বাদীপক্ষকে ঘায়েল করতে রাজনৈতিক মামলা দিল খুনের আসামি
গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ কাজে লাগিয়ে বাদীপক্ষকে অর্থাৎ নিহত মামুনের আপন দুই ভাইকে ঘায়েল করতে মামলা দিয়েছে মামুন মামলায় রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত এক আসামি। মামলাকে শক্তিশালী করতে ওই মামলায় জড়ানো হয়েছে স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতার নাম।
এর আগে আরো দুটি মিথ্যা মামলা দিলেও তাতে বাদীপক্ষ অর্থাৎ নিহত মামুনের তিন ভাই নির্দোষ প্রমাণিত হন। তবে এবারের মামলায় ঘটনার বিবরণের তারিখে ওই খুনের মামলার আসামি অর্থাৎ এই মামলার বাদী ছিলেন জেলখানায়। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজশাহী জেলার পবা থানার হরিপুর ইউনিয়নের খোলাবোনা গ্রামে।
ভোটদানের জন্য যাচ্ছিলেন নির্দিষ্ট ভোটকেন্দ্রে। এ সময় পথে শিকার হন হামলার, হন গুরুতর আহত- এমন অভিযোগে নিহত মামুনের আপন দুই ভাইসহ বেশ কয়েকজন স্থানীয় আওয়ামী লীগ নেতার নামে ঠুকলেন মামলা। মামলার বাদী মামুন হত্যা মামলার আসামি সাজ্জাদ হোসেন। অথচ মামলার বিবরণে উল্লেখ করা সময়ে তিনি নিজেই ছিলেন জেলে।
জানা গেছে, গত ২৭ আগস্ট নগরীর দামকুড়া থানায় মামলাটি করেন খোলাবোনা গ্রামের সাজ্জাদ হোসেন। হামলাটি সংঘটিত হয় ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনের দিন- উল্লেখ করে মামলাটি করা হয়। অথচ ঘটনার দুদিন আগ থেকে অর্থাৎ ২০১৮ সালের ২৮ ডিসেম্বর থেকে অন্য একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারান্তরীণ ছিলেন তিনি। পরে ২০১৯ সালের ৩০ জানুয়ারি উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৬ অক্টোবর কোরবানির ঈদের দিন ছাগলে আমগাছ খাওয়াকে কেন্দ্র করে মারামারিতে পবা থানার খোলাবোনা গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা হাজী ওয়াজেদ আলীর ছেলে আব্দুল্লাহ আল মামুন খুন হন। ওই সময় হাজী ওয়াজেদ আলী পবা থানার বেলুয়া খোলাবোনার আব্দুল বারীর ছেলে কাবিল হোসেন, আব্দুর রহিমের ছেলে আজাদ আলী, নজরুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেনের নামে হত্যা মামলা দায়ের করেন। ওই সময় থেকেই আসামিপক্ষ বাদীপক্ষকে বিভিন্ন ভাবে মীমাংসা করে নেয়ার জন্য চাপ দেয়। কিন্তু নিহত মামুনের বাবা হাজী ওয়াজেদ তাতে রাজি হননি।
এরপর ২০১৭ সালের ২৪ এপ্রিল রাজশাহীর দ্রুতবিচার ট্রাইব্যুনাল মামুন হত্যা মামলায় আসামি আজাদ আলী ও কাবিল হোসেনের যাবজ্জীবন এবং অপর আসামি সাজ্জাদ হোসেনকে ১০ বছর কারাদণ্ড প্রদান করে। কিন্তু বাদী ওয়াজেদ আলী রায়ের আদেশ পুনরায় বিবেচনা ও আসামিদের অধিকতর শাস্তি প্রদানের জন্য হাইকোর্টের আপিল বিভাগে আপিল করেন। পরে ২০১৭ সালের ২৯ মে সাজ্জাদ হোসেন এবং ২০১৮ সালের ৫ এপ্রিল আজাদ আলী হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেয়ে বাদী ও তার ছেলেদের নানাভাবে ভয়ভীতি প্রদানসহ হয়রানি করতে থাকে। এরই পরিপ্রেক্ষিতে সাজ্জাদ হোসেনের মা রাবেয়া বেগম বাদী হয়ে নিহত আব্দুল্লাহ আল মামুনের আপন তিন ভাই নাসির উদ্দিন বিদ্যুৎ, নবাব ও সোহাগসহ মামুন হত্যা মামলার সাক্ষীদের নামে হয়রানিমূলক মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ তদন্তে সোহাগকে অব্যাহতি দেয় এবং
