নদী দখল করে বহুতল ভবন নির্মাণ : নজর নেই কর্তৃপক্ষের
দিনাজপুরের ফুলবাড়ীতে ছোট যমুনা নদী দখল করে আরসিসি ভিত দিয়ে নির্মাণ হচ্ছে তিনটি বহুতল ভবন। ফুলবাড়ী শহরের প্রাণকেন্দ্র পৌরবাজারসংলগ্ন ফুটব্রিজ ঘেঁষে অবৈধভাবে এই ভবন নির্মাণ করা হলেও রহস্যজনক কারণে নীরব রয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। এতে স্থানীয় বাসিন্দাসহ সচেতন নাগরিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
জানা যায়, পৌর শহরের স্বর্ণ ব্যবসায়ী অজিত প্রসাদ ও অম্রবাড়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিউল ইসলাম ফুটব্রিজটি ঘেঁষে আরসিসি পিলার দিয়ে বহুতল ভবন ও মার্কেট নির্মাণ করছেন। অপরদিকে তার কিছুটা দক্ষিণে বহুতল ভবন নির্মাণ করছেন সিরাজগঞ্জের রাম দত্ত। তবে আগের উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম চৌধুরী থাকাকালীন রাম দত্তের নির্মাণকাজ বন্ধ করে দেন। পরে ওই কর্মকর্তার বদলি হওয়ার পর রহস্যজনকভাবে নদীর ধারে আরসিসি পিলার তুলে মার্কেট নির্মাণের কাজ শুরু করেন অজিত প্রসাদ ও সামিউল ইসলাম।

সরেজমিন দেখা যায়, ফুলবাড়ী শহরের বুকচিরে বয়ে গেছে ছোট যমুনা নদী। সেই নদীঘেঁষে পৌরবাজার অবস্থিত। নদী পারাপারের জন্য নদীর ওপরে অবস্থিত ফুটব্রিজ ঘেঁষে নদী থেকে আরসিসি পিলার তুলে নির্মাণ করা হচ্ছে বহুতল মার্কেট। পূর্বে প্রশাসনের চাপে ভবন নির্মাণকাজ বন্ধ থাকলেও রহস্যজনক কারণে সুযোগ বুঝে আরসিসি ভিত দিয়ে ভবন নির্মাণকাজ প্রকাশ্য দিবালোকে চালিয়ে যাচ্ছেন ওই তিন ব্যক্তি।

নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসীরা বলেন, পূর্বে রাম দত্ত অবৈধভাবে নদীর ধারে ভবন নির্মাণকাজ করলে প্রশাসন নির্মাণকাজ বন্ধ করে দেয়। কিন্তু রহস্যজনকভাবে নদী থেকে আরসিসি ভিত দিয়ে মার্কেট নির্মাণ করার সুযোগে পুনরায় নির্মাণকাজ শুরু করেছেন রাম দত্ত। প্রশাসনকে ম্যানেজ করে অজিত প্রসাদ ও সামিউল ইসলামসহ কয়েকজন আরসিসি ভিত দিয়ে ভবন নির্মাণকাজ দিব্যি চালিয়ে যাচ্ছেন। তবে সকলেই প্রাথমিকভাবে নদীর ধারে টিনের বেড়ার ঘর নির্মাণ করেছিলেন। এখন সুযোগ বুঝেই ছক্কা হাঁকিয়ে বহুতল ভবন তুলছেন।

স্থানীয় বাসিন্দা সুফিয়া বেগম বলেন, যাদের অগাধ টাকা-পয়সা আছে প্রশাসনের চোখে তারা পড়ে না। যত আপদ-বিপদ সব গরিবদের ওপর। আমি যখন সেখানে নদী থেকে বহুদুর জায়গা ছেড়ে বাড়ি বানাই, তখন আমাকে বহু রোষাণলে পড়তে হয়েছিল। কিন্তু যারা টাকার জোরে নদী দখল করে নদী থেকে ভিত তুলে বহুতল ভবন নির্মাণ করছে, সেগুলো কি প্রশাসনের নজরে পড়ে না, নাকি রহস্যজনক কারণে দেখেও দেখেন না তারা?
এ বিষয়ে দখলদার রাম দত্ত বলেন, আমি সেখানে জায়গা কিনে বাড়ি নির্মাণকাজ শুরু করেছিলাম। কিন্তু এক সময় উপজেলা প্রশাসনের জটিলতার কারণে নির্মাণকাজ বন্ধ হয়ে যায়।

অজিত প্রসাদ বলেন, পূর্বে নির্মাণাধীন রাম দত্তের স্থাপনার কাজ বন্ধ দিয়েছিল প্রশাসন। এখনো তার স্থাপনার ৯ ফুট নদীর স্থানেই রয়েছে। আমরা নদী থেকে জায়গা ছেড়েই স্থাপনা নির্মাণ করছি। আমার স্থাপনা নির্মাণকালে উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের লোকজন জায়গা মেপে গেছেন। আমার জায়গায় কোনো সমস্যা নেই।
শিক্ষক সামিউল ইসলাম বলেন,‘আমার ওই জায়গাটায় একটু জঠিলতা আছে। আমার জায়গা থেকে ২৯ ফুট জায়গা রাস্তা ও ফুটব্রিজে ঢুকেছে। আমার ভবন নির্মাণকাজ চলাকালে ইউএনও, এসিল্যান্ড এসে মাপজোক করেছেন। তারা মাপজোক করে বলেছেন যেখান থেকে পিলার তুলেছেন সেখান থেকেই কাজ করতে। বাড়তি যেন নদীর দিকে না আসে। আমি সে অনুপাতেই কাজ চালিয়ে যাচ্ছি।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন বলেন, ওই স্থাপনাগুলো নদীর জায়গায় নেই। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্দেশনা রয়েছে নদী থেকে কিছুটা জায়গা ছেড়েই স্থাপনা নির্মাণ করতে। কিন্তু তারা সেটি করেননি। আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। পানি উন্নয়ন বোর্ডের নির্দেশনা অমান্য করায় পূর্বের কর্মকর্তা রাম দত্তের নির্মাণাধীন স্থাপনার কাজ বন্ধ করেছিলেন।
দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশের সহযোগিতায় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন