ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

খানসামার আলোকঝাড়ী ভূমি অফিসে ঘুষের বাণিজ্য


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ৩১-৫-২০২৫ দুপুর ৩:৯

দিনাজপুরের খানসামা উপজেলার আলোকঝাড়ী ইউনিয়ন ভূমি অফিসে সাধারণ ভূমি মালিকদের কাছ থেকে ঘুষের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায়ের ভয়াবহ চিত্র উঠে এসেছে। অনলাইনে প্রদর্শিত ভূমি উন্নয়ন করের পরিমাণের সঙ্গে বাস্তব অফিসে গিয়ে জানানো টাকার অমিল শুধু নয়, অভিযোগ রয়েছে—ঘুষ না দিলে হয়রানি এবং ফাইল আটকে রাখার হুমকিও দেওয়া হয়।

গত বুধবার (২৮ মে) দিনাজপুরের খানসামা উপজেলার বাসুলী মৌজার ১৮৬৭ নম্বর খতিয়ান ও ১৮৭০ নম্বর হোল্ডিং-এর অনলাইন যাচাইয়ে দেখা যায়, ভূমি উন্নয়ন কর বকেয়া মাত্র ৪০ টাকা। কিন্তু পরদিন বৃহস্পতিবার (২৯ মে) সকালে ভূমি মালিক সরাসরি আলোকঝাড়ী ইউনিয়ন ভূমি অফিসে গেলে দাবি করা হয়, কর ১০,১৩৬ টাকা।

এ নিয়ে অনুসন্ধানে নামে একজন সাংবাদিক।ছদ্মবেশে ভূমি মালিক পরিচয়ে সহকারী ভূমি কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিক-এর সঙ্গে যোগাযোগ করলে আলোচনার ভিত্তিতে ৮ হাজার টাকার ঘুষে চুক্তি হয়।সেই টাকা দেওয়ার পরে হঠাৎ করেই করের পরিমাণ কমে দাঁড়ায় ৩,২৬৪ টাকা!

উপজেলার বাসুলী মৌজার ১৩৭৭ নম্বর খতিয়ান ও ১৪৫৯ নম্বর হোল্ডিং-এর মালিক ইয়াকুব আলী, মিজানুর রহমান ও হাবিবুর রহমান অভিযোগ করেন—তারা ২০২৩-২৪ অর্থবছরের খাজনা পরিশোধ করেও অনলাইনে দেখায় বকেয়া মাত্র ৫০ টাকা। কিন্তু অফিসে জানানো হয়, তাদের সর্বশেষ পরিশোধ হয়েছিল ২০১৬-১৭ অর্থবছরে।এতে ৮ বছরের বকেয়ার অজুহাতে দাবি করা হয় ২,০০৮ টাকা। এ বিষয়ে মিজানুর রহমান বলেন,“এই অফিসে ঘুষ না দিলে শান্তিতে খাজনাও দেওয়া যায় না। আমাদের সঙ্গে রীতিমতো দুর্ব্যবহার করা হয়েছে।”অন্য এক ভূমি মালিক সুজন ইসলাম জানান,“অনলাইনে কর দেখাচ্ছিল ৬০ টাকা, কিন্তু অফিসে গিয়ে জানায় ৩ হাজার না দিলে ফাইল হবে না। বাধ্য হয়ে টাকা দিই। পরে দেখি, খাজনার দুইটা চেক দিয়েছে ১৫০ টাকা করে, মোট ৩০০ টাকা। অথচ ৪ হাজার টাকা নিয়েছে আমার কাছ থেকে!” তিনি আরও বলেন,“এটা সোজাসাপ্টা চাঁদাবাজি, সরকার যেখানে ডিজিটাল সেবার কথা বলে, সেখানে অফিসে এসে ৬০ টাকার জায়গায় ৪ হাজার টাকা দিতে হয়!”ভূমি ডিজিটাল সেবার উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের হয়রানি রোধ ও ঘুষমুক্ত প্রক্রিয়া নিশ্চিত করা।কিন্তু আলোকঝাড়ী ইউনিয়ন ভূমি অফিসের এই অভিযোগগুলো ডিজিটাল উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করেছে। এই ঘটনা শুধু একটি অফিস নয়, বরং গোটা প্রশাসনিক ব্যবস্থার ওপর মানুষের আস্থাকে নড়বড়ে করে তুলছে।

একটি দেশের নাগরিক যখন অনলাইনে নিজের খাজনার হিসাব দেখে নিশ্চিন্ত হয়, তখন সেই তথ্য যদি স্থানীয় কর্মকর্তার মর্জিতে বদলে যায় এবং ঘুষ দিয়ে সেটা ঠিক করতে হয়—তাহলে সেটাকে আর প্রশাসনিক ভুল বলা যায় না, সেটা পরিকল্পিত দুর্নীতি। ভূক্তভোগীরা এই দুর্নীতির বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন। এলাকাবাসীর ভাষায়,“ঘুষ ছাড়া খাজনা দেওয়া যায় না—এ কেমন প্রশাসন?” তারা সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসক, দুর্নীতি দমন কমিশন এবং ভূমি মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন।

এই ব্যাপারে অভিযুক্ত সহকারী ভূমি কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিক-এর সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে তিনি ঘুষ গ্রহণের অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন।

তিনি বলেন, “অনলাইনে সবসময় সঠিক তথ্য পাওয়া যায় না। অনেক সময় অফিস থেকে ভেরিফাই করতে হয়। ঘুষ নেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।”এই প্রসঙ্গে খানসামা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান সরকার বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। কেউ সুনির্দিষ্টভাবে অভিযোগ দিলে আমরা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। ভূমি অফিসে হয়রানি বন্ধে আমরা বদ্ধপরিকর।”

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন

কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি

কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর

আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার

চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া

সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন

নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ

অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ

দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত-২