ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

শৈলকুপায় সংযোগ সড়ক না থাকায় সেতু পারাপারে জনদুর্ভোগ


শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি  photo শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১০-২০২৪ দুপুর ২:২০

সেতুতে শুকাতে দেয়া হয়েছে পাটকাঠি, রাখা হয়েছে কৃষিকাজে ব্যবহৃত যন্ত্র। জমেছে কাদার স্তূপ। খালের উপর কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু দীর্ঘ প্রায় দেড় বছর পড়ে থাকলেও চলাচলের জন্য সংযোগ সড়ক তৈরি করা হয়নি। এতে যানবাহন চলাচল করতে না পারায় প্রতিদিন হাজারো মানুষ পুরনো ঝুঁকিপূর্ণ সেতু দিয়েই চলাচল করছেন। ফলে যেমন বেড়েছে দুর্ভোগ, তেমনই বাড়ছে দুর্ঘটনা। এমন অবস্থা ঝিনাইদহের শৈলকুপার লাঙ্গলবাঁধ সড়কের পাইকপাড়া গ্রামের জিকে নেত খালের ওপর তৈরি সেতুটির। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, জমি অধিগ্রহণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। শিগগিরই সেতুটিতে সংযোগ সড়ক তৈরি করা হবে।

জানা গেছে, সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) প্রকল্পের আওতায় ১৭৪ কোটি টাকা ব্যয়ে ঝিনাইদহ থেকে মাগুরার ওয়াপদা মোড় পর্যন্ত প্রায় ২৭ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও মজবুতিকরণ করা হয়। এরমধ্যে ২০২৩ সালে শেখপাড়া-লাঙ্গলবাঁধ সড়ক এলাকায় ১২ কোটি টাকা ব্যয়ে ১০টি সেতু (কালভার্ট) নির্মাণ হয়।

শৈলকুপার মনোহরপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় সেচ খালের উপর কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় একটি সেতু। ঠিকাদারি প্রতিষ্ঠান যশোরের ময়নুদ্দীন বাশি লিমিটেড সেতুটি নির্মাণ করে। তবে নির্মাণ হয়নি সংযোগ সড়ক। সেতুটির সীমানা অন্যের ব্যক্তিমালিকানা জামিতে চলে যাওয়ায় তৈরির দেড় বছরেও হয়নি সংযোগ সড়ক। এতে প্রায় ৩০ বছর আগে তৈরি ছোট সেতু দিয়ে ঝুঁকি নিয়েই প্রতিদিন চলাচল করছেন হাজারো মানুষ।

সরেজমিন দেখা যায়, শৈলকুপা থেকে লাঙ্গলবাঁধ এলাকায় চলাচলের প্রধান সড়ক এটি। প্রতিদিন ভ্যান, সাইকেল, ইজিবাইক, মোটরসাইকেল, সিএনজি, ট্রাকসহ বিভিন্ন যানবাহন শেখপাড়া-লাঙ্গলবাঁধ সড়ক দিয়ে চলাচল করে। এসব যানবাহন পাইকপাড়া এলাকার পুরনো ছোট সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলছে। নতুন ব্রিজ প্রায় দেড় বছর তৈরি হয়ে পড়ে থাকলেও ব্যবহারের ব্যবস্থা করা হয়নি। সেতুটি ব্যবহার না করায় কৃষকরা সেতুটির উপর শুকাতে দিয়েছেন পাঠকাঠি, রাখা হয়েছে পাওয়ার টিলার। জমেছে ময়লা-আবর্জনার স্তূপ। এতে কোনো কাজেই আসছে না সেতুটি। ফলে ঝুঁকি নিয়ে পুরনো সেতু দিয়েই চলাচল করতে হচ্ছে। এতে দুর্ভোগ বাড়ার পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

স্থানীয়দের অভিযোগ, সেতুটি তৈরির সময় গড়মিলের কারণে এমনটি হয়েছে। দ্রুত সেতুটি ব্যবহারের উপযোগী করার দাবি তাদের। অন্যদিকে পথে চলাচলকারীরা বলছেন, দ্রুত সেতুটি দিয়ে চলাচলের ব্যবস্থা না করলে যে কোনো সময় যানবাহনের চাপে পুরনো সেতুটি ভেঙে যেতে পারে।

স্থানীয় আকমল হোসেন নামে এক ব্যক্তি বলেন, সেতুটি তৈরি হওয়ার পর থেকেই এক বছরের বেশি সময় ধরে পড়ে আছে। মানুষের চলাচলের জন্য তৈরি করা হলেও ব্যবহারের ব্যবস্থা নেই। এতে পুরনো সেতু দিয়েই চলাচল করতে হচ্ছে, যার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

হাসান নামে এক ব্যক্তি বলেন, সেতু উল্টো দিকে চলে গেছে। সামনের ঘরবাড়ি না সরালে চলাচল করা যাবে না। সেতুটির ডিজাইন করার সময় ঠিকমতো দেখে করলে এমনটি হতো না বলে দাবি তার।

ভ্যানচালক মোজ্জামেল বলেন, যাত্রী নিয়ে যাওয়ার সময় প্রায়ই ভ্যান উল্টে যাচ্ছে। নতুন সেতু থাকলেও পুরনো সেতু নিয়েই চলাচল করতে হচ্ছে। দ্রুত সেতুটি চলাচলের ব্যবস্থা চাই।

অটোভ্যানচালক রাশেদ বলেন, নতুন সেতু দিয়ে চলাচলের রাস্তা নেই। ঝুঁকি হলেও পুরনো সেতু দিয়েই চলাচল করেতে হচ্ছে। বছর ধরে পড়ে থাকলেও কারো কোনো মাথাব্যথা নেই। কী সমস্যা তা যারা করেছে তারাই ভালো জানে।

রায়হান ইসলাম নামে এক যাত্রী বলেন, ঝুঁকি নিয়ে গাড়িতে চড়ে পুরনো সেতু দিয়ে পার হতে হচ্ছে। কিছু তো করার নেই। নতুন সেতু কেন পড়ে আছে প্রশ্ন তুলে তিনি বলেন, সরকারের কোটি কোটি টাকা এভাবে নষ্ট হচ্ছে, অথচ সংশ্লিষ্ট দপ্তরের কোনো ব্যবস্থা নেই। এভাবে সাধারণ জনগণকে ভোগান্তিতে ফেলার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।

ঠিকাদারি প্রতিষ্ঠান ময়নুদ্দীন বাশি লিমিটেডের ম্যানেজার রেজাউল ইসলাম মুঠোফোনে বলেন, আমাদের দায়িত্ব ছিল সেতু তৈরি করে দেয়ার। আমরা তৈরি করে দিয়েছি। আমাদের কাজ শেষ, এখন যা করার কর্তৃপক্ষ করবে।

এ বিষয়ে কিনাইদহ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুর রহমান বলেন, সেতুটি আমরা পরিদর্শন করেছি। মূলত জমি অধিগ্রহণের কারণে সংযোগ সড়ক তৈরিতে সমস্যা হচ্ছে। ভূমি অধিগ্রহণের জন্য প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিগগিরই সংযোগ সড়ক তৈরি করা হবে।

এমএসএম / জামান

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি