গোয়ালন্দে অসময়ে নদীভাঙনে আতঙ্কে এলাকাবাসী
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া, দেবগ্রাম এবং ছোট ভাকলা ইউনিয়নের পদ্মা নদীতীরবর্তী এলাকায় থেমে থেমে ভাঙন দেখা দিয়েছে। শুষ্ক মৌসুমেও ভাঙনে এক মাসে প্রায় ১৪০ একরের মতো কৃষিজমি নদীতে বিলীন হয়ে গেছে। গত কয়েক দিনের বৈরী আবহাওয়ায় ভাঙন বেশি দেখা দিয়েছে। ভাঙনের কবলে পড়ে প্রায় ১০০টির মতো পরিবার অন্যত্র চলে গেছে। এছাড়াও ভাঙন আতঙ্কে রয়েছে তিনটি ইউনিয়নের সহস্রাধিক পরিবার।
বুধবার (৯ ফেব্রুয়ারি) সরেজমিন দেখা যায়, দৌলতদিয়া লঞ্চঘাট থেকে ছোট ভাকলার অন্তার মোড় পর্যন্ত ৬ কিলোমিটারজুড়ে কৃষিজমি ভাঙছে। মাঝেমধ্যে ভাঙনের মাত্রা বেশি দেখা যায়। নদীপাড়ের অনেক জায়গা দেবে গেছে। সরিষা, ভুট্টো, উচ্ছে, টমেটোসহ নানা সবজি ও ফসল তোলা নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা।
দৌলতদিয়া ইউনিয়নের সাহাজদ্দিন বেপারীপাড়ার অনিক শেখ বলেন, প্রতি বছর বর্ষায় বেশি ভাঙে। এখন শুকনা মৌসুমে এসেও প্রায় ২০-২৫ দিন ধরে বেশি ভাঙছে। এক মাসে প্রায় ১০০ বিঘার বেশি জমি বিলীন হয়ে গেছে। এভাবে ভাঙলে কিছুদিন পর কিছুই থাকবে না। এক বছরে অন্তত ২০০ পরিবার অন্যত্র চলে গেছে। অনেক পরিবার ভাঙন আতঙ্কে অন্যত্র চলে যাচ্ছে। এখন আমরাও অন্যত্র যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।
সাহাজদ্দিন বেপারীপাড়ার সুফিয়া বেগম বলেন, ‘আমার তো বাবা অহন কিছুই নাই। প্রায় আড়াই বিঘা জমি ছিল, ঘর ছিল। গত বছর ভাঙনে সব শেষ হইয়া গেছে। অহন এলাকার একজনের বাড়িতে দুই ছাওয়াল নিয়া আছি। যহন তাফাল (বাতাস) হয়, তহন বেশি ভাঙে। কয়েক দিন ধইরা খুব তাফাল ছুটছে।’
দৌলতদিয়া ইউপির নতুনপাড়া, সাহাজদ্দিন বেপারীপাড়া, বাহিরচর দৌলতদিয়া, নাসির সরদারপাড়া, ঢল্লাপাড়া, দেবগ্রাম ইউপির কাওয়ালজানি ও দেবগ্রাম এবং ছোট ভাকলা ইউপির চর বরাট, ছোটো জলো ও কাওয়ালজানি (আংশিক) ভাঙছে।
দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মণ্ডল বলেন, শুষ্ক মৌসুমেও নতুনপাড়া, সাহাজদ্দিন বেপারীপাড়া, ঢল্লাপাড়া, বাহিরচর দৌলতদিয়া ও নাসির সরদারপাড়ার মাথায় বেশি ভাঙছে। এক মাসে প্রায় ৫০ একরের বেশি কৃষিজমি বিলীন হয়ে গেছে। প্রায় ৫০টির মতো পরিবার ভাঙন আতঙ্কে অন্যত্র গেছে। ভাঙন ঝুঁকিতে রয়েছে অন্তত ৫০০ পরিবার। নদী শাসনের কথা বারবার আলোচনায় এলেও অগ্রগতি হয়নি। অবিলম্বে নদী শাসনের উদ্যোগ গ্রহণ না করলে আরো অনেক ক্ষতি হতে পারে।
দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম বলেন, কাওয়ালজানি এলাকায় বেশি ভাঙন দেখা দিয়েছে। গত এক মাসে ভাঙন আতঙ্কে অন্যত্র চলে গেছে প্রায় ৩০ পরিবার। এখনো ভাঙন আতঙ্কে রয়েছে প্রায় ৩০০ পরিবার। এছাড়া প্রায় ৫০ একরের মতো কৃষিজমি বিলীন হয়ে গেছে।
ছোট ভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, চর বরাট, ছোট জলো ও কাওয়ালজানির আংশিক এলাকায় ভাঙছে। বর্ষা মৌসুমে বেশি ভাঙলেও বর্তমানে শুষ্ক মৌসুমেও ভাঙছে। ভাঙনে প্রায় ৪০ একরের মতো ফসলি জমি বিলীন হয়ে গেছে। আতঙ্কে সরে গেছে প্রায় ২০টির মতো পরিবার। ভাঙন ঝুঁকিতে আছে দুই শতাধিক পরিবার। বিষয়টি আমরা উপজেলার বিভিন্ন সভায় উত্থাপন করেছি।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান বলেন, দৌলতদিয়া থেকে ছোট ভাকলার অন্তার মোড় পর্যন্ত পদ্মা নদীর পাড়জুড়ে অনেক কৃষিজমি ভাঙছে বলে শুনেছি। কী পরিমাণ জমি বিলীন হয়েছে তার সঠিক পরিসংখ্যান নেই। তবে দৌলতদিয়া ইউনিয়নে গত ৭ বছর আগে আবাদি কৃষিজমি ছিল প্রায় ৩ হাজার ৮০০ হেক্টর। এরমধ্যে বিলীন হয়েছে প্রায় ১ হাজার ৪০০ হেক্টর। এ সংক্রান্ত একটি তথ্য জেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান বলেন, আমিও শুনেছি নদীভাঙনের খবর। এ বিষয়ে জরুরিভিত্তিতে ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দিয়ে অবগত করা হবে। এছাড়া প্রাথমিকভাবে উপজেলা প্রশাসন থেকে কিছু করণীয় থাকলে তাও করা হবে।
শাফিন / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied