ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

বান্দরবানের থানচির রেমাক্রীর ১৫ গ্রামে নেই বিশুদ্ধ পানি


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১৫-৩-২০২৬ দুপুর ২:১৩

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রেমাক্রী ইউনিয়নে বিশুদ্ধ পানির তীব্র সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে সীমান্তবর্তী পাহাড়ি পল্লীর জনজীবন। শুষ্ক মৌসুম শুরু হতে না হতেই পানির জন্য হাহাকার দেখা দিয়েছে অন্তত ১৫টি গ্রামের হাজারো মানুষের মাঝে। নিরাপদ উৎসের অভাবে বাধ্য হয়ে সাঙ্গু নদীর তীরে বালু খুঁড়ে গর্তের পানি পান করছেন স্থানীয়রা, যার ফলে বাড়ছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি।

​বর্ষা মৌসুমে পাহাড়ি ঝিরি ও ঝর্ণার ওপর নির্ভর করতে পারলেও, শুষ্ক মৌসুমে রেমাক্রীর বিস্তৃত এলাকার পানির উৎসগুলো শুকিয়ে যায়। দুর্গমতা ও নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়ার সুযোগে বছরের পর বছর উন্নয়ন পরিকল্পনার বাইরে রয়ে গেছে এই এলাকাগুলো।

​ভুক্তভোগী গ্রামগুলোর মধ্যে রয়েছে, ​হুকু খুমী পাড়া, সাখয়উ পাড়া, খেসাপ্রু পাড়া, ক্যমং হেডম্যান পাড়া, রুংসোলা পাড়া, মতি ত্রিপুরা পাড়া, চাইশৈউ পাড়া, ঙাসালাং পাড়া, উষাথোয়াই পাড়া, বাসিংঅং পাড়া, য়ংনং পাড়া, ক্রাহ্লাঅং পাড়া, অতিরাং পাড়া, অংহ্লা খুমী পাড়া ও জগৎচন্দ্র পাড়া।

​স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্বাধীনতার ৫ দশক পেরিয়ে গেলেও সীমান্তবর্তী এই গ্রামগুলোতে কোনো গভীর বা অগভীর নলকূপ স্থাপন করা হয়নি। পানির জন্য দৈনিক ২-৩ কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দিয়ে নদী বা ঝিরিতে যেতে হয়।

​স্থানীয় বাসিন্দা শান্তিরানী ত্রিপুরা ও ডানিয়াল খ্যাং জানান, "এখানে বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা নেই। নদীর তীরে গর্ত করে যে ঘোলা পানি পাওয়া যায়, তা-ই আমরা পান করি। পেটের অসুখ এখন আমাদের নিত্যসঙ্গী।"

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, ​"গর্তের এই অপরিশোধিত পানি পান করার ফলে ডায়রিয়া, টাইফয়েড ও জন্ডিসের মতো পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা চরম ঝুঁকিতে রয়েছেন।"

​যোগাযোগ ও ভৌগোলিক প্রতিকূলতাকে এই সংকটের মূল কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) স্বপন চাকমা জানান, দুর্গম পাহাড়ে গভীর নলকূপ স্থাপন প্রযুক্তিগতভাবে চ্যালেঞ্জিং। তবে পর্যাপ্ত বরাদ্দ পেলে এবং সম্ভাব্যতা যাচাই সাপেক্ষে পাইপলাইনে পানি সরবরাহের মাধ্যমে জিপিএস প্রযুক্তির ব্যবহার করে টেকসই সমাধানের পরিকল্পনা করা যেতে পারে।

​নেটওয়ার্কবিহীন এই জনপদে চিকিৎসা ও পানির মতো মৌলিক অধিকার নিশ্চিত করতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করছেন ভুক্তভোগী এলাকাবাসী।

এমএসএম / এমএসএম

লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু

মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার

রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা

যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন

নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত

রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার

উল্লাপাড়ায় পানি সরবরাহ শুরুর আগেই পানির মিটার চুরি, শঙ্কায় গ্রাহক