অনিশ্চয়তায় বড়াল নদীর পানি সম্পদ পুনরুদ্ধার প্রকল্প
বর্ষা শেষ, শরতের মাঝামাঝি। আশ্বিনের শেষ, এবার কার্তিকেই বড়াল পানিশূন্য হয়ে মরা নদীতে পরিণত হয়েছে। একসময়ের প্রমত্তা হেঁটেই পার হচ্ছে মানুষ। অনেকে নদীর বুকে ফসল আবাদের প্রস্তুতি নিতে শুরু করেছেন। তবে এত দ্রুত পানিশূন্য হয়ে যাওয়ায় শুষ্ক মৌসুমে উপজেলা জুড়ে সেচকাজে ও বিশুদ্ধ পানির তীব্র সংকটের আশংকা করছেন স্থানীয়রা। পাশাপাশি দীর্ঘদিনের দাবি ‘বড়াল নদীর অববাহিকায় পানি সম্পদ পুনরুদ্ধার’ প্রকল্প বাস্তবায়নে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন করেছেন আন্দোলনকারীরা।
পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, বড়াল নদীর দৈর্ঘ্য ২২০ কিলোমিটার, গড় প্রস্থ ১২৫ মিটার। বড়াল নদী রাজশাহীর চারঘাট থেকে পদ্মা নদীর অন্যতম শাখা নদী হিসাবে উৎপত্তি হয়েছে। চারঘাট থেকে বাঘা, নাটোরের বাগাতিপাড়া ও বড়াইগ্রাম, পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার মধ্য দিয়ে বাঘাবাড়ীতে এটি হুড়া সাগরে মিশে নাকালিয়া নামক স্থানে যমুনা নদীতে মিলিত হয়েছে। বড়াল দেশের সর্ববৃহৎ দুই নদী পদ্মা ও যমুনা নদীর যোগাযোগ স্থাপন করেছে। দেশের বৃহত্তম চলন বিলের পানির অন্যতম উৎস এ নদী।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৮০ সাল পর্যন্ত বড়াল পুরোপুরি সচল ছিল। ১৯৮১ সালে চারঘাটে পদ্মা থেকে বড়ালের উৎসমুখ ও পাবনার ভাঙ্গুড়া উপজেলার দহপাড়ায় পানি উন্নয়ন বোর্ড দুটি জলকপাট নির্মাণ করে। এতে পদ্মা ও যমুনা দুই নদী থেকেই বড়াল নদীতে পানিপ্রবাহ কমে যায়। নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। তখন স্থানীয় বাসিন্দারা নদী পারাপারের জন্য সেতু তৈরির দাবি করতে থাকেন। এরপর নদীর বিভিন্ন অংশে একের পর এক অপরিকল্পিত সেতু নির্মাণ শুরু হয়। পাশাপাশি প্রভাবশালীরা নদী দখল শুরু করেন। বর্তমানে এক দশক ধরে বড়ালের ২২০ কিলোমিটার এলাকা শুষ্ক মৌসুমে পানিশূন্য হয়ে যাওয়ায় নদীর আশেপাশের এলাকায় সেচ ও বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট তৈরি হয়।
জানা যায়, রাজশাহী, নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ এই চার জেলা ও আট উপজেলায় বড়াল নদী রক্ষা আন্দোলন গড়ে উঠে। বড়াল নদীকে বাঁচাতে চার দফা দাবিতে ২০১৩ সালের ১৪ই মার্চ আন্তর্জাতিক নদী রক্ষা দিবসে রাজশাহীর চারঘাট থেকে সিরাজগঞ্জের বাঘাবাড়ি পর্যন্ত ২২০ কিলোমিটার মানববন্ধন করে স্থানীয়রা দাবি গুলো হলো- বড়াল নদীর উপর নির্মিত সকল স্লুইসগেট-বাঁধ অপসারন, নদীর-সীমানা নির্ধারন ও দখলদার উচ্ছেদসহ দূষণমুক্ত, নদীকে ক্যাপিটাল ড্রেজিং এর অন্তর্ভুক্ত, জলাশয় দেখিয়ে জমাকৃত ভূয়া প্রকল্প বাতিল করা। পাশাপাশি বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ২০১৪ সালে হাইকোর্টে জনস্বার্থমূলক একটি মামলা দায়ের করে।
আন্দোলনের প্রেক্ষিতে ইন্সটিটিউট অব ওয়াটার মডেলিংকে (আই ডব্লিউ এম) বড়াল নদীর পানি সম্পদ পুনরুদ্ধারে সমীক্ষা প্রকল্প শুরু হয়। ওই সমীক্ষার চূড়ান্ত প্রতিবেদনে বড়ালের উৎসমুখে চারঘাট এলাকায় দেওয়া সরু স্লুইসগেট অপসারণ করে সেখানে ব্রিজ নির্মাণ এবং বেহাত হওয়া ১২০ কিলোমিটার দখলমুক্ত করাসহ ২২০ কিলোমিটার নদী খননের কথা বলা হয়। কিন্তু বাস্তবে পানি উন্নয়ন বোর্ড চারঘাটের স্লুইসগেট বহাল রেখে মাত্র ৪৮ কিলোমিটার নদী খনন করতে চাইছে। এতে শুধু দীর্ঘসূত্রিতাই বাড়বে। কাজের কাজ কিছুই হবে না।
বড়াল নদীর রক্ষানাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত নাটোর পানি উন্নয়ন বোর্ড জানায়, বড়াল নদী পর্যবেক্ষণ শেষে ১০৪ কিলোমিটার খনন ও ৪৯টি সরু ব্রিজ ভেঙে নতুন তৈরি করার জন্য ২ হাজার ১৫২ কোটি টাকার একটি প্রকল্প ২০২০ সালে তৈরি করা হয়েছিল। এরপর প্রকল্পটি দীর্ঘদিন ফাইলবন্দী থাকার পর ২০২২ সালের শেষের দিকে পানি সম্পদ মন্ত্রণালয়ে প্রকল্পটির যাচাই সভা হয়েছে। সভায় প্রকল্পে কিছু পরিবর্তন আনতে নির্দেশনা দেওয়া হয়। এভাবে প্রকল্পটি চার দফা পাঠানো হলেও এখনো গৃহীত হয়নি। আবারও কিছু পরিবর্তন জন্য বলা হয়েছে। এতে ২ হাজার ১৫২ কোটি টাকার প্রকল্প নেমে এসেছে ৫২৮ কোটি টাকায়। তাতে বড়াল নদীর উৎসমুখ রাজশাহীর চারঘাট থেকে নাটোরের আটঘরিয়া পর্যন্ত মাত্র ৪৮ কিলোমিটার খননকাজ রয়েছে। বড়ালের শাখা নারদ ও মুসা খাঁ নদীর ৪৯ কিলোমিটার খননকাজ ধরা হয়েছে। কিন্তু নতুন তৈরিকৃত প্রকল্পে ৪৯টি ব্রিজ অপসারণ কাজ বাদ দেওয়া হয়েছে। আগামী রবিবার প্রকল্পটির ফাইল আবারও মন্ত্রণালয়ে জমা হবে।
বড়াল রক্ষা আন্দোলন চারঘাট উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম বাদশা বলেন, শুস্ক মৌসুমে বড়াল পাড়ের কোনো নলকূপে পানি থাকেনা। কৃষক সেচের পানি পায়না। আমরা হামলা মামলার শিকার হয়ে বড়াল রক্ষার জন্য আন্দোলন করে আসছি। এবার আশ্বিনেই পানিশূন্য বড়াল। না জানি শুষ্ক মৌসুমে কি কঠিন দিন পার করতে হবে। আমাদের মনে রাখা উচিত নদী বাঁচাতে না পারলে কোনো উন্নয়নই কাজে আসবেনা।
বড়াল রক্ষা আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মিজানুর রহমান বলেন, দেশের বৃহত্তম পদ্মা-যমুনা নদী এবং বিশাল জলাভূমির চলনবিলের মধ্যে প্রধান সংযোগ নদী বড়াল। শুধুমাত্র ৪৮ কিলোমিটার বড়াল নদী খনন করে নাব্যতা ফেরানো যাবেনা। উৎসমুখের স্লুইসগেটসহ ব্রিজ গুলো অপসারণ করতে হবে। নদীর-সীমানা নির্ধারন ও দখলদার উচ্ছেদ করতে হবে। অন্যথায় এ প্রকল্পের টাকা জলে যাবে, বড়ালের কোনো কাজেই আসবেনা।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড নাটোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী বলেন, চারবার সংশোধন করে প্রকল্পের বরাদ্দের পরিমাণ কমানো হয়েছে। শুধুমাত্র নদী খননের কাজ এ প্রকল্পে ধরা হয়েছে। অন্য মন্ত্রণালয় প্রকল্প নিয়ে স্লুইসগেট ও ব্রিজ অপসারণ করে নতুন ব্রিজ তৈরি করবে। কিন্তু কবে সেই প্রকল্প নেওয়া হবে জানিনা। আমরা চাচ্ছিলাম ব্রিজ যেই নির্মাণ করুক এ প্রকল্পের ভেতরেই তা থাকুক। কারণ আমরাও জানি শুধুমাত্র খনন করে বড়ালে পানি ফেরানো সম্ভব না। বিষয়টি আমরা পানি সম্পদ মন্ত্রণালয়কেও জানিয়েছি।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied