শার্শার অদম্য দৃষ্টিহীন আরিফার স্বপ্ন ডাক্তার হওয়া
এক চোখে কোনো দৃষ্টিই নেই, আরেক চোখে সামান্য আলো ছায়া। জীবনের শুরু থেকেই অন্ধকার তবুও দারিদ্র্য, প্রতিবন্ধকতা আর সামাজিক বাধা পেরিয়ে একের পর এক অর্জন তার ঝুলিতে। নিজের ভবিষ্যৎ গড়ার লড়াইয়ে প্রতিদিন নতুন করে পথ তৈরি করছেন যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের দিঘা গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী কিশোরী আরিফা। জন্মগত দৃষ্টিহীনতা সত্ত্বেও এ বছরের এসএসসি পরীক্ষায় তিনি পেয়েছেন জিপিএ-৫। এর আগে পিএসসিতেও অর্জন করেছিলেন সর্বোচ্চ জিপিএ। অদম্য আরিফার স্বপ্ন চিকিৎসক হওয়ার।
নুন আনতে পান্তা ফুরানো ভাঙাচোরা মাটির ঘরে জন্মানো অদম্য অফিফার। ঘরের দেওয়ালে ফাটল, টিনের চাল দিয়ে পানি পড়ে ভেতরে, নেই ফ্যান, নেই পড়ার টেবিল। নূন্যতম পরিবেশও নেই পড়াশোনার । তবুও সেই ভেজা ঘরেই কেরোসিনের বাতির আলোয় রাত জেগে পড়ে আরিফা। চোখে আলো নেই, তবুও মন থেকে আলো হারায়নি কখনও।
আরিফার বাবা সোহারাব হোসেন পেশায় ভ্যানচালক। প্রতিদিনের খাটুনি শেষে আয় দাঁড়ায় দুই-তিন শ টাকা। সেই টাকায় চলে পাঁচজনের সংসার। মেয়ের পথে পথের কাঁটা সরাতে তিনি এক মুহূর্ত থেমে নেই। বলেন, মেয়ে এক চোখে কিছুই দেখে না, আরেক চোখেও খুব কম দেখে। তারপরও ওর ইচ্ছা আর পরিশ্রম দেখে আমি হাল ছাড়তে পারি না। ডাক্তার হবে এই স্বপ্নেই বেঁচে আছি।
দৃষ্টিপ্রতিবন্ধী আরিফার শৈশব ছিল কষ্টে ভরা। অভাবের কারণে চিকিৎসা করানো সম্ভব হয়নি। ফলে পরিস্থিতি আরো জটিল হয়। স্কুলে যাতায়াতও ছিল প্রতিদিন যুদ্ধ। বাড়ি থেকে ২ কিলোমিটার দূরে চালিতাবাড়িয়া হাইস্কুলে যেতে তাকে প্রতিদিন একাধিকবার রাস্তা পার হতে হতো। সামান্য দেখার ক্ষমতা থাকায় দুর্ঘটনার ঝুঁঁকিও ছিল বেশি। তবুও নিয়মিত স্কুলে গেছেন, একদিনও পিছিয়ে পড়েননি। এসএসসি পাস করার পর এবার তিনি ভর্তি হয়েছেন কলারোয়া সরকারি কলেজে বিজ্ঞান বিভাগে। বাড়ি থেকে কলেজের দূরত্ব ১৮ কিলোমিটার। প্রতিদিন যাতায়াত খরচ প্রায় ১০০ টাকা।
আরিফা জানান, যাতাযাত খরচের কারনে ক্লাস করতে যেতে পারেননি। শুরু হয়েছে এইচএসসির ক্লাস কিন্তু বইগুলো এখনও কেনা হয়নি। সহপাঠীদের কাছ থেকে ধার নিয়ে পড়ছেন তিনি। নিজের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী আরিফা। কিন্তু পরিবারের অনিশ্চিত অর্থনৈতিক অবস্থাই তার সবচেয়ে বড় ভরসাহীনতা। চোখের কোণে পানি জমিয়ে বলেন, এক চোখে কিছুই দেখি না, আরেক চোখে খুব কম দেখি। তবুও আমি পড়তে চাই, ডাক্তার হতে চাই। বাবা কত দিন পারবেন জানি না। সরকার আর সমাজের সহায়তা চাই আমার স্বপ্ন যেন মাঝপথে থেমে না যায়।
আরিফার মা ফিরোজা খাতুন বলেন, মেয়ের প্রতি মাসে এক হাজার টাকার ওষুধ লাগে। দারিদ্র্যের কারণে বেশিরভাগ সময়ই কিনতে পারি না। নিজের খাবারের চেয়ে মেয়ের পড়াশোনাটা চালিয়ে নেওয়াটাই আমাদের কাছে বড়। পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে প্রায়ই না খেয়ে দিন কাটাতে হয়। তবুও মেয়ের পড়াশোনায় যেন বাধা না আসে সেই চেষ্টাই করে যাচ্ছি।
