ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

মাতুয়াইল নিমতলা কলেজ রোড ৬০ ফুটে উন্নীত করা হবে: মেয়র তাপস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-২-২০২৩ দুপুর ৩:২৩

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) আওতাধীন মাতুয়াইল এলাকার ৬৫ নম্বর ওয়ার্ডের নিমতলা কলেজ রোডকে ৬০ ফুটে উন্নীত করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সম্প্রতি (৮ ফেব্রুয়ারি) সকালে মেয়র ব্যারিস্টার শেখ তাপস ডেমরা থানাধীন মাতুয়াইল এলাকার ৬৫ নম্বর ওয়ার্ডস্থ সড়কের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে এ ঘোষণা দেন।  মেয়র শেখ তাপস বলেন, ‘আমাদের নজরে এসেছে যে, এই এলাকাটি অত্যন্ত জনবহুল এবং এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বহুল ব্যবহৃত। আশে পাশে অনেক কলকারখানা, দোকানপাট রয়েছে। এই এলাকাটি একটি ব্যবসায়িক প্রাণকেন্দ্র। আমরা বিশদ অঞ্চল পরিকল্পনাসহ আরএসটিপি পর্যালোচনা করে এই সড়কটাকে প্রশস্ত করব। সড়কটা সংস্কার করবো। নর্দমা ও হাঁটার পথসহ আমরা এই সড়কটিকে চার সারিতে উন্নীত করব। সড়কের উভয় পাশে ১০ ফিট করে হাঁটার পথসহ ৬০ ফিটের একটি রাস্তা নির্মাণের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। সেই প্রেক্ষিতে সরেজমিন পরিদর্শনে আজকে আমরা এখানে এসেছি।’ প্রকাশিত প্রতিবেদন হতে সড়কটির বেহাল দশা সম্পর্কে অবগত হয়েছেন জানিয়ে মেয়র ব্যারিস্টার তাপস বলেন, ‘একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদন দেখে আমরা আজকে এখানে এসেছি। আমি এখানে পরিদর্শনে এসে এই এলাকার জনগণের সাথে কথা বলেছি। এর আগে এটা নজরে আসেনি। সংশ্লিষ্ট প্রতিবেদনের ফলে সড়কটির বেহাল দশা সম্পর্কে আমাদের নজরে এসেছে। সেজন্য আমি বেসরকারি টেলিভিশনটিকে ধন্যবাদ জানাই।’

শীঘ্রই সড়কটির সংস্কার ও প্রশস্তকরণ কাজ শুরুর আশাবাদ জানিয়ে মেয়র এ সময় আরও বলেন, ‘আমরা এই অর্থবছরের বাজেট হতে অর্থ প্রাক্কলন এবং দরপত্র সম্পন্ন করতে চাই। আশা করছি যে, বর্ষার পরপরই এই রাস্তার  কাজ শুরু করতে পারব।’ এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী মো. বোরহান উদ্দিন, কাউন্সিলরদের মধ্যে ৬৫ নম্বর ওয়ার্ডের মো. সামসুদ্দিন ভূঁইয়া, ৬৩ নম্বর ওয়ার্ডের মো. শফিকুল ইসলাম খান এবং সংরক্ষিত আসনের নিলুফা ইয়াসমিনসহ করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি