বৃষ্টিতে চা গাছে কুঁড়ির সমারোহ
শীতের শেষে বসন্তের মাঝামাঝি সময়ে প্রথম বৃষ্টির ছোঁয়ায় নতুন প্রাণ ফিরে পেয়েছে চা গাছ। তিন মাস গাছে প্রুনিং (ছাঁটাই) শেষে বৃষ্টির স্পর্শে নতুন কুঁড়ি ফুটে উঠেছে, ফিরেছে সবুজের সমারোহ। আর সেই বৃষ্টিস্নাত পরিবেশেই মৌলভীবাজারের বিভিন্ন চা বাগানে শুরু হয়েছে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ মৌসুমের প্রথম ধাপের চা পাতা চয়ন।
প্রথম বৃষ্টির পর কচি পাতার সুবাসে ভরে উঠেছে বাগানগুলো। শ্রমিকদের মুখেও এখন খুশির হাসি। সরেজমিনে জেলার ভাড়াউড়া, জেরিন, ফুলছড়া, কালিঘাটসহ বিভিন্ন চা বাগান ঘুরে দেখা যায়, আগাম বৃষ্টির ছোঁয়ায় চা গাছগুলো আবার সতেজ হয়ে উঠেছে।
এই বৃষ্টিকে ঘিরে জেলার রাজনগর, হরিনছড়া, মাধবপুর, দিলদারপুর, ভুড়ভুড়িয়া, মৌলভী, রাজঘাট ও হোসেনাবাদসহ বিভিন্ন চা বাগানে তৈরি হয়েছে নতুন উদ্দীপনা ও কর্মব্যস্ততা। বৃষ্টির পরপরই বাগানজুড়ে শুরু হয়েছে মৌসুমের প্রথম পাতা চয়ন কার্যক্রম।
চা বিশেষজ্ঞদের মতে, প্রথম বৃষ্টির পর চা গাছে যে কচি পাতাগুলো গজায় সেগুলোকে বলা হয় ‘ফার্স্ট ফ্লাশ’ বা প্রথম ধাপের চা পাতা। এসব পাতা তুলনামূলক কোমল ও সুগন্ধি হওয়ায় এর মানও বেশি হয়। এই পাতায় স্বাদ ও ঘ্রাণের বিশেষ বৈশিষ্ট্য থাকে, যা চা প্রেমীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়।
জেলার রাজনগর চা বাগানে ভোরের আলো ফুটতেই শ্রমিকরা বাগানে নেমে পড়েন আনুষ্ঠানিক পাতা চয়নে। সাধারণত একটি কুঁড়ি ও দুটি পাতা ‘টু লিভস অ্যান্ড এ বাড’ নিয়মে পাতা তোলা হয়, যাতে চায়ের গুণগত মান অক্ষুণ্ণ থাকে। দক্ষ হাতে সারি সারি সবুজ গাছ থেকে কচি পাতাগুলো সংগ্রহ করেন শ্রমিকেরা।
চা বাগান সংশ্লিষ্টরা জানান, প্রথম বৃষ্টির পানিতে চা গাছ দ্রুত সতেজ হয়ে ওঠে। ফলে নতুন কুঁড়ি দ্রুত বের হয় এবং উৎপাদন বাড়ার সম্ভাবনাও তৈরি হয়। এ সময় সংগ্রহ করা চা পাতা দিয়ে তৈরি চায়ের স্বাদ ও সুগন্ধ বাজারে আলাদা গুরুত্ব পায়।
রাজনগর চা বাগানের ব্যবস্থাপক শিহাব উদ্দিন চৌধুরী বলেন, 'বাংলাদেশের চা শিল্পে এই মৌসুমের চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলের চা বাগান—মৌলভীবাজার, শ্রীমঙ্গল ও সিলেট অঞ্চলে প্রথম বৃষ্টিস্নাত পাতা চয়নকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।”
তিনি আরও বলেন, “প্রথম বৃষ্টির পর পাতা চয়ন শুরু হওয়াকে আমরা শুভ লক্ষণ হিসেবে দেখি। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে চায়ের উৎপাদন ভালো হওয়ার আশা করছি।'
জেরিন চা বাগানের নারী শ্রমিক রিতা বোনার্জী বলেন, 'প্রথম বৃষ্টির এই স্নিগ্ধতায় নতুন মৌসুমের চা উৎপাদনের পথচলা শুরু হয়। আমরা চা গাছগুলোকে সন্তানের মতো লালন-পালন করি।'
ইস্পাহানি জেরিন চা বাগানের উপমহাব্যবস্থাপক সেলিম রেজা বলেন, 'শীত শুরুর পর থেকেই আমরা কৃত্রিমভাবে চা গাছে পানির ব্যবস্থা করছিলাম। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় গাছগুলো কিছুটা রুক্ষ হয়ে পড়েছিল। তবে হঠাৎ বৃষ্টিতে গাছগুলো আবার সজীব হয়ে উঠেছে।'
তিনি আরও বলেন, 'নতুন চারা ও প্রুনিং করা গাছগুলোর জন্য এই বৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ। আগাম বৃষ্টির কারণে দ্রুত পাতা ও কুঁড়ি বের হবে এবং আমরা দ্রুত পাতা সংগ্রহ শুরু করতে পারব। এতে এবারের উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছি।'
বাংলাদেশীয় চা সংসদের (বিসিএস) সিলেট অঞ্চলের চেয়ারম্যান ও ফিনলে চা ভাড়াউড়া ডিভিশনের মহাব্যবস্থাপক গোলাম মোহাম্মদ শিবলী বলেন, 'বৃষ্টির কারণে চা বাগানগুলোতে আবার সজীবতা ফিরে এসেছে। বিশেষ করে নতুন চা গাছ এবং প্রুনিং করা গাছগুলোর জন্য এই বৃষ্টি খুবই উপকারী।'
তিনি জানান, ইতোমধ্যে অনেক গাছে নতুন কুঁড়ি দেখা যাচ্ছে। পর্যাপ্ত বৃষ্টি হলে খুব দ্রুত পাতা চয়ন ও চা প্রক্রিয়াজাতকরণ শুরু করা সম্ভব হবে। এতে চলতি বছরে চা উৎপাদন বাড়ার সম্ভাবনাও রয়েছে।
এদিকে রাজনগর ও জেরিন চা বাগানে নতুন মৌসুম উপলক্ষে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। বাগানের ইমাম ও পুরোহিত একযোগে প্রার্থনা পরিচালনা করেন। একই সঙ্গে গত বছরের শ্রেষ্ঠ পাতা চয়নকারী ছয়জন শ্রমিককে পুরস্কৃত করে বাগান কর্তৃপক্ষ।
চা শিল্প সংশ্লিষ্টরা জানান, প্রতি বছর ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত শুকনো মৌসুমে চা পাতা উত্তোলন বন্ধ থাকে। এ সময় চা গাছের ছাঁটাই, সেচ ও অন্যান্য পরিচর্যার কাজ করা হয়। বসন্তের প্রথম বৃষ্টির সঙ্গে সঙ্গে আবার শুরু হয় নতুন মৌসুমের চা উৎপাদনের ব্যস্ততা।
তাদের মতে, আগাম ও পরিমিত বৃষ্টিপাত চা উৎপাদনের জন্য আশীর্বাদস্বরূপ। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছর চা উৎপাদনে ইতিবাচক প্রবণতা দেখা যেতে পারে।
এমএসএম / এমএসএম
বেশি দামে তেল বিক্রি করাই ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা
ঠাকুরগাঁওয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ১২টি বাড়ি দখলের চেষ্টা
বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
খালিয়াজুরীতে ইয়াবাসহ আটক ৩
যশোরে গাঁজা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড
শিবচরে অগ্নিকাণ্ডে কৃষকের দুটি গরু পুড়ে ছাই
ইউএনও’র ঈদ উপহার পেলেন দুই হাতবিহীন সেই ছাকিনা বেগম
রৌমারীতে সাড়ে ১২ কেজি গাঁজাসহ দুই যুবক আটক
রায়গঞ্জে এএসআইকে লাঠিপেটা, দুজন গ্রেপ্তার
বৃষ্টিতে চা গাছে কুঁড়ির সমারোহ
মান্দায় রফিকুল হত্যার ১১দিন পেরিলেও গ্রেফতার হয়নি কোন আসামী
বাঘায় সুন্দরী নারীর ছবি দিয়ে ফেসবুক খুলে প্রতারণা, তিন হ্যাকার গ্রেফতার
কারখানার বর্জ্যে দূষিত ফুলজোড় নদী, পরিদর্শনে বাপা
Link Copied