রায়পুরায় ৩০ বাড়িঘর ভাংচুর, লুটপাট
নরসিংদীর রায়পুরায় অন্তত ৩০টি বসতঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মুছাপুর ইউনিয়নের গৌরীপুর পাঠানবাড়ি এলাকায় গত শুক্রবার বিকেল ও গতকাল শনিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে দুই দফায় এ হামলা ও লুটপাট চালানো হয়। পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২৮ নভেম্বর মুছাপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন হয়। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর নৌকা প্রতীকে অগ্নিসংযোগ ও পোস্টার ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে গত ২৪ নভেম্বর দ্বন্দ্বের সৃষ্টি হয়। এরপর নৌকার প্রার্থী মো. হোসেন ভূঁইয়ার সমর্থক (মোল্লাবাড়ি) ও স্বতন্ত্র প্রার্থী সানাউল্লাহ ভূঁইয়ার সমর্থকদের (পাঠানবাড়ি) মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। নির্বাচনে জয়ী হন মো. হোসেন ভূঁইয়া। এর জের ধরে নির্বাচনের পর দুপক্ষের সমর্থকদের মধ্যে গত ২৪ ডিসেম্বর স্থানীয় এক ওয়াজ মাহফিলে কথা কাটাকাটি হয়। এ নিয়ে আবারো তারা সংঘর্ষে জড়ান। ওই ঘটনার পর উভয়পক্ষই মামলা করে। পরে গ্রাম্য সালিশে আপস-মীমাংসা হয়।
গত শুক্রবার সকালে মসজিদে কাজ করার সময় মোল্লাবাড়ির পক্ষের সমর্থক মোশাররফ নামে এক যুবককে ছুরিকাঘাত করা হয়। বিকেলে প্রথম দফায় পাঠানবাড়ির লোকজন মোল্লাবাড়ির কয়েকটি বসতভিটায় হামলা করে। পরে মোল্লাবাড়ির লোকজন সংগঠিত হয়ে পাঠানবাড়ির বসতভিটায় পাল্টা হামলা চালায়। গত শনিবার ভোরে মোল্লাবাড়ির লোকজন খোদাবক্স বাড়ির লোকজনকে সঙ্গে নিয়ে পাঠানবাড়ির লোকজনের বসতভিটায় দ্বিতীয় দফা হামলা চালান।
ভুক্তভোগী খোশেদা বেগম, আপেল মিয়ার স্ত্রী হাফেজা বেগমসহ অনেকেই জানান, মোল্লাবাড়ির পক্ষের লোক আল মামুনের নির্দেশে খোদাবক্স ও মোল্লাবাড়ির লোকজন তাদের অন্তত ৩০টি বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে।
এ নিয়ে জানতে চাইলে আল মামুন অভিযোগ অস্বীকার করে বলেন, নির্বাচনের সময় যে তুচ্ছ ঘটনা ঘটেছিল সেখানে আমাদের কিছু লোকজন জড়িত ছিল। কিন্তু নতুন এই ঘটনার সঙ্গে আমি এবং আমার লোকজন জড়িত নয়। পাঠানবাড়ির লোকজন মোল্লাবাড়ির মোশারফকে ছুরিকাঘাত করে। পরে হয়তো তারা এসব ঘটিয়েছে।
এ ব্যাপারে মোল্লাবাড়ির বাসিন্দা মো. শাজাহান মিয়া বলেন, শুক্রবার পাঠানবাড়ির কাছে মসজিদে নির্মাণকাজ করছিল আমার এলাকার মোশারফ মিয়া নামে এক রাজমিস্ত্রি। তুচ্ছ ঘটনায় পাঠানবাড়ির লোকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মোশারফকে ছুরিকাঘাত করে আহত করা হয়। পরে তারাই আবার পাশের তুলাতলী থেকে দুই নৌকাবোঝাই করে লোকজন এনে এলাকায় ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এর পরিপ্রেক্ষিতে এসব হামলা, ভাংচুরের ঘটনা ঘটে।
এ ব্যাপারে জানতে চাইলে রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) গোবিন্দ সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। সহিংসতা এড়াতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।
শাফিন / জামান
আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার
আত্রাই নদী থেকে অবিবাহিত মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার
মৌলভীবাজারে পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র্যালি : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
বারহাট্টায় এমপির হস্তক্ষেপে সংস্কার হচ্ছে অতি গুরুত্বপূর্ণ সড়ক
খুঁটির জোরে ডেপুটেশনে ৭ বছর পিডি: রাকাব এসইসিপি প্রকল্পে ৪২ কর্মচারীর কর্মবিরতিতে অচলাবস্থা
পাগলা মসজিদে সাড়ে ৩ ঘণ্টায় পাওয়া গেল ১০ কোটি টাকা, গণনা চলছে
বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে গিয়ে পল্লী বিদ্যুতের কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগ, খালিয়াজুরী থানায় মামলা
রায়গঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে রাস্তায় তাঁতকল মালিক-শ্রমিকরা
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক সাইফুদ্দিন রমিজকে হুমকি ও অপপ্রচার, থানায় জিডি
রাঙ্গুনিয়ায় দুই প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিন যেন মেডিকেল বর্জ্যের ডাস্টবিন