কায়বার প্রাক্তন প্রফেসর আবদুল মাজেদ বলেন, আরিফা অত্যন্ত ভদ্র ও মেধাবী। দৃষ্টিশক্তি নেই, তবুও প্রতিটি পরীক্ষা দিয়েছে নিজের প্রচেষ্টায়। ইউনিট টেস্ট থেকে বোর্ড পরীক্ষা সব জায়গায়ই নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছে। তার বাবা দিনরাত ভ্যান চালান শুধু মেয়ের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে। এই পরিবারটিকে সরকারি সহায়তা পাওয়া জরুরি।
স্থানীয়রা জানান, আরিফার আগে চোখের চিকিৎসা করানো দরকার। মেধাবী এই শিক্ষার্থীর স্বপ্ন পূরনে সমাজের সকল শ্রেনীর মানুষের এগিয়ে আসার দাবি জানান।
শার্শা উপজেলা প্রশাসক কাজী নাজিব হাসান আশ্বাস দিয়ে বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী হয়েও আরিফার এমন অসাধারণ সাফল্য সত্যিই অনুকরণীয়। দারিদ্র্য ও শারীরিক সীমাবদ্ধতাকে উপেক্ষা করে যে দৃঢ়তার সঙ্গে সে এগিয়ে যাচ্ছে, তা আমাদের সবাইকে অনুপ্রাণিত করে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরিফার শিক্ষাজীবনে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। আমরা চাই এ ধরনের মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন কোনো বাঁধায় থেমে না যাক। দৃষ্টি না থাকলেও দৃঢ় সংকল্প আর মেধা দিয়ে হাজারো বাধা পেরিয়ে এগিয়ে চলছেন আরিফা। সমাজ ও রাষ্ট্রের সহযোগিতা পেলে এই অদম্য কিশোরী হয়তো একদিন সত্যিই দাঁড়াবেন সাদা এপ্রোন পরে মানুষের সেবায় নিবেদিত একজন ডাক্তার হিসেবে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণায় জেলা প্রশাসক পরীক্ষার্থীদের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন- সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের নির্দেশনা
বাঁশখালীতে গভীর রাতে প্রশাসনের অভিযান, বালুভর্তি ১ মিনি (ড্যাম্পার) জব্দ
শ্যামনগরে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন: “সুমাইয়া বন্যা আমাদের কেউ নন, অপপ্রচারের তীব্র নিন্দা”
শরণখোলায় বাণিজ্যিকভাবে বিষমুক্ত তেল উৎপাদন শুরু
শ্রীপুরে থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ চারজন গ্রেফতার
তিস্তার চরে বাম্পার ফলন, তবুও হতাশ কৃষক : শিলাবৃষ্টি ও দরপতনে কোটি টাকার ক্ষতি
সুন্দরগঞ্জের চন্ডিপুর ফজলুল হক উচ্চ বিদ্যালয় ও কলেজে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন
ফরিদগঞ্জে সবুজ মাঠে ধুলছে কৃষকের স্বপ্ন
লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
কারাগারে বসেই এসএসসি পরিক্ষা দিল নোয়াখালীর রাজন
পূর্বধলায় পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে উপজেলা ছাত্রদল; পানি, স্যালাইন ও শিক্ষা উপকরণ বিতরণ
ধামইরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত