ঈদকে ঘিরে জমজমাট বারহাট্টার ঈদ বাজার
'ঈদ মানেই আনন্দ, উৎসব আর নতুন পোশাকের উচ্ছ্বাস।' আর সেই উচ্ছ্বাসকে আরও বাড়িয়ে দিতে পরিবার-পরিজন ও স্বজনদের জন্য নতুন পোশাক কিনতে বিভিন্ন মার্কেটে ভিড় করছেন ক্রেতারা। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বারহাট্টায় পুরোপুরি জমে উঠেছে ঈদ বাজার।
ঈদের বাকি হাতে গোনা আর মাত্র কয়েকদিন। দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে শহর ও গ্রাম্য বাজারের বড় বিপণিবিতানের পাশাপাশি ছোট ছোট মার্কেটে বাড়ছে মানুষের পদচারণা। রঙ-বেরঙের পোশাকের সমাহারে দোকান সাজিয়ে তুলেছেন ব্যবসায়ীরা। রমজানের মাঝামাঝি সময়েই বাজারে বেড়েছে ক্রেতাদের ভিড়, জমে উঠেছে বেচাকেনা। বেড়েছে দরদাম আর পছন্দের পোশাক খোঁজার ব্যস্ততা। সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন ক্রেতা-বিক্রেতারা। কেনাকাটায় ছন্দ ফিরে আসায় খুশি ক্রেতা ও বিক্রেতারা। পোশাকের দোকানের পাশাপাশি জুতা ও কসমেটিকসের দোকানগুলোতেও ক্রেতাদের কমতি নেই।
সরেজমিনে উপজেলা সদরের গোপালপুর ও আসমা বাজারের বিভিন্ন বিপণী বিতান, তৈরি পোশাকের (গার্মের্ন্টস পণ্য) দোকান এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভিত্তিক বাজারের ছোট-বড় দোকান ঘুরে দেখা গেছে, ক্রেতারা দোকানে দোকানে ঘুরে পোশাক দেখছেন এবং দরদাম করে পছন্দের পোশাক কিনে নিচ্ছেন। কেনাকাটায় পুরুষদের তুলনায় নারীদের উপস্থিতিই বেশি। কাপড়ের দোকানগুলোতে শোভা পাচ্ছে বাহারি নকশার থ্রি-পিস, শাড়ি ও তৈরি পোশাকের দোকানগুলোতে পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, প্যান্ট ও শিশুদের নানা ধরনের পোশাক। তবে গত কয়েক বছরের তুলনায় এবছর পোশাকের দাম কিছুটা বেশি বলে অভিযোগ করছেন অনেক ক্রেতা। অপর দিকে দর্জিপাড়ায় কাপড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। দিন-রাত নিরলস ভাবে কাজ করছেন তারা।
উপজেলা সদরের গোপালপুর বাজার ও আসমা বাজারের কয়েকজন বিক্রেতার সাথে কথা বললে তারা বলেন, ঈদ উপলক্ষে প্রতি বছরেই বাজারে নতুন নতুন ডিজাইনের পোশাক আসে এবং এ সময় বিক্রিও বেশি হয়। আমরা দোকানে পর্যাপ্ত পরিমাণে নতুন ডিজাইনের মালামাল সাজিয়ে রেখেছি।
তারা জানান, গত বছরের তুলনায় এবছর বিক্রি কিছুটা বেড়েছে। বিশেষ করে নারী ও শিশুদের পোশাকের চাহিদাই বেশি। নতুন ডিজাইন ও সাশ্রয়ী দামের কারণে ক্রেতারা আগ্রহ দেখাচ্ছেন। তবে পাইকারি বাজারে কাপড়ের দাম কিছুটা বাড়ায় খুচরা বাজারেও তার প্রভাব পড়েছে বলে জানান তারা।
গোপালপুর বাজারে ঈদের পোশাক কিনতে আসা দিলরুবা আঞ্জুমান জানান, গতবারের তুলনায় এবার কাপড়ের দাম একটু বেশি। তিনটি থ্রি-পিস নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বেশি দামের কারণে দুইটি নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে। আরেক ক্রেতা মাইনুল হক জানান, বড়দের তুলনায় বাচ্চাদের পোশাকের দাম অনেক বেশি। বাজেট সীমিত হলেও ঈদ বলে কথা। সবকিছু সামলে নিয়েই কেনাকাটা করতে হচ্ছে।
পরিবারের জন্য কেনাকাটা শেষ করে বাড়ি ফেরার পথে কথা হয় নাদিরা বেগম, নার্গিস আক্তার, পপি আঞ্জুমানসহ কয়েকজন নারী ক্রেতার সাথে তারা বলেন, পরিবারের সবার জন্য ঈদের পোশাক কেনা হয়েছে। আত্মীয়-স্বজন যারা আছে তাদের জন্যও নতুন ড্রেস নিয়েছি। মার্কেটে অনেক নতুন ডিজাইনের পোশাক এসেছে। কোনটা ছেড়ে কোনটা নেওয়া হবে তা নির্বাচন করতে কষ্ট হয়ে যায়।
পোশাকের দোকান ছাড়াও কসমেটিকস্ ও গহনার দোকানগুলোতেও ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। অনেকেই পোশাকের সঙ্গে মিলিয়ে গহনা ও প্রসাধনী কিনছেন। বিশেষ করে তরুণ-তরুণীদের মধ্যে এসব পণ্যের চাহিদা বেশি লক্ষ্য করা গেছে। তবে এখানেও বেশি দাম নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন কয়েকজন ক্রেতা।
উপজেলা সদরের বর্ষা বস্ত্র বিতানের বিক্রেতা লিটন দও, হাসিব বস্ত্রালয়ের আব্দুল গনি, খান বস্ত্রালয়ের টিটু খান, অসীম বস্ত্রালয়ের জ্যোতিষ পালের সাথে কথা বললে তারা জানান, রমজানের শুরুতে বিক্রি কম ছিল। কিন্তু পনেরো রোজার পর থেকে প্রতিদিনই ভাল বিক্রি হচ্ছে। ক্রেতারা পরিবারের সবার জন্য একসঙ্গে কেনাকাটা করছেন। ঈদের আগের চলতি সপ্তাহে বিক্রি সবচেয়ে বেশি হবে বলে তাদের প্রত্যাশা।
তারা বলেন, আমাদের ঈদ কালেকশনের তালিকায় এমব্রয়ডারি থ্রি-পিস ছয়শত টাকা থেকে শুরু করে এক হাজার ৫০০ টাকা দামের আছে। টাঙ্গাইল শাড়ি আটশত টাকা থেকে এক হাজার ৭০০ টাকা, জামদানী এক হাজার টাকা থেকে দুই হাজার ৫০০ টাকা, কাতান এক হাজার ৫০০ টাকা থেকে দশ হাজার টাকা দামের রয়েছে। বর্তমান বাজারে সব ধরনের নিত্যপণ্যের দাম বেড়েছে। শাড়ি, থ্রি-পিস, ছিট কাপড় সব কিছুরই দাম বেড়েছে। গত বছরের তুলনায় এ বছর বিক্রি কম হচ্ছে ঠিকই কিন্তু একেবারে যে বিক্রি হচ্ছে না তা কিন্তু নয়। আমাদের হাতে আরও এক সপ্তাহ সময় রয়েছে। দিন ভালো থাকলে আশা করছি আরও ভালো বিক্রি হবে।
উপজেলা সদরের গোপালপুর বাজারের জননী গার্মেন্টসের স্বত্বাধিকারী পলাশ মোল্লা, খান গার্মেন্টসের টিটু খান, ভাই ভাই গার্মেন্টসের রুবেল মিয়া জানান, ঈদকে ঘিরে আমরা বিভিন্ন ধরনের নতুন পোশাকের কালেকশন রেখেছি। যেমন- রেডিমেড থ্রি-পিস বিক্রি হচ্ছে এক হাজার ৫০০ টাকা থেকে চার হাজার টাকা পর্যন্ত, গারারা দুই হাজার ৫০০ টাকা থেকে পাঁচ হাজার ৫০০ টাকা, সারারা দুই হাজার থেকে তিন হাজার ৫০০ টাকা দামে। এছাড়াও ছোটমনিদের জন্য রয়েছে প্লাজু, স্কার্ট, পরি-ড্রেস, কামিজ। এগুলো ১০০০ টাকা থেকে ২০০০ টাকা পর্যন্ত দামের রয়েছে। গত তিন-চার দিন বিক্রি ভালোই হয়েছে। আশা করি ঈদের আগে বিক্রি আরও বেশি হবে।
অপরদিকে ঈদকে ঘিরে স্থানীয় দর্জিদের কাজের চাপও বেড়েছে। অনেকে রেডিমেড না নিয়ে কাপড় কিনে নিজেদের পছন্দমত পোশাক তৈরি করছেন। ফলে কাপড়ের দোকানের পাশাপাশি টেইলার্সগুলোতেও কাজের চাপ বেড়েছে। দর্জি শহীদুল আকন্দ, স্বদেশ সরকার, সোহেল ইসলাম বলেন, ঈদের আগে চাপ তো থাকেই। কিন্তু এবার চাপটা বেশি। কর্মচারীদের ওভারটাইম দিতে হচ্ছে। বিদ্যুৎ বিল বেড়েছে। সুতা-আনুষঙ্গিক জিনিসের দামও বেড়েছে। তাই মজুরি না বাড়িয়ে উপায় ছিল না।
বড় বড় মার্কেট, বিপণী বিতানের মতোই ফুটপাতেও চলছে জমজমাট বেচাকেনা চলছে জানিয়ে কয়েকজন কাপড় বিক্রেতা বলেন, মার্কেটের জিনিস আর আমাদের জিনিসের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। আমাদের দোকান ভাড়া লাগে না। তাই আমাদের এখানে মালামালের দাম অনেক কম। রোজা শুরু থেকেই ভালো বিক্রি হচ্ছে। ঈদের সময় যত ঘনিয়ে আসছে ক্রেতাদের ভিড় বাড়ছে এবং বিক্রিও ভালো হচ্ছে। একই চিত্র রয়েছে শহরতলীর বাজারগুলোতে, শহরতলীসহ গ্রামের হাট-বাজারগুলোতে নিম্ন ও মধ্যবিত্ত লোকজন ভিড় করছে, শহড়তলীসহ গ্রামের হাট বাজারগুলোতে স্বল্পদামে ঈদের কেনাকাটা করতে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ জিনিয়া জামান বলেন, উপজেলা সদরের দোকানগুলোতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত কেনাকাটা চলছে। কেনাকেটা নির্বিঘ্ন ও ক্রেতাদের নিরাপত্তা দিতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর
ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি এডভোকেট হেদায়েত-উল হকের বাড়িতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রৌমারীতে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে মানববন্ধন
ঘিওর- বানিয়াজুরী -তাড়াইল বেড়িবাঁধ সড়কে সেতুটির নির্মান কাজ স্থবিরতা লোকজনের দুর্ভোগ চরমে
শিকড় হারিয়ে নিঃস্ব বিষখালী পাড়ের মানুষ: ভাঙন রোধ ও দখল-দূষণমুক্ত নদী গড়ার দাবি
হাটহাজারীতে সড়ক পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন, যাকাত ফান্ডের চেক ও ভিজিএফ চাল বিতরণ
ঝিনাইদহে জামায়াতের হামলায় বিএনপি নেতা খুন; লাশ নিয়ে বিক্ষোভ মিছিল
সিংড়ায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
কুতুবদিয়ায় অতিরিক্ত দামে জ্বালানী তেল বিক্রির অভিযোগ
ভূরুঙ্গামারীতে ভিজিএফের চাল পেলেন হাজার হাজার অসহায় পরিবার
বিচারহীনতার ১০ বছর: মায়ের পেটে থাকা সন্তান চাইলেন বাবা হত্যার বিচার