাজার পিএসআই (চাপ বর্গ ইঞ্চি) হতে পারে এমন প্রস্তুতি ছিল আমাদের। কিন্তু ৫ হাজার মিটার নিচেই ১৫ হাজার ২০০ পিএসআই ছাড়িয়ে যায়। এরপর চাপ বাড়তে বাড়তে ১৬ হাজার উঠে যায়। যে কারণে ২৩৫ মিটার বাকি রেখেই খনন কাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে প্রকল্প পরিচালক বলেন, যেটুকু খনন করা যায়নি, সেই অংশের বিল দিতে হবে না খনন ঠিকাদারকে। প্রতি মিটারে ২৮০০ ইউএস ডলার করে বিল কর্তনের ব্যবস্থা রাখা হয়েছে চুক্তিতে।
যে সাইচমিক সার্ভের ভিত্তিতে খনন শুরু করা হয়, সে অনুযায়ী বড় ধরণের কোন স্তর অবশিষ্ট থেকে গেলো কি-না? এমন প্রশ্নের জবাবে মো. মাহমুদুল নবাব বলেন, সাইসমিক সার্ভেতে ৩ হাজার ৫০০ মিটার থেকে ৫ হাজার ৩০০ মিটারের মধ্যে ৪টি গ্যাস স্তরের কথা বলা হয়েছে। আমরা সেখানে ৭টি সম্ভাবনাময় স্তর চিহ্নিত করেছি। এখন লগ ডাটা বিশ্লেষণ চলছে, ডিসেম্বরের প্রথম দিকে ডিএসটি শুরু হবে। প্রতিটি স্তরের ১০ দিন করে সময়ের প্রয়োজন হবে, আমরা ভালো কিছুর প্রত্যাশা করছি।
অপর এক প্রশ্নের জবাবে বার্তা২৪.কমকে বলেন, তিতাস গ্যাস ফিল্ডের ৩ হাজার ৫০০ মিটারের উপরে যেসব স্তর আগে থেকেই আবিষ্কৃত সেগুলোর বাইরে ৭টি জোন চিহ্নিত করা হয়েছে। ভবিষ্যতে গভীর কূপ খনন করতে গেলে ২০ হাজার পিএসআই বিওপি (ব্লোআউট প্রিভেন্টার) নিয়ে যেতে হবে।
তিনি বলেন, এই কূপ খননের মাধ্যমে দীর্ঘদিনের একটি ভয়কে জয় করতে পেরেছি আমরা। সম্ভাবনা থাকার পর উচ্চচাপের ভয়ে এতোদিন গভীর কূপ খনন করতে পারি। এখন সেই ভয় দূর হয়েছে, এই কূপের পর বাখরাবাদে গভীর কূপ খনন করা হবে। এখন আর নিশ্চয় আতঙ্ক কাজ করবে না।
তিতাস গ্যাস ফিল্ডে উচ্চ চাপের কারণে অতীতে ৩৬৮০ মিটারের নিচে খনন করা হয়নি। থ্রিডি সিসমিক সার্ভেতে তিতাস-৩১ কূপে ৪টি স্তরে কমপক্ষে ২ টিসিএফ (ট্রিলিয়ন ঘনফুট) গ্যাস প্রাপ্তির সম্ভাবনার কথা বলা হয়েছে। ২০১১ সালে প্রথমে বাপেক্স সিসমিক সার্ভে পরিচালনা করে। সেই তথ্য তৃতীয় পক্ষের মাধ্যমে নিরীক্ষাতেও সম্ভাবনার কথা বলা হয়েছে।
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুল জলিল প্রামাণিক বার্তা২৪.কমকে বলেছেন, তিতাস গ্যাস ফিল্ডে সোর্স রকের অবস্থান প্রায় ৫ হাজার মিটারের নিচে। সেই উৎস থেকে আসা গ্যাস ২৭০০ মিটারে অবস্থিত স্তর থেকে উত্তোলন করছি। স্বাভাবিকভাবে সোর্স রকের যতো কাছাকাছি যাবো গ্যাস প্রাপ্তির সম্ভবনা ততো বেশি থাকার কথা। আমরা আশা করছি বাংলাদেশের জন্য নতুন পথ খুলে যাবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের আগরতলায় (এডি-৬০) ৪৬০০ মিটার কূপ খনন করা হয়েছে। বিশ্বে প্রায় ১২ হাজার মিটার কূপ খননের নজির রয়েছে। মজুদের দিক থেকে তিতাস গ্যাস ফিল্ড এই মুহুর্তে সবচেয়ে বড় বলা যায়। ফিল্ডটি থেকে এ যাবত প্রায় ৫.৬৮ টিসিএফ (ট্রিলিয়ন ঘনফুট) গ্যাস উত্তোলন করা হয়েছে। অবশিষ্ট মজুদ বিবেচনা করা হয় ১.৬৫ টিসিএফ। সেখানে গভীরে আরও ২টিসিএফ গ্যাস প্রাপ্তির আশা করা হচ্ছে।
বাংলাদেশে সাধারণত ২৬০০ মিটার থেকে ৪০০০ মিটার পর্যন্ত কূপ খনন করে গ্যাস তোলা হয়। তবে ফেঞ্চুগঞ্জ-২ সহ কিছু কূপে ৪৯০০ মিটার পর্যন্ত খনন করা হয়েছে। গ্যাস স্তরের নিচে রয়েছে কঠিন শিলার স্তর। বাপেক্সের একটি ত্রিমাত্রিক (থ্রিডি) জরিপে বলা হচ্ছে কঠিন শিলা স্তরের নিচে গ্যাস স্তর থাকতে পারে। ওই থ্রিডিতে বলা হয়েছে শ্রীকাইলে ৯২৬ বিসিএফ (বিলিয়ন ঘনফুট) আর তিতাসে ১.৫৮ টিসিএফ গ্যাস থাকতে পারে। সব মিলিয়ে মজুদের পরিমাণ আড়াই টিসিএফ হতে পারে। তবে কঠিন শিলার নিচের স্তরে কী আছে, তা কূপ খনন ছাড়া নিশ্চিত করে বলা কঠিন। এবার সেই সম্ভাবনার দূয়ার খুলতে যাচ্ছে বাংলাদেশ।
পেট্রোবাংলা সূত্র জানিয়েছে, বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানির (বিজিএফসিএল) ২টি এবং বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) ২টি কূপে গভীর খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিজিএফসিএল’র তিতাস গ্যাসক্ষেত্রের ৩১ নম্বর কূপের পাশাপাশি বাখরাবাদ-১১ নম্বর কূপ। বাপেক্সের শ্রীকাইল ও মোবারকপুরে গভীর কূপ খনন করা হবে। যেহেতু দেশীয় কোম্পানির ডিপ ড্রিলিংয়ের কোন অভিজ্ঞতা নেই তাই কূপ খননের জন্য বিদেশি ঠিকাদার নিযুক্ত করা হয়েছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সাবেক সদস্য জ্বালানি বিশেষজ্ঞ মকবুল ই-এলাহী চৌধুরী বার্তা২৪.কমকে বলেছেন, ডিপ ড্রিলিংয়ের সিদ্ধান্তটি ভালো, অবশ্যই এটা করা উচিত। ওভার প্রেসার-আন্ডার প্রেসারের সমস্যা রয়েছে, খুব খুব চ্যালেঞ্জিং। হাইপ্রেসার জোনের পরেই এই স্তরের অবস্থান। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য দক্ষ ও যোগ্য লোক দরকার। যারা সার্বক্ষণিক মাঠে থেকে প্রয়োজন অুনযায়ী সিদ্ধান্ত দিতে পারবে। জরুরি প্রয়োজন হলে তাদেরকে যেনো পেট্রোবাংলা কিংবা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দিকে তাকিয়ে থাকতে না হয়। জরুরি প্রয়োজনে যদি চিঠি দিয়ে অনুমতির অপেক্ষায় থাকতে হয়, তাহলে বিষয়টি বিপজ্জনক হবে। অনুসন্ধান কার্যিক্রম ডিপিপি করে করা সম্ভব না। এখানে তাৎক্ষণিক সিদ্ধান্ত দিতে না পারলে ভয়ানক ঘটনা ঘটতে পারে।
সম্ভাবনা কেমন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওখানে যদি গ্যাসের মজুদ পাওয়া যায় তাহলে অনেক বড় রিজার্ভ পাওয়া যাবে বলে মনে করি।
aliul / aliul
ঢাকায় বসছে তিন আন্তর্জাতিক প্রযুক্তি ও ফার্নিচার প্রদর্শনী
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত
রেকর্ড ৫২৬৫ মিটারে থামল গভীর কূপের খনন
চার দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি, ভারতের সঙ্গে বেশি ঘাটতি
আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে
একই পদে দেশীয়দের চেয়ে বিদেশিরা পান তিন থেকে পাঁচ গুণ বেতন
৪ কোম্পানির লভ্যাংশ ঘোষণা, একটির না দেওয়ার সিদ্ধান্ত
মংলায় বটলিং প্ল্যান্ট করবে এলপি গ্যাস পিএলসি
২০২৭ সালে জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশি কাজী ফাহাদ
১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি
জানুয়ারিতে চালু হচ্ছে এসপিএম!
কারখানা বন্ধ নয়, শ্রমিকদের যৌক্তিক মজুরি নির্ধারণের আহ্বান