মামুনের অন্য দুই ভাই নাসির উদ্দিন বিদ্যুৎ ও নবাবসহ সকলকে ২০২২ সালের ২১ সেপ্টেম্বর আদালত বেকসুর খালাস দেয়। এর আগেও আসামি মো. সাজ্জাদ হোসেনের স্ত্রী তসলিমা বেগম বাদী হয়ে মামুনের আপন ভাই সোহাগ ও নবাবসহ মামুন হত্যা মামলার সাক্ষীদের নামে আরেকটি মিথ্যা মামলা দায়ের করেন। ওই মামলাও পুলিশ তদন্তে মিথ্যা বলে আদালতে ২০১৪ সালের ২০ এপ্রিল রিপোর্ট দাখিল করে।
এরই ধারাবাহিকতায় সর্বশেষ ২০২৪ সালের ২৭ আগস্ট নিহত আব্দুল্লাহ আল মামুন হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি আজাদ আলী ও সাজ্জাদ হোসেন ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সহিংসতার ঘটনা উল্লেখ করে উভয়ে বাদী হয়ে দামকুড়া থানায় দুটি পৃথক মামলা দায়ের করেন। মামলাটি শক্তিশালী করতেই নিহত মামুনের দুই ভায়ের নামসহ স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতার নাম অন্তর্ভুক্ত করা হয়।
এ বিষয়ে নিহত মামুনের ভাই রাশেদুল ইসলাম সোহাগ বলেন, শুধুমাত্র আমার ভাইয়ের খুনিদের বিচারের জন্য মামলা পরিচালনা করার কারণে আমাদের দুই ভাইকে এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অথচ আমরা কোনোদিনই কোনো রাজনীতির সাথে জড়িত নই। কিন্তু ওই দুই মামলার একটির বাদী আমার ভাইয়ের খুনের সাজাপ্রাপ্ত আসামি সাজ্জাদ হোসেনের দেয়া মামলায় উল্লিখিত ঘটনার দিন অর্থাৎ ৩০ ডিসেম্বর ২০১৮ তারিখে বাদী জেলহাজতে ছিল, যার মামলা নং জিআর ১৪৩/১৮(দামকুড়া)। সে ২৮ ডিসেম্বর ২০১৮ থেকে ৩০ জানুয়ারি ২০১৯ পর্যন্ত অন্য একটি মামলায় জেলহাজতে ছিল।
মামলার বাদী সাজ্জাদ হোসেনের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি কথা বলতে চাননি। তবে অন্য একটি জাতীয় পত্রিকার কাছে মামলা দাখিলের সময় জেলে থাকার কথা স্বীকার করেছেন।
মামলার বিষয়ে দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, আমি কয়েক দিন হলো যোগদান করেছি। ওই মামলা সম্পর্কে কিছু জানি না। বাদী জেলে থাকলে তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
রৌমারীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাদক মামলায় গ্রেফতার
পঞ্চগড়ে শিল্প ব্যক্তিদের সাথে স্থানীয় পণ্য ব্র্যান্ডিং এবং বিপণন বিষয়ক কর্মশালা
গোপালগঞ্জকে এগিয়ে নিতে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে - সাংসদ কে.এম বাবর
ফুলদী নদীর ওপর সেতু নির্মাণে সরকারের আন্তরিকতার কমতি নেই: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
ইমুতে প্রেম, মোবাইলে বিয়ে, ভিসা ছাড়াই ভারতে স্বামীর কাছে যেতে গিয়ে শিশুসহ নারী আটক
হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা
ঈদ সামনে রেখে চান্দাইকোনা পশুর হাটে কঠোর নজরদারি, মাঠে পুলিশ ও র্যাব
মনোহরদীর রামপুরে বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদণ্ড
ঈদুল আজহা উপলক্ষে রাজারহাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট, অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ
যশোর-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলেসহ নিহত-৪
জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
পটুয়াখালীতে প্রধান শিক্ষকের অবসর প্রস্তুতির কাগজ নিয়ে হাজির হলেন ডিপিইও বিদায় অনুষ্ঠানে